বিশ্বকাপে কোচ ম্যারাডোনার শুরুটা দুর্দান্ত হয়েছে বলব না। তবে অনেকটা আত্মবিশ্বাসীই মনে হয়েছে তাঁকে। আর দশজন কোচের মতো ছিলেন সাইড লাইনে। ম্যারাডোনা-সুলভ যেসব ব্যাপার আমরা দেখতে অভ্যস্ত সেসব ছিল না। এ যেন নতুন এক ম্যারাডোনা! খেলোয়াড়দের সঙ্গে তাঁর যোগাযোগ, কেউ মাঠের বাইরে এলে তাকে একটু স্নেহের পরশ দেওয়া, উত্তেজিত না হয়ে ধীরস্থির থাকা—বিশ্বকাপে কোচ হিসেবে নিজের অভিষেক ম্যাচটাকে আলাদাই করে রাখলেন। দল নিয়ে এদিন তাঁকে বেশ গোছানো, বেশ পরিণত দেখাচ্ছিল।বাছাইপর্বের আর্জেন্টিনা আর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আর্জেন্টিনায় অনেক পার্থক্য। বাছাইপর্বের সব ম্যাচ দেখার সুযোগ হয়নি। তবে যতটুকু দেখেছি তাতে মনে হয়েছে তখন ম্যারাডোনার দলে সবচেয়ে বড় সমস্যা ছিল আত্মবিশ্বাসের। এর কারণ ম্যারাডোনাই। তিনি শ-খানেক খেলোয়াড়কে দলে নিয়েছেন। এর ফলে যেটা হয়েছে, খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস বলতে কিছু ছিল না। কে কখন ডাক পাবে আর বাদ পড়বে, এই চিন্তাতেই তো বোধহয় অস্থির থাকত। এমনকি তাঁর সেরা খেলোয়াড়দেরও কেউ কেউ এই চিন্তা থেকে মুক্ত ছিল না। বিশ্বকাপের দলটা কিন্তু সেই আতঙ্কমুক্ত। এখন খেলোয়াড়েরা ভাবতে পারছে, আমরা একটা পরিবার। আর এই মানসিকতাই দলটাকে বদলে দিচ্ছে মনে হয়। অনেকটাই বদলে যাওয়া দলই দেখলাম নাইজেরিয়ার বিপক্ষে। যারা জয়ের জন্য তাড়াহুড়ো করে না। বাছাইপর্বে যেমন তাড়াহুড়ো করে সব গুবলেট করে ফেলেছে কখনো কখনো, বিশ্বকাপের শুরুতে সেটা উধাও। দেখুন, ৬ মিনিটে গোল পাওয়ার পরও গোলের জন্য মরণকামড় দিয়ে গোলের জন্য খেলে যায়নি আর্জেন্টিনা। এটার দুটি দিক আছে। একটা হলো, তারা গোল খেয়ে বিপদে পড়তে পারত। আবার তাড়াহুড়ো করে অগোছালো, অকার্যকর ফুটবল খেলে আদতে লাভও কিছু হতো না। অর্থাৎ একটা পরিপক্বতা দেখলাম এই আর্জেন্টিনার খেলায়।দলটার মাঝমাঠ থেকে আক্রমণ পর্যন্ত বেশ ক্ষুরধার। তবে আমার মনে হয়েছে মাঝমাঠ থেকে একটু ধীরে আক্রমণে গেছে তারা। এটা হয়তো ম্যারাডোনার কৌশল হতে পারে। আবার নাও হতে পারে। যেটাই হোক, আক্রমণটা আরও গতিসম্পন্ন আশা করেছিলাম। রক্ষণ নিয়ে কিছু কথা থেকেই যাচ্ছে। এই দলের সমস্যাটা কেন্দ্রীভূত ওই জায়গাতেই। ম্যারাডোনাকে তাঁঁর ভঙ্গুর রক্ষণ মেরামত করতে হবে। নইলে বিপদ আছে। নাইজেরিয়া তো বেশ কয়েকবারই বিপদে ফেলেছে। জানেত্তিকে না নেওয়ায় ম্যারাডোনার সমালোচনা হয়েছে অনেক। প্রথম ম্যাচে তাঁর রক্ষণকে সত্যিই কিছুটা নড়বড়েই দেখাচ্ছিল। সেন্ট্রাল ডিফেন্ডার মোটামুটি ভালোই খেলেছে। বাকি তিনজনের বোঝাপড়া ভালো হয়নি। ম্যারাডোনা যাকে রাইটব্যাকে খেলিয়েছেন, সেই হোনাস গুতেয়েরেজ মূলত মিডফিল্ডার, খেলে নিউ ক্যাসেলে। মাঝমাঠ থেকে একজন রক্ষণে খেলালে সমস্যা হতেই পারে। যে কারণে বেশ কয়েকবার আর্জেন্টিনার বক্সে ঢুকে পড়েছে নাইজেরিয়ার ফরোয়ার্ডরা।মেসিকে মুক্ত হয়েই খেলতে দিয়েছেন ম্যারাডোনা। মেসি খেলেছে তার মতো করেই। গোল হয়তো পায়নি, কিন্তু মেসি যে বড় মাপের খেলোয়াড় এটা সে প্রমাণ করে দিয়েছে।