এ ম্যাচে নাইজেরিয়াও আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুদের চায়ের আড্ডায় লিওনেল মেসি, বাড়ির ড্রয়িংরুমে লিওনেল মেসি, সংবাদমাধ্যমে লিওনেল মেসি। আর্জেন্টিনা আসছে বাংলাদেশে। চারদিকে মেসি-মেসি রব। মেসিরা কোথায় থাকবেন, কী খাবেন—এই নিয়ে ব্যতিব্যস্ত সবাই। আর্জেন্টিনার সঙ্গে নাইজেরিয়াও বাংলাদেশে আসছে—মেসি আর আর্জেন্টিনাকে নিয়ে উন্মাদনার নিচে এটি যেন চাপাই পড়ে গেছে। সবাই যেন ভুলে গেছে আফ্রিকার সুপার ইগলদের এ দেশে আগমন আর্জেন্টিনার সঙ্গে প্রীতি ম্যাচ খেলতেই।নাইজেরিয়া দলে একজন মেসি, একজন হিগুয়েইন অথবা আগুয়েরো নেই। রাশিদি ইয়েকিনি বা নোয়ানকো কানুর উত্তরসূরিদের মধ্যে বড় মাপের কোনো তারকা নেই। সংগত কারণে উন্মাদনাও কম। তবে নাইজেরিয়া যখন আর্জেন্টিনার প্রতিপক্ষ, তখন তাদের উপেক্ষা করার অবকাশ কোথায়?আর্জেন্টিনা-নাইজেরিয়া এ পর্যন্ত মুখোমুখি হয়েছে ৫ বার। ৩টি ম্যাচ জিতে পাল্লাটা আর্জেন্টিনার দিকেই ভারী। তবে এক ম্যাচ জেতা নাইজেরিয়া গোল করার দিক দিয়ে বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগের চেয়ে পিছিয়ে নেই মোটেই। ৫ ম্যাচে ৫ গোল যেমন খেয়েছে, তেমনি আর্জেন্টিনার জালে দিয়েছেও ৫ গোল। নাইজেরিয়ার একমাত্র জয়টি দুই দলের সর্বশেষ সাক্ষাতে। গত ১ জুন আবুজায় সেই ম্যাচে আর্জেন্টিনাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে স্যামসন সিয়াসিয়ার দল। যতই মেসিবিহীন আর্জেন্টিনা দলটি খর্বশক্তির থাকুন না, নাইজেরিয়ার জয়ের কৃতিত্ব তাতে মলিন হতে পারে না।২০০৫ অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেই নাইজেরিয়ার শিরোপা-স্বপ্ন বিসর্জন গিয়েছিল, ২০০৮ অলিম্পিকেও হয়েছে তাই। তবে জুনিয়র পর্যায়ে সামগ্রিক পরিসংখ্যানে নাইজেরিয়াই এগিয়ে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে একবারই সাক্ষাৎ হয়েছে দুই দলের। তাতে হারলেও অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মুখোমুখি হওয়া ৫ ম্যাচের তিনটিতেই জিতেছে নাইজেরিয়া।নাইজেরিয়ার এই দলটি যে একেবারে তারকাশূন্যও নয়। তরুণ খেলোয়াড়দের দিয়ে সাজানো স্যামসন সিয়াসিয়ার দলে ইউরোপের ফুটবলের পরিচিত মুখও কম নেই। দলটির সবচেয়ে বড় তারকা জন ওবি মিকেল। আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে মেসির পাশাপাশি চেলসির এই মিডফিল্ডারের ওপরও চোখ রাখতে পারেন।চোখ রাখতে পারেন গোলরক্ষক ভিনসেন্ট এনিয়েমার ওপরও। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আর্জেন্টিনা নাইজেরিয়ার সঙ্গে ১-০ গোলে জিতেছে ঠিক, কিন্তু গোল হতে পারত আরও। মেসিকে বারবার গোলবঞ্চিত করা এনিয়েমা ঢাকায়ও আর্জেন্টাইন জাদুকরের সামনে তুলে ধরতে পারেন বাধার প্রাচীর।দুই দলের সর্বশেষ ম্যাচে জোড়া গোল করা আইকে উচে আর ভিক্টর ওবিন্নাকেই বা বাদ দেবেন কী করে! তাঁরা ছাড়াও আছেন এসি মিলান ফুলব্যাক তায়ে তাইয়ো, ওয়েস্টব্রমের পিটার ওডেমিঙ্গিয়ে। নাইজেরিয়া কোচ সিয়াসিয়াও সাবেক তারকা। নাইজেরিয়ার হয়ে সবচেয়ে বেশি গোল করার তালিকার থাকা স্ট্রাইকার খেলেছেন ১৯৯৪ বিশ্বকাপে। ওই বিশ্বকাপের গ্রুপ ম্যাচে ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনার বিপক্ষে প্রথম গোল করে নাইজেরিয়াকে এগিয়ে দিয়েছিলেন সিয়াসিয়া, যদিও ক্লদিও ক্যানিজিয়ার ২ গোলে শেষ পর্যন্ত জেতে আর্জেন্টিনাই।