এ যেন বাংলাদেশ বনাম মালদ্বীপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাথলেটিকস ট্র্যাকে দাঁড়ানো কিশোরেরা মাঠে ঢোকার অপেক্ষায়। হাতে এএফসির লোগো লাগানো নীল পতাকা। মাইকে বেজে উঠল ফিফার ফেয়ার প্লে সংগীত। স্টার স্পোর্টসের কলাকুশলীরা ব্যস্ত ম্যাচ সম্প্রচারের সরঞ্জাম বসাতে। মাঠের চারপাশের হোর্ডিংগুলোয় এএফসির আন্তর্জাতিক বিজ্ঞাপনের ছোঁয়া। ফাল্গুনের শেষ বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুধুই এএফসি কাপের উত্তাপ। আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা আবাহনী মুখোমুখি হবে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টসের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী আগে পাঁচবার খেলেছে এএফসি প্রেসিডেন্টস কাপে। গ্রুপ পর্ব পেরোতে পারেনি একবারও। ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার সুযোগ পেয়েছে এএফসি কাপে। সুযোগটা কাজে লাগিয়ে পরের রাউন্ডে যেতে চায় আকাশি-নীলরা। অধিনায়ক মামুন মিয়ার মুখে এই চাওয়ারই প্রতিফলন, ‘এএফসি কাপে জয় দিয়ে শুরু করতে চাই। আন্তর্জাতিক টুর্নামেন্টে আমাদের পারফরম্যান্স ভালো না। এই ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে চাই।’
চাইলেই কি আজ নিজেদের মেলে ধরতে পারবে আবাহনী? মালদ্বীপের সুপারকাপ চ্যাম্পিয়নদের সামনে যে অনেকটা ক্ষয়িষ্ণু শক্তির দল তারা! সম্প্রতি শেষ হওয়া শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে ক্লাবেই ফেরেনি দলের গুরুত্বপূর্ণ পাঁচ ফুটবলার—আরিফুল ইসলাম, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, তপু বর্মণ, জুয়েল রানা ও শাকিল আহমেদ। দুই দিন আগে শোকজ পেয়ে তাঁরা ক্লাবে ফেরার চেষ্টা করলেও কোচ দ্রাগো মামিচ অনুশীলনে যোগ দেওয়ার অনুমতি দেননি। এমনকি কাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বলেই ফেললেন, ‘এই পাঁচজন ছাড়াই কাল গড়া হবে ১৮ জনের স্কোয়াড।’
ইংলিশ স্ট্রাইকার লি টাক আবাহনী ছাড়ার পর আক্রমণে বড় ভরসা ছিলেন জুয়েল রানা ও জোনাথন ডেভিড। যদিও জুয়েলের বদলে চট্টগ্রাম আবাহনীর রুবেল মিয়াকে এএফসি কাপের জন্য নেওয়া হয়েছে। এসব দূরে সরিয়ে কোচ দ্রাগো মামিচের ভাবনায় শুধুই আজকের ম্যাচ, ‘কালকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা ভালো কিছু করতে চাই।’
চেনা মাঠ, পরিচিত দর্শক। এর চেয়েও বড় ব্যাপার, বছর তিনেক আগে মালদ্বীপ জাতীয় দলের কোচ ছিলেন মামিচ। মাজিয়ার আট ফুটবলার খেলেছেন তাঁর অধীনে। এটাও আবাহনীর একটা বাড়তি সুবিধা। তবে আবাহনীকে ফেবারিট বলছেন না ক্রোয়াট কোচ, ‘ওদের সবার সামর্থ্য আমার জানা। তবে কাউকে ফেবারিট বলতে চাই না। ম্যাচটা হতে পারে ফিফটি ফিফটি।’
গত ফেব্রুয়ারিতে শেখ কামাল ক্লাব কাপে মালদ্বীপের টিসি স্পোর্টসের কাছে হেরেছিল আবাহনী। যদিও এই টিসি স্পোর্টসের কাছে গত নভেম্বরে মালদ্বীপ লিগে হারে মাজিয়া। তবে এসব সমীকরণের সঙ্গে আজকের ম্যাচটিকে মেলাতে চাইলেন না মাজিয়ার মেসিডোনিয়ান কোচ মারজান সেকুলোভস্কি, ‘ওটা প্রীতি টুর্নামেন্ট। ওসবের সঙ্গে এটার তুলনা করতে চাই না।’
আবাহনী শিবিরে আতঙ্ক ছড়াতে পারেন মাজিয়ার অধিনায়ক আবদুল্লাহ আসাদুল্লাহ। মালদ্বীপ জাতীয় দলের স্ট্রাইকারের কাছেই যে গত ২ সেপ্টেম্বর প্রীতি ম্যাচে হেরেছিল বাংলাদেশ। ৫-০ গোলের জয়ে সেদিন হ্যাটট্রিক করেছিলেন আসাদুল্লাহ।
কাল ছিল মাজিয়ার কোচের ৫১তম জন্মদিন। জন্মদিনের সেরা উপহার হিসেবে ‘জয়ই’ দিতে চাইবেন আসাদুল্লাহরা।