এ যুগের গ্যারি সোবার্স!
ঘূর্ণি বলে ছিনিয়ে এনেছেন অসম্ভব জয়, প্রতিপক্ষ খেলোয়াড় বাঁদর বলে গালি দিয়েছেন, সতীর্থকে সপাটে চড় কষিয়েছেন খেলার মাঠে—কত বিচিত্র কারণেই না সংবাদে এসেছেন হরভজন সিং। কিন্তু তাঁর অতি শুভাকাঙ্ক্ষীও কি কখনো কল্পনা করেছেন, একদিন সংবাদ শিরোনাম হয়ে উঠবেন ‘ব্যাটসম্যান’ হরভজন সিং!আর কেউ না হোক, শচীন টেন্ডুলকার নাকি এটা জানতেন। জানতেন বলেই নিজের ব্যাট, প্যাড, দস্তানা পর্যন্ত হরভজনকে উপহার দিয়েছেন। টেন্ডুলকারের প্রার্থনা বলে কথা। বিফলে যাওয়ার উপায় আছে! ২০১০ সালে, আরও ভালো করে বললে বলা যায়, এই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেই পূর্ণাঙ্গ চেহারায় বেরিয়ে এলেন সেই টেন্ডুলকার-বন্দিত ‘ব্যাটসম্যান’। আট নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করার কীর্তিও আছে টেস্ট ক্রিকেটে; ওয়াসিম আকরামই ২৫৭ রান করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। কিন্তু টানা দুই ইনিংসে তো বটেই, আট নম্বরে নেমে টানা দুই টেস্টে সেঞ্চুরি করার কীর্তিই প্রথম গড়লেন হরভজন। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৬ বলে ১১১ রানের অপরাজিত এই ইনিংস খেলার পথে হরভজন আরও কিছু রেকর্ড করে ফেলেছেন। এই ইনিংসে ৭টি চারের সঙ্গে ৭টি ছয়ও মেরেছেন জলন্ধরের সর্দারজি। তাতে সব মিলিয়ে ২০১০ সালে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪টি ছক্কা মারার রেকর্ড হরভজনের হাতে। আট নম্বর ব্যাটসম্যান-সংক্রান্ত আরও একটি রেকর্ড হয়েছে। এই পজিশনে এক সিরিজে সর্বোচ্চ রান ছিল ওয়াসিম আকরামের; জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্টে করেছিলেন ২৫৭ রান। আর এক টেস্টকে বিবেচনায় না নিলে রেকর্ডটা ছিল কপিল দেবের; পাকিস্তানের বিপক্ষে ৬ টেস্টে তিনি করেছিলেন ২৩৮ রান। সেসব রেকর্ডকে তুচ্ছ বানিয়ে এক টেস্ট ও এক ইনিংস হাতে রেখেই হরভজনের রান হয়ে গেছে ২৯৫।হরভজনের ব্যাটসম্যান হয়ে ওঠা আক্ষরিক অর্থেই এই ২০১০ সালে। এ বছর ৯ টেস্টে ‘ভাজ্জি’ রান করেছেন ৩৪ গড়ে; তাঁর টেস্ট ক্যারিয়ার গড় ১৮.৫১!সাধে কি আর রাহুল দ্রাবিড় বলছেন যে, হরভজন এ কালের গ্যারি সোবার্স! ওয়েবসাইট।