এ মুহূর্তে নতুন উইকেটরক্ষক চাই: ওয়াকার
পাকিস্তান দলে এ মুহূর্তে উইকেটরক্ষকের স্থানটি সবচেয়ে সমস্যা-সংকুল। বিশ্বকাপে কামরান আকমলের অনির্বচনীয় ব্যর্থতা, তাঁর ক্যারিয়ারকে ইতিমধ্যেই বিরাট এক প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ক্যাচ ফেলে কামরান আকমল এখন আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত। কোচ ওয়াকার ইউনুস নিজেও বুঝতে পারছেন, কামরানকে আর একটি ম্যাচেও খেলালে তোপ ঘুরে যাবে খোদ তাঁর দিকেই। তাই সময় থাকতেই একজন নতুন উইকেটরক্ষকের চিন্তায় এ মুহূর্তে রাতগুলো নির্ঘুমই কাটছে এককালের এই গতি তারকার।‘এ মুহূর্তে একজন তরুণ উইকেটরক্ষকের প্রয়োজন। যে আগামী কয়েক বছর এ স্থানটিতে পাকিস্তান দলকে নির্ভরতা এনে দেবে।’ লাহোরে পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের সঙ্গে এক আলাপচারিতায় এ কথাই বলেছেন ওয়াকার।তিনি পাকিস্তানের জাতীয় নির্বাচকদের একজন যোগ্য উইকেটরক্ষক খুঁজে বের করার অনুরোধ জানিয়েছেন।ওয়াকারের এ মন্তব্যের মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়ে গেছে, ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার ধারণায় থাকা কামরান আকমলের ক্যারিয়ারে একপ্রকার যতিচিহ্নই পড়ে গেছে।এ মুহূর্তে কামরানের বদলি হিসেবে আলোচনায় রয়েছেন ‘আকমল ভাই’দের সবচেয়ে ছোট ভাই আদনান আকমল। এ ছাড়া সরফরাজ আহমেদের নামও উচ্চারিত হচ্ছে পাকিস্তান দলের সবচেয়ে টেকনিক্যাল ও বিশেষায়িত এ স্থানটির জন্য।নিজের ভবিষ্যত্ নিয়েও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ওয়াকার। তিনি বলেন, ‘এখনো আমার চুক্তি শেষ হতে এক বছর বাকি। তবে আমি পাকিস্তান দলের কোচের দায়িত্বটি খুব উপভোগ করছি। এ পদে আমি আরও কিছুদিন থেকে যেতে চাই।’বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়াটা একপ্রকার হতাশাজনকই বলেছেন ওয়াকার। তবে তিনি বলেন, সেমিফাইনালে হেরে গেলেও বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স ছিল আশাজাগানিয়াই। সেমিতে ভারত পাকিস্তানের চেয়ে ভালো ক্রিকেট খেলেই জয় পেয়েছে, এতে কোনো সন্দেহ নেই।এ মুহূর্তে দলে কিছু পরিবর্তন কামনা করেন ওয়াকার। তবে তিনি সাবধান করে দিয়ে বলেছেন, ‘এ পরিবর্তন যেন পাইকারি ব্যাপারে পরিণত না হয়। কয়েকটি স্পট ছাড়া বাকি দল ঠিকই আছে। আমাদের ব্যাটিংয়ে কিছু কাজ করা দরকার।’তিনি ফিল্ডিং নিয়েও নিজের উদ্বেগের ব্যাপারটি চেপে রাখতে পারেননি। ওয়াকারের মতে, ‘ক্যাচ মিস করে পাকিস্তান বিশ্বকাপের কয়েকটি ম্যাচেই মাসুল দিয়েছে। সেমিফাইনালে কয়েকটি ক্যাচ ফেলে দিয়ে আমরা শচীন টেন্ডুলকারের মতো ব্যাটসম্যানকে রান করতে দিয়েছি। যেটা দিন শেষে ভয়ংকর ভুল হিসেবে চিহ্নিত হয়েছে।’ ওয়েবসাইট।