এ যেন এক ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল কলিংউডের ব্যাট থেকে জয়সূচক রানটা আসা মাত্রই ডাগআউট থেকে একসঙ্গে ছিটকে বের হলেন সব ইংলিশ ক্রিকেটার, ভোঁ-দৌড় মাঠের দিকে। সবার লক্ষ্য পল কলিংউড। মুহূর্তেই সবাইকে পেছনে ফেলে দিলেন কেভিন পিটারসেন, সবার আগে গিয়ে জড়িয়ে ধরলেন অধিনায়ককে। যেন ফুটে উঠল পুরো টুর্নামেন্টেরই প্রতীকী দৃশ্য। প্রথম ইংলিশ অধিনায়ক হিসেবে কলিংউড যে বিশ্বজয়ের ট্রফিটা নিতে পারলেন, এতে সবচেয়ে বড় অবদান তো পিটারসেনেরই!৬ ম্যাচে ৬২ গড়ে ২৪৮ রান, দুবার ম্যাচসেরা—ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে এই সংখ্যাগুলোর অবদান কত বড়, তার প্রমাণ পিটারসেনের হাতে ম্যান অব দ্য সিরিজের ট্রফিটা। টানা দুই ম্যাচে সেরা হয়ে দেশে গিয়েছিলেন সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য। প্রথম সন্তানের মুখ দেখেই ফিরে এসে সেমিফাইনাল-ফাইনালে খেললেন গুরুত্বপূর্ণ দুটি ইনিংস। এক হাতে চ্যাম্পিয়নশিপ ট্রফি, আরেক হাতে সিরিজ-সেরার ট্রফি নিয়ে পিটারসেন যখন কেনসিংটন ওভালের চারপাশে ঘোরাঘুরি করছিলেন, এক মুহূর্তের জন্যও মুখ থেকে সরেনি হাসিটা। এক সপ্তাহের মধ্যে এতকিছু হয়ে গেল, পিটারসেনের নিজের ভাষায়, ‘অবিশ্বাস্য অনুভূতি’।নিজের সাফল্যের চেয়ে পিটারসেন অবশ্য বেশি উৎফুল্ল দলের সাফল্যে, ‘দলটা সব সময়ই সবার আগে। সিরিজ-সেরার ট্রফিটা দারুণ, কিন্তু দল না থাকলে তো আমি এই পর্যায়ে আসতেই পারতাম না।’ ক্যাপ্টেন্সি হারানো, অ্যাকিলিস ইনজুরিতে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা, মাঠে ফেরার পর ফর্মের জন্য যুদ্ধ—অনেক দিন অচেনা হয়ে থাকা পিটারসেনকে পুরোনো সেই বিধ্বংসী রূপে দেখেছে ক্রিকেটবিশ্ব এই টুর্নামেন্টেই। হতাশার বৃত্ত ভাঙার কৃতিত্ব দিয়েছেন কোচ আর সতীর্থদের, ‘গত ১২টা মাস ছিল খুব হতাশাজনক। অ্যান্ডি (ফ্লাওয়ার), কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট, দলের সবাই বাংলাদেশে ড্রেসিং রুমে যদি আমার পাশে এসে না দাঁড়াত, তাহলে আজ হয়তো এ অবস্থায় আসতে পারতাম না।ব্যাট হাতে পুরো টুর্নামেন্টে বলতে গেলে কিছুই করতে পারেননি, তার পরও জয়ের পর সব ইংলিশ ক্রিকেটার ছুটে গিয়ে যে কলিংউডকে জড়িয়ে ধরলেন, এটা শুধু জয়সূচক রানটা করেছেন বলেই নয়। ইংল্যান্ডের এই জয়ের নেপথ্য কারিগর তো এই কলিংউডই। যুগের সঙ্গে তাল মেলাতে না পারার দুর্নাম যাদের সব সময়ের সঙ্গী, সেই ইংলিশরা হঠাৎ করেই যে এমন আক্রমণাত্মক ক্রিকেট খেলল, এর কৃতিত্ব সবাই দিচ্ছেন কলিংউডের অনুপ্রেরণাদায়ী নেতৃত্বকে। যাঁর হাসিতেও মিশে থাকে এক ধরনের বিষণ্নতা, সেই কলিংউড পরশু ছিলেন প্রাণখোলা, ‘এটা একটা বিশেষ মুহূর্ত। আমরা একটা বিশ্বকাপ জিতেছি, আমাদের কাছ থেকে এটা কেড়ে নেওয়া সম্ভব নয়। এই ট্রফিটা আমাদেরই প্রাপ্য, পুরো টুর্নামেন্টে আমরাই ছিলাম সবচেয়ে ধারাবাহিক।’পুরো ক্রিকেটবিশ্ব যেটা বলছে, ‘এই ইংল্যান্ড দলটা যে অন্য রকম’, সেই একই কথা কলিংউডের কণ্ঠেও, ‘ফাইনালেই দেখুন না, সবাই প্রথম বল থেকে প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং প্রতিপক্ষকে চাপে ফেলেছে, ইংল্যান্ডকে এমন ঘরানার ক্রিকেট খেলতে আগে কখনো দেখা যায়নি। এই কৃতিত্ব ড্রেসিং রুমের প্রতিটি সদস্যের, সবাই নিজের সেরাটা ঢেলে দিয়েছে।’ ৭ ম্যাচে করেছেন মাত্র ৬১ রান, তার পরও কলিংউডের প্রশংসায় সবাই পঞ্চমুখ অধিনায়কত্বের জন্যই। জেমস অ্যান্ডারসনকে বসিয়ে রেখে পুরো টুর্নামেন্টে রায়ান সাইডবটমকে খেলানো, ফাইনালে টস জিতে ফিল্ডিং নেওয়া থেকে শুরু করে সবকিছুই প্রায় গেছে কলিংউডের পক্ষে।তাঁর প্রতিপক্ষ অধিনায়কের অবস্থা ঠিক উল্টো। এত কাছে এসেও অধরা টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা না পাওয়ার হতাশার সঙ্গে যোগ হয়েছে নিজের ব্যর্থতা। মাইকেল ক্লার্ক নিজেই বুঝতে পারছেন টি-টোয়েন্টি দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠবে, ‘কোনো সন্দেহ নেই, নির্বাচকেরা পর্যালোচনা করবেন আমি তিনে ব্যাটিং করা এবং অধিনায়কত্ব করার জন্য যথেষ্ট যোগ্য কি না।’ ওয়েবসাইট।