এ যেন পাড়ার ক্রিকেট!
বাসে করে শারজা স্টেডিয়ামে যাওয়ার সময় এক সাংবাদিকের মুঠোফোনে বাজছিল মান্না দের গান, ‘জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই...আমার এ পথে শুধু আছে মরুভূমি ধু ধু।’ প্রবাসে দেশীয় সুর নস্টালজিক করল অনেককে। প্রেমহারা প্রেমিকের মতো মরু শহর শারজায় পিসিএল কাভার করতে এসেও যে প্রতি পদে পদে পাড়ি দিতে হচ্ছে মরুভূমির ধূসর প্রান্তর! মরুর বালুতে রয়ে যাচ্ছে তিক্ততার দাগ। সেই দাগ অনিয়মের, কলঙ্কের।বিতর্ক-অভিযোগ—সবই এত দিন ছিল মাঠের বাইরের বিশৃঙ্খলা নিয়ে। এবার মাঠের খেলায়ও বিতর্কিত হলো আইসিসি ও বিসিবির অনুমোদিত এই টুর্নামেন্টটি। পিসিএলের কপালে শেষ কলঙ্ক তিলকটি পড়েছে পরশু সন্ধ্যায়। ইচ্ছামতো বাইলজ পরিবর্তনের ন্যক্কারজনক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে পিসিএলের দ্বিতীয় আসরে। দেশি-বিদেশি তারকা ক্রিকেটাররা খেলছেন, অথচ এখানকার কর্মকাণ্ড হার মানাচ্ছে পাড়ার ক্রিকেটকেও!টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতি দলে দুজন করে বিদেশি খেলোয়াড় খেলতে পারবেন। কিন্তু পরশু ঢাকা স্পোর্টসের বিপক্ষে পাইরেটস অব চিটাগাং তিন পাকিস্তানিকে মাঠে নামিয়ে দেয় এবং সেটা টুর্নামেন্ট কমিটির অনুমোদন নিয়েই! পাইরেটসের দুই পাকিস্তানি ব্যাটসম্যান ইয়াসির হামিদ ও রাশেদ হানিফ ততক্ষণে ব্যাট করে গেছেন। অলক কাপালির আউটের পর পাইরেটস মাঠে নামিয়ে দেয় আরেক পাকিস্তানি জেনিসার খানকেও। বেধে যায় বিপত্তি। খেলতে অস্বীকৃতি জানায় ঢাকা স্পোর্টস। তাতে ২৫ মিনিট খেলা বন্ধও থাকল।টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আজম নাসিরের ব্যাখ্যা, ‘আমাদের কোনো উপায় নেই। ভিসা না পাওয়ায় পাইরেটসের তিন-চারজন দেশি ক্রিকেটারকে আমরা শারজায় আনতে পারিনি। তাই বাধ্য হয়ে বিশেষ পরিস্থিতিতে তাদের তিন পাকিস্তানি খেলানোর অনুমতি দিতে হয়েছে। আয়োজকদের বিশেষ ক্ষমতাবলে এটা করা হয়েছে। যদি একটা টিম মাঝপথে টুর্নামেন্ট থেকে সরে যায় তাহলে পিসিএলের সৌন্দর্যহানি ঘটবে।’ঢাকা স্পোর্টস পরে খেলতে রাজি হলেও জুড়ে দেয় কঠিন শর্ত। ব্যাট করলেও বল করতে পারবেন না পাইরেটসের রাশেদ হানিফ। আয়োজকেরাও রাজি হয়ে যান এই শিশুসুলভ প্রস্তাবে। এ যেন এক অনিয়ম ঢাকতে হাজার অনিয়মের আশ্রয় নেওয়া! শেষ পর্যন্ত সেটাই হয়েছে, রাশেদ হানিফ বল করেননি। মাঠে এর মৃদু প্রতিবাদ করলেও পাইরেটস ম্যাচটা খেলে। কিন্তু ৮ উইকেটে হারার পর কাল সকালে তারা এ ঘটনার প্রতিবাদে দল প্রত্যাহারের ঘোষণা দেয়। বিপাকে পড়ে যায় পিসিএল কর্তৃপক্ষ। পরে অবশ্য পাইরেটসকে বুঝিয়ে-সুঝিয়ে সে পথ থেকে ফেরানো হয়।পাইরেটসের স্বত্বাধিকারী আহসান ইকবাল ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘সোমবারের ম্যাচে আমাদের একজন বোলারকে বোলিং করতে দেওয়া হয়নি। অথচ আমাদের আর কোনো বোলার নেই। ক্রিকেটের ইতিহাসে এমন কোনো নজির নেই যে, একজন ক্রিকেটার ব্যাট করতে পারবে কিন্তু বোলিং করতে পারবে না! এর প্রতিবাদে আমরা সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’ সে সিদ্ধান্ত থেকে পরে সরে এলেও তারা পরবর্তী ম্যাচগুলোয় রাশেদ হানিফের ব্যাটিং-বোলিংয়ের নিশ্চয়তা চেয়েছেন।অনেক জটিলতা ও সংকটের মধ্য দিয়ে চলা পিসিএলে নিয়ম না মানার ঘটনা অবশ্য উদ্বোধনী দিনেই ঘটেছে। মোহামেডান-নোয়াখালী টপ স্পোর্টসের উদ্বোধনী ম্যাচে মোহামেডানের পক্ষে একই শ্রেণীভুক্ত দুই ক্রিকেটারকে মাঠে নামার সুযোগ দিয়ে প্রথম বাইলজ বিতর্কের জন্ম দেয় কর্তৃপক্ষ। পাড়ার ক্রিকেটে যেমন হয় আর কি!