এ যেন আকস্মিক বজ্রপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্যাপেলো পদত্যাগ করলেন...এরপর কী?’ছোট্ট প্রতিক্রিয়াটি রিও ফার্ডিনান্ডের। মজার ব্যাপার হলো, জন টেরির অধিনায়কত্ব নিয়ে দুই দফা ঘটে যাওয়া নাটকের দুটিতেই ‘চরিত্র’ হিসেবে ছিলেন ফার্ডিনান্ড। দুই বছর আগে, বিশ্বকাপের প্রস্তুতি নিতে থাকা ইংল্যান্ড দলকে টালমাটাল করে দিয়েছিল এক সতীর্থের প্রেমিকার সঙ্গে টেরির পরকীয়ার খবর। তখন টেরিকে সরিয়ে ফার্ডিনান্ডকেই অধিনায়ক বানিয়েছিলেন ক্যাপেলো।ঠিক দুই বছর পর আবারও যখন টেরিকে সরিয়ে দিল ইংলিশ ফুটবল সংস্থা, সেই সিদ্ধান্তের বিরোধিতা করে শেষ পর্যন্ত চাকরিই ছেড়ে দিলেন ইতালিয়ান কোচ। এবার পুরো ঘটনার কেন্দ্রে ফার্ডিনান্ডেরই ভাই অ্যান্টন ফার্ডিনান্ড। কিউপিআরের এই খেলোয়াড়ের সঙ্গেই গত অক্টোবরে এক ম্যাচে টেরি বর্ণবাদী আচরণ করেছিলেন বলে অভিযোগ। কিউপিআরের মিডফিল্ডার জোয়ি বার্টন সবাইকে মনে করিয়ে দিয়েছেন, কী এক অস্বস্তিকর অবস্থাতেই না পড়েছে ইংল্যান্ড, ‘কোনো অধিনায়ক নেই, কোনো কোচও নেই। অথচ বড় একটা টুর্নামেন্ট মাত্র চার মাস পর। এসব কী হচ্ছে!’এ যেন আকস্মিক বজ্রপাত। যার জন্য প্রস্তুত ছিল না কেউই। ওয়েইন রুনিও টুইট করেছেন, ‘ক্যাপেলো পদত্যাগ করায় আমি স্তম্ভিত। মানুষ হিসেবে ছিলেন অসাধারণ, কোচ হিসেবেও সেরা।’ ক্যাপেলোর উত্তরসূরি হিসেবে নিজের পছন্দের কথাও জানিয়ে দিয়েছেন রুনি, ‘একজন ইংলিশ কোচকেই তার জায়গায় আনা উচিত। আমার পছন্দ হ্যারি রেডন্যাপ।’টটেনহাম কোচকেই ক্যাপেলোর যোগ্য উত্তরসূরি হিসেবে বলছেন বেশির ভাগই। এঁদের মধ্যে আছেন এফএর সাবেক নির্বাহী ডেভিড ডেভিসও। তবে সমস্যা হলো, ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে থাকা টটেনহাম কি তাঁকে ছাড়বে? একটা সমাধান দিয়েছেন সাবেক তারকা গ্যারি লিনেকার, ‘আগামী মে পর্যন্ত (ক্লাব মৌসুম শেষ হওয়া পর্যন্ত) তিনি দুটি দায়িত্বই চালিয়ে যেতে পারেন।’এমন পরিস্থিতি তৈরির জন্য এফএকে একরকম পরিহাসই করেছেন পল গ্যাসকোয়েন। সুরাসক্তির জন্য ‘সুখ্যাত’ এই সাবেক মিডফিল্ডার বলেছেন, ‘আমি নিজে থেকেই কোচ হওয়ার প্রস্তাব বাতিল করে দিচ্ছি। আমার হাতে এখন অনেক কাজ, কোচ হতে পারব না।’ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের চাচা রেডন্যাপ নিজেও এর আগে ইংল্যান্ডের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু তাঁর ইচ্ছাপূরণের দুয়ার এভাবে এই পরিস্থিতিতে খুলে যাবে সেটা হয়তো তিনিও আশা করেননি। তবে কাকতালীয় ব্যাপার হলো, রেডন্যাপের কোচ হওয়ার পথে একমাত্র বাধা ছিল মাথার ওপর ঝুলে থাকা কর ফাঁকির অভিযোগ। সেই মামলা থেকে পরশুই বেকসুর মুক্তি পেয়েছেন এই ৬৪ বছর বয়সী।ইংলিশ মিডিয়াও রেডন্যাপকেই চাইছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবশ্য টটেনহাম কোচের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।