অস্ট্রেলিয়ার বিপক্ষে জার্মানির খেলা দেখে আমি মুগ্ধ। ওই ম্যাচে চারজন ভিন্ন ভিন্ন খেলোয়াড় গোল করেছে। এটাই তো একটা ভালো দলের লক্ষণ। বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়, বিশেষ করে মাইকেল বালাককে হারানোয় অনেক উদ্বেগ ছিল জার্মানি দলটাকে ঘিরে। আশঙ্কা করা হয়েছিল, দলের ওপর হয়তো এর প্রভাব পড়বে। কিন্তু জার্মানির তরুণ তুর্কিরা দারুণভাবে সব শঙ্কা উড়িয়ে দিয়েছে। এই দলের কোনো খুঁত বের করাও মুশকিল। পাস, মুভমেন্ট ছিল অসাধারণ, ফিনিশিং দুর্দান্ত। অস্ট্রেলিয়ার পায়ে যখন বল ছিল, জার্মানি সুসংগঠিত হয়ে, দলগতভাবে ডিফেন্ড করেছে।এ কারণেই ওই ম্যাচের সুনির্দিষ্ট কোনো একটা খেলোয়াড়কে প্রশংসায় ভাসাতে চাই না। এটা ছিল একটা পরিপূর্ণ দলগত প্রচেষ্টা। এখন চ্যালেঞ্জ হলো, এই মান ধরে রাখা এবং আরও উন্নতি করা যায় কি না, সেই পথ খোঁজা।ঘানার বিপক্ষে জয়ের আশাই করছিল সার্বিয়া। ফলে ওই ম্যাচে পরাজয় তাদের জন্য ছিল বিরাট হতাশার। এই ম্যাচ থেকে কিছু না কিছু পেতে মুখিয়ে থাকবে তারা। তাই আজ ওদের কাছ থেকে অনেক ভালো পারফরম্যান্স দেখা যাবে বলে আমার অনুমান। দলে বেশ কজন অভিজ্ঞ খেলোয়াড় আছে। রক্ষণের খুব ভালো নেতা ম্যানচেস্টার ইউনাইটেডের ভিদিচ। অধিনায়ক, ইন্টার মিলানের খেলোয়াড় দেজান স্টানকোভিচ মাঝমাঠের খেলাটাকে আরও ভালো করেছে, যোগ করেছে অভিজ্ঞতা। ঘানার বিপক্ষে যেমন খেলেছে, তার চেয়ে ঢের ভালো খেলার সামর্থ্য আছে ইভানোভিচ আর জিগিচের। অস্ট্রেলিয়ার বিপক্ষে অনায়াস জয় এলেও আজ ম্যাচটা অনেক কঠিন হবে। তবে ২ গোলের ব্যবধানে জেতার মতো বৈচিত্র্য এই দলের আছে, যে বৈচিত্র্য সাধারণত জার্মানি দলের সঙ্গে বেমানান।যুক্তরাষ্ট্র তাদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলেছে। ইংল্যান্ড অবশ্য ওই ম্যাচে খেলেছেও বাজে। মানসিকভাবে চাঙা হয়েই আজ স্লোভেনিয়ার বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। আলজেরিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছে বলে স্লোভেনিয়ারও আজ বাড়তি তাগাদা থাকবে। ম্যাচটি মহা গুরুত্বপূর্ণ। দুই দলই চাইবে হার এড়াতে। ল্যান্ডন ডনোভানের কাছে আজ স্পেশাল কিছু চাইবে যুক্তরাষ্ট্র। আর স্লোভেনিয়া চাইবে মার্কিনদের পিছু তাড়া করতে, পাল্টা আক্রমণে খেলতে। ম্যাচটায় বাড়তি রং চড়াচ্ছে এই উত্তেজনা—এই ম্যাচে হারলে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে পরাজিত দলের, আর জিতলে অনেকটাই উজ্জ্বল হয়ে উঠবে দ্বিতীয় রাউন্ডের আশা। আর তাই কৌশলগত কারণেই এই ম্যাচে আক্রমণের চেয়ে বেশি গুরুত্ব পাবে রক্ষণ, গোল না খাওয়া। এ কারণে ম্যাচটি শেষ পর্যন্ত ড্রও হয়ে যেতে পারে।আলজেরিয়ার বিপক্ষে আজ চাপ নিয়েই মাঠে নামবে ইংল্যান্ড। আবারও চাপের মধ্যে থেকে ইংল্যান্ডের খেলা কেমন হয় সেটির পরীক্ষা হয়ে যাবে আজ। টেরি, ল্যাম্পার্ড, জেরার্ড, রুনিদের মতো অসাধারণ মাপের খেলোয়াড় আছে ওদের। ক্লাবের হয়ে এরা প্রত্যেকে চ্যাম্পিয়ন। তাই ওদের অবশ্যই সেই আত্মবিশ্বাস খুঁজে পেতে হবে, যেন নির্ভার হয়ে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারে।বাস্তববাদী হলে আলজেরিয়া নিশ্চয়ই বুঝে গেছে স্লোভেনিয়ার কাছে পরাজয় এরই মধ্যে বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে তাদের। গ্রুপ পর্ব থেকেই সম্ভবত বাড়ি ফিরতে হবে। এটা এক দিক দিয়ে ওদের জন্য সুবিধারও। কারণ ওরা পুরোপুরি চাপ ছাড়াই খেলতে পারবে আজ। আর এরই মধ্যে স্পেনের পরাজয় আর ব্রাজিলকে সংগ্রাম করতে দেখেছি আমরা। যেটা বলে দেয়, বড় দল মানেই এখন আর নিশ্চিত তিন পয়েন্টের গ্যারান্টি নয়।সবগুলো দলই এরই মধ্যে অন্তত একটা করে ম্যাচ খেলে ফেলেছে। আমি তাই আশাবাদী, জার্মানিকে আগের চেয়ে আরও শক্তিশালী দেখাবে। এই জার্মানির পক্ষে বড় কিছু করা সম্ভব। এবার হল্যান্ডও নজর কাড়ছে। ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই ভালো খেলছে। অবশ্য এই দুই দলের কিছু কিছু দুর্বলতাও চোখে পড়েছে। আইভরিকোস্ট আমাকে মুগ্ধ করেছে, তাদের সমন্বয়, টেকনিক আর শৃঙ্খলা দিয়ে। দলটি কতদূর যাবে সেটি নির্ভর করছে দ্রগবা চোট নিয়েও কতটা ভালো খেলে তার ওপর। পর্তুগাল ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। ফ্রান্স, ইতালি আর ইংল্যান্ড এই তিন দলও তথৈবচ। এদের খেলার মান বাড়াতেই হবে। স্পেন তাদের খেলায় সেই মানটা দেখিয়েছে, কিন্তু প্রতিপক্ষকে খুন করার মেজাজটা তাদের ছিল না। আরেকটি ভুলের ক্ষতিপূরণ ওরা কিন্তু আর দিতে পারবে না।