এ যুগের ‘নিরো’ মাইকেল ক্লার্ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোম যখন পুড়ছিল, তখন নিরো কী করছিলেন, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমরা হয়তো এটা জানি না যে অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের আগে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক মাইকেল ক্লার্ক কী করছিলেন। নিজেদের মাটিতে দুই যুগ পর অ্যাশেজ হারের কারণ অনুসন্ধান করতে গিয়ে এ অজানা তথ্যটা আমাদের জানিয়ে দিয়েছেন অস্ট্রেলীয় সাংবাদিকেরা। মেলবোর্ন টেস্টের আগে ওপেনার ফিলিপ হিউজকে সঙ্গে নিয়ে দলপতি মাইকেল ক্লার্ক নাকি একটা বারে বসে মদ্যপান করছিলেন!অস্ট্রেলিয়ান মিডিয়ার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনের আগের রাতে নাকি সেখানকার একটা বারে অনেক রাত পর্যন্ত মদ্যপান করতে দেখা গেছে ফিলিপ হিউজ ও মাইকেল ক্লার্ককে। সে সময় তাঁদের এই মদ্যপানের ছবিও তুলে রেখেছেন অনেক উত্সাহী মানুষ। আর এখন এই ছবিগুলো সামনে রেখে অসি ক্রিকেটারদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা নিয়েই প্রশ্ন তোলা শুরু করে দিয়েছেন অনেকে।মাইকেল ক্লার্ক বারে যাওয়ার কথা স্বীকার করলেও দাবি করেছেন যে এতে তিনি অন্যায় কিছু করেননি। সাবেক অসি ওপেনার মাইকেল স্লাটারের কাছ থেকে কিছু পরামর্শ নেওয়ার জন্যই নাকি তিনি সেখানে গিয়েছিলেন। তিনি বলেছেন, ‘হ্যাঁ, কোন সন্দেহ নেই যে আমি আর ফিলিপ একটা রেস্টুরেন্ট বারে গিয়েছিলাম। আমরা সেখানে রাতের খাবার খেয়েছি। কিছুটা মদও খেয়েছি। কিন্তু আমরা মোটেই দেরি করে রুমে ফিরিনি। কয়টার সময় বাড়ি গিয়েছিলাম, সেটা আমার একেবারেই মনে নেই। কিন্তু আমি নিশ্চিত যে সেটা খুব বেশি রাত ছিল না।’মেলবোর্নের অধিবাসী তরুণী এমিলি গুডইয়ারের কাছ থেকে অবশ্য শোনা গেছে ভিন্ন কথা। ২৫ বছর বয়সী এ তরুণী দাবি করেছেন, মদ খাওয়া নিয়ে ক্লার্ক ও হিউজের কোনো অনুশোচনা ছিল না। তাঁরা বরং বলেছিলেন, ‘আমরা মাতাল হলেও কিছু যায় আসে না। আমরা তো ম্যাচটা হেরেই গেছি!’অ্যাশেজ সিরিজে ভয়াবহ ব্যর্থতার পর সমালোচনার প্রধান ঝড়টা রিকি পন্টিংয়ের ওপর দিয়েই গেছে। কিন্তু এ বিতর্কে জড়িয়ে পড়ায় এবার সমালোচনার খাঁড়া নেমে আসতে পারে ক্লার্কের ওপরও। টাইমস নিউজ নেটওয়ার্ক।