এ যেন বিদেশিদের লিগ!
পেশাদার লিগের শুরু থেকেই দাপট বিদেশিদের। সর্বোচ্চ গোলদাতা তালিকায় চোখ বোলালেই সেটি স্পষ্ট হয়ে যাচ্ছে। ব্যতিক্রম শুধু তৃতীয় লিগটা। সেবার এনামুল করেছিলেন সর্বোচ্চ ২১ গোল, এমিলি ১৯ ও শরিফ ১৬টি। বাকি চারটি লিগেই সর্বোচ্চ গোলদাতা তালিকায় বিদেশিদের ভিড়ে স্থানীয় খেলোয়াড়েরা প্রায় অদৃশ্য!এবার বিদেশি নিবন্ধনের কোটা ছিল সাত, ম্যাচে খেলতে পেরেছেন চারজন। সব দলেরই আক্রমণ ভাগে বিদেশিদের আধিক্য, এটা সেরা গোলদাতার লড়াইয়ে বিদেশিদের অগ্রগামিতার একটা বড় কারণ। তার পরও স্থানীয় খেলোয়াড়েরা হতাশই করেছেন।কাল শেষ হওয়া পঞ্চম পেশাদার লিগে স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ ৬ গোল করেছেন মিঠুন। ১৭ গোল নিয়ে সবার ওপরে ইসমাইল বাঙ্গুরা। গতবার মিঠুন ১৬ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন। পরের লিগেই, তার মানে এবার অদৃশ্য এই তরুণ স্ট্রাইকার। মুক্তিযোদ্ধায় তাঁর সতীর্থ এমিলির গোল এবার পাঁচটি।প্রথম পেশাদার লিগে সর্বোচ্চ ১২ গোল করেছিলেন মোহামেডানের পল। পরের বার সর্বোচ্চ ১৮ গোল করেছেন বুকোলা ওলালেকান। গতবার মুক্তিযোদ্ধার জার্সি গায়ে জেমস মগা করেন ১৯ গোল।একনজরে এবারের লিগের সর্বোচ্চ গোলদাতা: ১৭ গোল—ইসমাইল বাঙ্গুরা (বিজেএমসি), ১৫—সানডে সিজোবা (মুক্তিযোদ্ধা), ১৩—লাকি পল (আবাহনী) ও সিউ জুনাপিও (ফরাশগঞ্জ), ১১—থুয়াম ফ্রাঙ্ক (আবাহনী), ১০—কেস্টার অ্যাকন (শেখ জামাল), ৯—কিংসলে সিগোজি (ব্রাদার্স), ৮—এলিটা কিংসলে (আরামবাগ) ও রোলান্ড (ফেনী সকার), ৭—উইলকক্স (মোহামেডান) ও বুকোলা (শেখ রাসেল), ৬—মিঠুন (মুক্তিযোদ্ধা), ডি সুজা লিমা (মুক্তিযোদ্ধা) ও আনোয়ার (শেখ রাসেল), ৫—জোসুয়া (ব্রাদার্স), জোয়েল (আরামবাগ), মোহাম্মদ রনি (মোহামেডান) ও জাহিদ হাসান এমিলি (মুক্তিযোদ্ধা)।