
ডাচ ভূমিকম্পে ভিত নড়ে গিয়েছিল স্পেন সাম্রাজ্যের। তবু আশা ছিল চিলির বিপক্ষে নিজেদের ফিরে পাবেন ইনিয়েস্তারা। অফুরান প্রাণশক্তিতে ভরপুর চিলি বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার পণ করেই মাঠে নেমেছিল। অভিজ্ঞতা মার খেল তারুণ্যের কাছে। টিকি-টাকা চূর্ণ হলো গতিময় ফুটবলে। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রীতিমতো কাঁদিয়ে ছাড়লেন অালেক্সিস সানচেজরা।
মারাকানা স্টেডিয়াম যেন হয়ে উঠেছিল এক টুকরা চিলি। দর্শকদের গগনবিদারী চিৎকার, সমর্থন যেন পরশপাথর হয়েই এল সানচেজদের কাছে। প্রথম ৯০ সেকেন্ডেই গোলের দুটি সুযোগ পেয়েছে চিলি। সেই যে শুরু, কখনোই মনে হয়নি ম্যাচ থেকে চিলির লাগাম ছুটতে পারে। রক্ষণ-মাঝমাঠ-আক্রমণ, প্রতিটি বিভাগেই স্প্যানিয়ার্ডদের নাকাল করেছে দলটি। বিশ্ব চ্যাম্পিয়নদের এভাবে কোণঠাসা করবে এই তরুণ ব্রিগেড, কে ভেবেছিল!
কোচ হোর্হে সামপাওলি তাই শিষ্যদের পিঠ চাপড়ে দিচ্ছেন, ‘যেভাবে বিশ্ব চ্যাম্পিয়ন দলকে বিদায় করল ওরা, আমি সত্যিই গর্বিত। জয়টি দুর্দান্ত। এই জয় কখনোই আমাদের স্মৃতি থেকে মুছে যাবে না।’ তবে আত্মতৃপ্তির স্রোতে গা ভাসিয়ে দিতে চান না কোচ। পরবর্তী প্রাথমিক লক্ষ্যও নির্ধারণ করে ফেলেছেন, ‘ডাচদের বিপক্ষেও আমরা একইভাবে খেলতে চাই। গ্রুপে প্রথম হয়েই দ্বিতীয় রাউন্ডে পৌঁছাতে চাই।’
সানচেজ যথারীতি অসাধারণ খেলেছেন। কোচের মুখে প্রশংসা ঝরে পড়েছে মিডফিল্ডার আর্তুরো ভিদালের জন্যও, ‘বেশ কিছুদিন ধরেই ভিদাল পা নিয়ে সমস্যায় ভুগছিল। তার পরও দুর্দান্ত খেলেছে, এর তাৎপর্য অনেক। কারণ সে তীব্র ব্যথা নিয়ে খেলেছে।’ সতীর্থদের নিয়ে উচ্ছ্বসিত ম্যাচসেরা এদুয়ার্দো ভার্গাস, ‘আমাদের দলটি দারুণ। দারুণ সময় পার করছি আমরা। একইভাবে খেলে যেতে হবে আমাদের। তীব্রতা ধরে রাখতে হবে।’
বাকি দলগুলোর উদ্দেশে বার্তাও দিয়ে রাখলেন কোচ, ‘আমি জানি না এটাই আমাদের সেরা জয় কি না। তবে আমার কাছে প্রতিটি ম্যাচ শেষেই মনে হয়, পরের ম্যাচেই সেরা জয়টি আসছে। আমরা দৃঢ় মনোবল দেখিয়েছি। নিঃসন্দেহে এই প্রতিযোগিতার বিপ্লব বলতে পারেন আমাদের।’
স্পেনের বিপক্ষে অমন জয়ের পর সামপাওলির সঙ্গে দ্বিমত পোষণ করার মতো কেউ আছে বলে মনে হয় না!