এ যেন অন্য আর্সেনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও গোল করলেন দুর্দান্ত ফর্মে থাকা অ্যারন রামসে। সোয়ানসিকে ২-১ গোলে হারিয়ে আর্সেনালও উঠে গেল লিগের শীর্ষে  রয়টার্স
আবারও গোল করলেন দুর্দান্ত ফর্মে থাকা অ্যারন রামসে। সোয়ানসিকে ২-১ গোলে হারিয়ে আর্সেনালও উঠে গেল লিগের শীর্ষে রয়টার্স

কে ভাবতে পেরেছিল এমনটা হবে? ম্যানচেস্টার ইউনাইটেড নয়, ম্যানচেস্টার সিটি নয়, চেলসি বা টটেনহামও নয়, ইংলিশ প্রিমিয়ার লিগে এখন সবার ওপরে আর্সেনাল। শিরোপা পাবে কি না সেটা অনেক পরের প্রশ্ন, তবে এ মুহূর্তে যেমন খেলছে তাতে লন্ডনের ক্লাবটি এবার যেতে পারে অনেক দূর।
কোন জাদুর কাঠি এমন বদলে দিল আর্সেন ওয়েঙ্গারের দলকে? মেসুত ওজিল আসার পরই যেন দেখা যাচ্ছে অন্য রকম এক আর্সেনালকে। পরশু সোয়ানসির বিপক্ষে ২-১ গোলের জয়ে ওজিল সেভাবে কিছু করেননি। অ্যারন রামসে যেমন খেলছেন, তাতে অবশ্য গোলের জন্য অপেক্ষায় থাকার দরকার নেই। চার গোল করে এই মিডফিল্ডার যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। কাজোরলা, ওয়ালকটদের অনুপস্থিতিটা বুঝতে দিচ্ছেন না একেবারেই। জার্মান উইঙ্গার নাবরির প্রথম গোলের পর আর্সেনালের জয় নিশ্চিত করে দেওয়া গোলটা করেছেন ওই রামসেই।
অথচ তিন বছর আগে ক্যারিয়ারটাই শেষ হতে বসেছিল রামসের। স্টোকের রায়ান শক্রসের ভয়ংকর এক ট্যাকলে পা ভেঙে গিয়েছিল। আট মাসের জন্য চলে যান মাঠের বাইরে। এরপর সেভাবে থিতু হতে পারেননি দলে। কিন্তু এই মৌসুম থেকেই নিজেকে নতুন করে চেনাতে শুরু করেছেন।
আর্সেনালের দীর্ঘ শিরোপা-খরা কি ঘুচবে এবার? ওয়েঙ্গারের সতর্ক প্রতিক্রিয়া, ‘মৌসুমের মাত্রই শুরু। আমরা আজ একটা ভালো সুযোগ পেয়েছি। আমার মনে হয় দল কেমন সেটা নির্ভর করবে আপনি সুযোগটা নিতে পারেন কি না। আজ (পরশু) আমরা সেটা নিতে পেরেছি।’
নিজেদের জয় তো আছেই, ওয়েঙ্গারের জন্য পরশুর রাতটা আরও আনন্দময় গেছে দুই প্রতিদ্বন্দ্বীর হোঁচটে। সিটি ৩-২ গোলে হেরেছে অ্যাস্টন ভিলার কাছে, আর ইউনাইটেড তো নিজেদের মাঠেই ২-১ গোলে হেরেছে ওয়েস্ট ব্রমের কাছে।
৬ ম্যাচে ৭ পয়েন্ট, পয়েন্ট তালিকার ১২ নম্বরে—সর্বশেষ ১৯৮৯ সালে এর চেয়ে বাজে শুরু হয়েছিল ইউনাইটেডের। ইউনাইটেড এ ম্যাচে কোনো অজুহাত দাঁড় করাতে পারত না। কোচ ডেভিড ময়েস সেটা করেনওনি, ‘আমরা নিজেদের খেলা খেলতে পারিনি। জয়টা ওয়েস্ট ব্রমের প্রাপ্য। এ নিয়ে কোনো সন্দেহই নেই। আমরা খুবই খারাপ খেলেছি।’ ময়েস কি ফার্গুসনের শরণ নেবেন?
যে কাজটা পেলেগ্রিনিরও করা উচিত মানচিনির সঙ্গে। ইউনাইটেডকে ৪-১ গোলে হারানোর পরের ম্যাচেই অ্যাস্টন ভিলার কাছে এমন হার সিটি কাছে নিতান্তই অপ্রত্যাশিত ছিল। পেলেগ্রিনি তো রীতিমতো স্তম্ভিত, ‘আমরা যেভাবে ম্যাচটা হেরেছি সেটা অবিশ্বাস্য। আমরা দুবার এগিয়ে গিয়েছিলাম, ম্যাচটা আমাদের হাতেই ছিল।’
কাল সান্ডারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে দুইয়ে উঠে এসেছে লিভারপুল। লুইস সুয়ারেজ ২টি ও ড্যানিয়েল স্টারিজ করেছেন ১টি গোল। এএফপি, রয়টার্স।
এ ম্যাচের হারে সিটির ক্ষতি হয়েছে আরেকটা। বায়ার্নের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে আত্মবিশ্বাসটা একেবারেই নড়বড়ে হয়ে পড়ল তাদের। জার্মান ও চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নরা অবশ্য পরশু ভলফ্সবুর্গকে হারিয়েছে ১-০ গোলে। কিন্তু গার্দিওলা সন্তুষ্ট নন দলের খেলায়, ‘আমরা জিতেছি, তবে এখনো অনেক উন্নতির সুযোগ আছে। দ্বিতীয়ার্ধে আমাদের কিছু সমস্যা হয়েছিল। সেগুলো শোধরাতে হবে। আমি নিশ্চিত সিটি ও লেভারকুসেনের বিপক্ষে ভালো খেলব।’ সিরি ‘আ’তে গোরান পান্দেভের দুই গোলে জেনোয়াকে হারিয়ে শীর্ষে নাপোলি। সাম্পদোরিয়াকে ১-০ গোলে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে ধুঁকতে থাকা এসি মিলান। জুভেন্টাস কাল তুরিন ডার্বিতে ১-০ গোলে হারিয়েছে তুরিনোকে।