এ যেন অন্য শারাপোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে রাঁধে সে চুলও বাঁধে। প্রবাদটা মারিয়া শারাপোভার ক্ষেত্রে বেশ খাটে। রূপ আর গুণের এমন অপূর্ব মেলবন্ধন কি হরহামেশা চোখে পড়ে? টেনিস কোর্টে পা রাখতেই মাতামাতিই শুরু হয়ে যায় রুশ স্বর্ণকেশীকে নিয়ে। অফুরান সম্ভাবনা নিয়ে এলেও তার কতটুকু দিতে পেরেছেন, সেটা অবশ্য তর্কসাপেক্ষ। তবে মাঠের বাইরে তাঁর চাহিদাটাও যে চক্রবৃদ্ধি হারে বাড়ছে সেটা নিয়ে তর্ক বোধ হয় কেউ করবেন না। গত বছর নিজের নামে নতুন একটা ক্যান্ডি বাজারে এনেছিলেন। নামটাও গালভরা, সুগারপোভা। বাজারেও হুহু করে বিকোচ্ছে এটা। আগামী আগস্টে এক বছর পূর্তিতে ১২ লাখ ব্যাগ ক্যান্ডি নাকি বিক্রি হয়ে যেতে পারে! প্রতি ব্যাগের দামও কম নয়, খসাতে হবে পাঁচ ডলারের কড়কড়ে নোট।শারাপোভা এখন অংশ নিচ্ছেন ইন্ডিয়ানা ওয়েলস টুর্নামেন্টে। গত পরশু ফ্রান্সেসকা শিয়াভোনেকে ৬-২, ৬-১ গেমে হারিয়ে উঠে গেছেন তৃতীয় রাউন্ডে। রথ দেখার সঙ্গে কলা বেচছেন, সুগারপোভার নতুন বিজ্ঞাপনও করে ফেলেছেন এক ফাঁকে। টাকাও আসছে দেদার, ফোর্বস-এর জরিপে বিশ্বের সেরা ১০০ ধনী অ্যাথলেটের মধ্যে আছেন, যেখানে গোটা তালিকায় মেয়ে মাত্র দুজন! মডেলিং ও টেনিস থেকে অর্থ তো আসছিলই। আবার ব্যবসার দিকে ঝুঁকে পড়লেন কেন? শারাপোভার উত্তর, ‘আমি আসলে নিজে কিছু একটা করার জন্য উদ্গ্রীব ছিলাম। মানুষ সচরাচর আপনার কাছে যা প্রত্যাশা করবে সে রকম কিছু করাটা আমার ধাতে নেই। আমি ভেবেছিলাম, ক্যান্ডির আইডিয়াটা অনেক মজার কিছু হবে।’ব্যবসার পেছনের কারণটা জানলে এই রুশ তারকাকে আপনার দূরদৃষ্টিসম্পন্ন মনে হতেই পারে। ‘গত কয়েক বছরে আমি অনেকগুলো ভিন্ন ভিন্ন ব্র্যান্ড নিয়ে কাজ করেছি। কাজ করেছি অনেক লোকের সঙ্গে। নিরেট কোনো শিক্ষা পাওয়ার সুযোগ আমার কখনো হয়নি। কিন্তু আমি সব সময়ই শিখতে চেয়েছি। বিজ্ঞাপন সংস্থার সঙ্গেই হোক বা অন্য কারও সঙ্গেই হোক, বেশ কিছু বৈঠকের পর আমি আসলে অনেক কিছুই শিখেছি’—বলেছেন শারাপোভা।এখানেই থামছেন না অবশ্য। সামনের তিন সপ্তাহে আরও নতুন কিছু পণ্য আসছে। কথা বলেছেন পরবর্তী পরিকল্পনা নিয়েও, ‘এ মুহূর্তে পুরো বিশ্বে জিনিসটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আরও অনেক কিছুই আসছে। যেগুলো আপনারা ভাবতেও পারবেন না।’ নতুন চমকেরই আভাস দিলেন শারাপোভা। এএফপি, ওয়েবসাইট।