যেদিকে তাকাবেন, শুধু প্রার্থী আর প্রার্থী!ডানে প্রার্থী, বামে প্রার্থী। সবাই প্রার্থী।বাফুফের ২৮ এপ্রিলের নির্বাচন সামনে রেখে বসেছে প্রার্থীর মেলা! বাফুফে ভবনে এখন ঢোকাই দায়। আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা আজ। প্রত্যাহারের সুযোগও আছে। তার আগে সবাই এখন বাফুফে ভবনমুখী।নির্বাচনে এবার প্রার্থী হওয়ার বিপুল আগ্রহ সবার মধ্যে। গতকাল তৃতীয় দিন পর্যন্ত মনোনয়নপত্র বিক্রির সংখ্যাটা অবিশ্বাস্য—৬৭! আজও মনোনয়নপত্র বিক্রি চলবে। ধারণা করা হচ্ছে, ২১ পদের বিপরীতে প্রার্থী হতে পারে চার গুণ!এত দিন ডুমুরের ফুল হয়ে থাকা অনেকেই বাফুফে ভবনে আসছেন। সবারই লক্ষ্য অভিন্ন—ফুটবলের উন্নয়ন। বাংলাদেশে এত ফুটবলপ্রেমী সংগঠক থাকার পরও এই দেশের ফুটবলের এমন বেহাল অবস্থা কেন! এ নিয়ে রসিকতা শোনা যায় অনেকের মুখে। ফুটবল লিগ চলার সময় মাঠে যান না কেউ। তৃণমূল ফুটবল ইট-পাথরে সয়লাব মাঠে হয়। একজন সংগঠকও ঢুঁ মেরে দেখেন না কী হচ্ছে!সেই ফুটবলে এখন প্রার্থীর জোয়ার। বাফুফের ভবনে কর্মকর্তাদের বসার কক্ষে স্থানসংকুলান হয় না। প্রায় সব কক্ষেই প্রার্থী। গায়ে গায়ে ধাক্কা লেগে যাচ্ছে—ভিড়ে এমন গিজগিজ অবস্থা। ক্রমেই ভিড় বাড়ছে। তাঁদের অনেকে শখের প্রার্থী। নির্বাচনে যে কেউ প্রার্থী হতে পারেন, এই নিয়ম করার পর নির্বাচন করার সুযোগ নিচ্ছেন অনেকেই। ঢাকা সিটি করপোরেশন নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় অনেকেই এখন ফুটবলে যাতায়াত বাড়িয়েছেন। ওই নির্বাচনে প্রার্থী হতে পোস্টার ছাপানো অনেক মুখ ফুটবলের নির্বাচনী ময়দানে জানান দিচ্ছেন নিজের উপস্থিতি। বাফুফের সাবেক সহসভাপতি আবদুর রহিম ঢাকার মেয়র পদে নির্বাচন করবেন বলে প্রচারণা চালাচ্ছিলেন। তিনি এখন বাফুফের সভাপতি পদে নির্বাচন করতে আগ্রহী। সেটা সাংবাদিকদের জানিয়েছেনও।পরিস্থিতি কী দাঁড়ায়, দু-তিন দিনের মধ্যেই পরিষ্কার হবে। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার দিনে মহা হুলুস্থুল অবস্থা হবে বাফুফে ভবনে। বর্তমান ক্ষমতাসীনেরা কিছু কাটছাঁট করে একটি পরিষদ ঘোষণা করছে আজ। সম্মিলিত ঐক্য পরিষদ নামের ওই পরিষদে সভাপতি প্রার্থী বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। তাঁকে রেখেই সমঝোতা হচ্ছে। সম্মিলিত ঐক্য পরিষদের অন্যতম নেতা বাদল রায় জানিয়েছেন, পাঁচটি সহসভাপতি পদেও পুরোনো মুখই থাকছে। সদস্য পদে কিছু রদবদল হবে।তবে ঐক্য পরিষদে জায়গা পাওয়া না-পাওয়া নিয়ে মান-অভিমানও আছে অনেক। অনেকে সহসভাপতি হতে চান। কিন্তু সেখানে তাঁদের জায়গা দেওয়া যাচ্ছে না। নানা সমীকরণের ফলে বিরক্ত হয়ে খোদ ঐক্য-প্রক্রিয়ার অগ্রণী মুখ হারুনুর রশিদই নাকি নির্বাচন করতে চান না। পদ ভাগাভাগি নিয়ে ঐক্য পরিষদের শ্যাম রাখি না কূল রাখি অবস্থা। তবে ঐক্য পরিষদ প্রার্থী দিলেই জয় নিশ্চিত নয়। এই নির্বাচন অন্তত সেটি ভালো করে জানান দিচ্ছে।