এ যেন পাগুলে বিশ্বকাপ!
কোস্টারিকা দেশটা যেন কোথায়?
গুগলের কাছে নিশ্চয়ই হিসাব আছে, গত ২৪ ঘণ্টায় বিখ্যাত সার্চ মেশিনে কত লোক কোস্টারিকা লিখে এন্টার চেপেছেন। মধ্য আমেরিকার ছোট্ট এই দেশ এখন বিশ্বকাপের মহাবিস্ময়। বিশ্বকাপ আপসেট কম দেখেনি, তাই বলে এমন কিছু! না, এর কোনো তুলনা ইতিহাসে নেই।
পরপর দুই ম্যাচে এমন দুটি দলকে হারানো, যাদের মিলিত বিশ্বকাপ শিরোপা ৬টি! চানাচুরওয়ালা যেমন কৌটোর মধ্যে চানাচুর ঝাঁকায়, এই বিশ্বকাপকেও তেমনই একটা ঝাঁকুনি দিয়ে সবাইকে হতবিহ্বল করে দিয়েছে কোস্টারিকা। যেটির রেশ রেসিফে থেকে সাও পাওলো হয়ে এই বেলো হরিজন্তেতেও ছড়িয়ে পড়তে দেখলাম।
গত পরশু সাও পাওলো থেকে উড়ে বেলো হরিজন্তেতে প্লেন নামছে। হঠাৎই শুরু হয়ে গেল, ‘ব্রাভো ব্রাভো আর্হেন্তিনা’ কোরাস। এতক্ষণ বোঝাই যায়নি, প্লেনের ৯০ শতাংশ যাত্রীই আর্জেন্টাইন। তাঁদের বেশ কয়েকজন একই হোটেলে। ইরানেরও অনেকে। পরশু সন্ধ্যায় লিফটে তিন ইরানি নামছিলেন, দুজন আর্জেন্টাইনও। ‘কাল কী হবে’ প্রশ্নে মার্কিন প্রবাসী ইরানি তরুণ অবলীলায় ঘোষণা করলেন, ‘৪-১!’ পাশ থেকে আরেকজন যোগ করলেন, এটা হাফটাইমের স্কোর। ফুলটাইম স্কোর—ইরান ৪: আর্জেন্টিনা ২।
আর্জেন্টাইন দুজন মোটামুটি ইংরেজি বোঝেন। প্রতিবাদটা তাই প্রত্যাশিতই ছিল। কী আশ্চর্য, তাঁরা শুধু হাসলেন। পরাক্রান্ত আর্জেন্টিনার বিপক্ষে পুঁচকে ইরানের তো উড়ে যাওয়ার কথা। অথচ আর্জেন্টিনার তরফ থেকে ৪-২ ভবিষ্যদ্বাণীরও কোনো প্রতিবাদ না আসাটাকে মনে হলো কোস্টারিকার প্রভাব। এ এক পাগুলে বিশ্বকাপ, যেখানে যেকোনো কিছুই সম্ভব।
টুর্নামেন্টের সপ্তাহ পেরোতে না-পেরোতেই স্পেন বাদ, ইংল্যান্ড বাদ। বাদ পড়তে যাচ্ছে ইতালি ও উরুগুয়ের একটিও। ১৯৭৮ বিশ্বকাপের পর ব্রাজিলকে কখনো দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়নি। এবার তারা এখনো অপেক্ষায়, অথচ চিলি আর কোস্টারিকা কি না দ্বিতীয় রাউন্ডে! পাগুলে বিশ্বকাপ না তো কী!
সাও পাওলো ও রিওর মতো বড় শহর থেকে বেলো হরিজেন্তেতে এলে প্রথমেই চোখ এবং মন কাড়ে শান্ত নিরিবিলি পরিবেশ। বেলো হরিজন্তে মানে বিউটিফুল হরাইজন। অপরূপ দিগন্ত। সেই দিগন্ত আসলেই মন কেড়ে নেওয়ার মতো। চারপাশে পাহাড় দিয়ে ঘেরা এই শৈল শহর টোস্টাওয়ের মতো ফুটবলার উপহার দিয়েছে ব্রাজিলকে। ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের পিয়াজ্জাও এখান থেকে। রোনালদো নামে ‘ফেনোমেনন’-এর ফুটবল অভিযাত্রা শুরু এই শহরের উপকণ্ঠের ক্লাব ক্রুজেইরোর হয়ে। ক্রুজেইরো বনাম অ্যাটলেটিকো মিনেইরো এই শহরের ফুটবল ডার্বি। যে মিনেইরোতে এখন খেলেন ছোট রোনালদো মানে রোনালদিনহো। সেই মিনেইরোর স্পোর্টস কমপ্লেক্সেই এই বিশ্বকাপে ঘাঁটি গেড়েছে আর্জেন্টিনা। কাল ইরানের বিপক্ষে ম্যাচটি এক অর্থে তাই আর্জেন্টিনার ঘরের মাঠেই হলো।
আর্জেন্টিনাকে দেখা হয়ে গেছে, বেলো হরিজন্তে এখন দিন গুনছে ব্রাজিলের অপেক্ষায়। গ্রুপ জিতলে এখানেই ব্রাজিলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। মেক্সিকোর বিপক্ষে ড্রয়ের পর অবশ্য আশঙ্কার একটা চোরাস্রোত টের পাওয়া যাচ্ছে। ক্যামেরুনের অবস্থা যাচ্ছে তাই। কিন্তু কে বলতে পারে! ফুটবলে শেষ কথা বলে কিছু নেই, সেটি যে বুঝিয়ে দিয়েছে কোস্টারিকা!
কাল মাঠে নেমেছেন মেসি। আজ নামছেন রোনালদো (শেষ পর্যন্ত নামতে পারবেন তো?)। আগামীকাল নেইমার। বিশ্বকাপের দ্বিতীয় সপ্তাহে পর পর তিন দিন বর্তমান বিশ্ব ফুটবলের চন্দ্র-সূর্য-তারাকে দেখার সুযোগ। এঁদের কেউ বিশ্বকাপের আকাশ থেকে খসে যান কি না, ম্যাচ তিনটি সেটির বার্তাবাহকও। কোস্টারিকা-চিলির কাছে থেকে প্রেরণা নিয়ে সব আন্ডারডগই যে এখন বলছে—মাঠে এসো, দেখা যাবে।
এই বিশ্বকাপে কোস্টারিকা দলের বেস ক্যাম্প সান্তোসে। পেলের স্মৃতিবিজড়িত স্টেডিয়ামেই কষা হয়েছে উরুগুয়ে ও ইংল্যান্ড-বধের ছক। যিনি কষেছেন, সেই হোর্হে লুইস পিন্টো কোনো দিন পেশাদার ফুটবলই খেলেননি। কোস্টারিকার কোচ হিসেবে এটি তাঁর দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসটা শেষ হয়েছিল বরখাস্ত হয়ে। এই কলম্বিয়ান এখন কোস্টারিকার জাতীয় বীর।
গত এপ্রিলে যে দুঃখটা পেয়েছিলেন, সেটিতেও কি একটু প্রলেপ পড়ল? গাড়ি ভেঙে চোর নোটবুক আর আইপ্যাড নিয়ে যাওয়ার পর পিন্টোর মনে হয়েছিল, ওই দুটি জিনিস রেখে গাড়িটা নিয়ে গেলেও ক্ষতিটা কম হতো। ২০ বছর ধরে জোগাড় করা ফুটবল-বিশ্বের নানা রথী-মহারথীর নাম্বার ছিল ওই নোটবুকে। আইপ্যাডে স্মৃতিকথার বেশ খানিকটা লেখা হয়ে গিয়েছিল। সেটি আবার লিখতে হবে। এখন নিশ্চয়ই শুরুটা হবে ২০১৪ বিশ্বকাপ-রূপকথা দিয়ে।
এর আগে তিনটি বিশ্বকাপ খেলেছে কোস্টারিকা। ২০০২ ও ২০০৬ বিশ্বকাপে আর প্রথমবারের চমক দেখানো হয়নি। ১৯৯০ সালে বিশ্বকাপ আবির্ভাবেই স্কটল্যান্ড ও সুইডেনকে হারিয়ে কোস্টারিকার দ্বিতীয় রাউন্ডে উঠে যাওয়াটা বড় চমকই ছিল, যেটি খেলোয়াড়দের চেয়েও বিখ্যাত করে দেয় কোচ বোরা মিলুটিনোভিচকে। এবারের চমকের সঙ্গে অবশ্য সেটিরও কোনো তুলনা চলে না। ‘গ্রুপ অব ডেথ’-এ পড়ার পর এবার কেউ কোস্টারিকার দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনার কথা বললে তাঁর মস্তিষ্কের সুস্থতা নিয়েই প্রশ্ন উঠত।
উরুগুয়েকে হারিয়ে দেওয়ার পরও তো ঘটনা তা-ই ছিল। ‘বিশ্বকাপে কখনো কখনো এমন অঘটন হয়ই’ ভেবে বাকি তিন দল নিয়েই হিসাব-নিকাশ। একবার হয়ে গেছে, তাই বলে আবারও হয় নাকি! ইতালির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তাই কোস্টারিকার জয়ের পক্ষে বাজির দর ছিল ১১: ২। এমনকি ড্রয়ের পক্ষেও ৩: ১। কোস্টারিকার জয়ের পক্ষে কেউ বাজি ধরে থাকলে তাঁর কপাল খুলে গেছে। পিন্টোকে এ কথা বললে অবশ্য পাল্টা জবাব আসতে পারে, ‘আমি তো আগেই বলেছিলাম।’
তিন বিশ্ব চ্যাম্পিয়নের গ্রুপ থেকে সবার আগে দ্বিতীয় রাউন্ডে উঠে যাবেন, এটা বলেননি। তবে ড্রয়ের পর যখন ‘গ্রুপ অব ডেথ’ থেকে ইতালি, উরুগুয়ে আর ইংল্যান্ডের মধ্যে কোনটি বাদ পড়ে আলোচনা: পিন্টো ঘোষণা করেছিলেন, ‘গ্রুপটা আমাদের খুব পছন্দ হয়েছে। ষাঁড় যত সাহসী হয়, ষাঁড়ের লড়াই ততই জমে।’
অধিনায়ক ব্রায়ান রুইজের কথাই বা বাদ থাকে কেন! ইতালি ম্যাচে ইংল্যান্ডকে বিদায় করে দেওয়া গোলটি তাঁরই। সেই রুইজ বিশ্বকাপে আসার আগেই বলেছেন, ‘আমরা ইতিহাস গড়তে চাই। পদচিহ্ন রেখে যেতে চাই পরবর্তী প্রজন্মের জন্য।’
তখন মনে হয়েছিল অকারণ বাচালতা। এখন কী মনে হচ্ছে, আপনি তা জানেন।