এ যেন অন্য দুঙ্গা
এত দিন ইস্পাতসম কঠিন হৃদয়ের মানুষ বলেই তাঁকে চিনত সবাই। সাংবাদিকদের সঙ্গে বরাবরই তিক্ততার সম্পর্ক, নিজের ব্যক্তিগত কথা কারও সামনে প্রকাশ করা তো কল্পনায়ও ভাবা যায় না। তবে এ কঠিন হৃদয়ের মানুষটির মধ্যেও যে কোমলতা আছে, তাঁর বুকের মধ্যেও যে অনেক কষ্ট লুকিয়ে আছে তা জানা গেল এবার। সংবাদ সম্মেলনে তিনি গালিগালাজ করেছেন বলে যে অভিযোগ উঠেছে, তার কোনো প্রমাণ পায়নি ফিফা। তার পরও এ ঘটনায় ক্ষমা চেয়েছেন কার্লোস দুঙ্গা। তবে সাংবাদিকদের কাছে নয়, দুঙ্গা ক্ষমা চেয়ে চেয়েছেন ব্রাজিলের সমর্থকদের কাছে। সমর্থকদের সমর্থনই যে তাঁর কাছে সব। ব্যক্তিগত ব্যথার কথা বলতে গিয়ে এ সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন কঠিন হৃদয়ের মানুষটিও!গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ব্রাজিলের সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে দুঙ্গা বলছেন, ‘আমার আচরণের জন্য আমি ব্রাজিলের সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি। যারা ব্রাজিলকে সব সময় সমর্থন দিয়ে যাচ্ছে, আমার ব্যক্তিগত সমস্যা নিয়ে তাদের কিছু করার নেই। কিন্তু একজন ব্রাজিলিয়ান হিসেবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’আজকের এই ‘দুঙ্গা’ হয়ে ওঠার পেছনে মা-বাবার শিক্ষাই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন ১৯৯৪ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী এ অধিনায়ক। কিন্তু ছোটবেলা থেকে তিলে তিলে যে বাবা তাঁকে গড়ে তুলেছেন, বেশ কয়েক বছর ধরে তিনি অসুস্থ। আলজেইমার রোগে ভুগছেন তিনি। বাবার অসুস্থতার কথা বলতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন দুঙ্গা। যথাসম্ভব অশ্রু লুকানোর চেষ্টা করে ব্রাজিলের এই কোচ বলছেন, ‘আমার বাবা আমাকে মানুষ হতে শিখিয়েছেন। তিনি আমাকে সঠিক পথে চলার পরামর্শ দিয়েছেন। আত্মমর্যাদা, স্বচ্ছতার সঙ্গে এগিয়ে যেতে শিখিয়েছেন। তিনি যা শিখিয়েছেন, বিশ্বকাপে ভালো করে তার প্রতিদান দেওয়ার সময় এসে গেছে।’বাবাকে সুস্থ করে তুলতে যে মানুষটি দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, কষ্ট হাসিমুখে বরণ করে নিচ্ছেন তাঁর কথা বলতেও ভোলেননি দুঙ্গা। মায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ব্রাজিলের কোচ বলছেন, ‘বাবার অসুস্থতায় সবচেয়ে বেশি কষ্ট করে যাচ্ছেন আমার মা। তিনি আমাকে শিখিয়েছেন, দেশকে ভালোবাসতে হবে, দেশপ্রেমিক হতে হবে। যত বাধাই আসুক দেশের জন্য, বন্ধুদের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে।’