এ যেন সেই পুরোনো চিত্রনাট্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব চিত্রনাট্যকারই চান কাহিনির শুরুতেই একটা টুইস্ট থাকুক। তাতে গল্প জমবে বেশ। পরশু এল ক্লাসিকো নাট্যায়নের শুরুতেই থাকল চমকস্য চমক। রেফারি বাঁশিতে ফুঁ দিয়েছেন কি দেননি, ঘড়িতে ২২ সেকেন্ড পেরিয়েছে কি পেরোয়নি, গোল! হতভম্ব হয়ে মাথায় হাত দিয়ে বসে আছেন ভিক্টর ভালদেস। এ-ওর মুখ চাওয়া-চাউয়ি করছেন আলভেজ-পিকে। মেসি হতাশা-বিরক্তিতে নাক-মুখ কুঁচকালেন। আর পাশেই তখন সাদা জার্সির উৎসবে রোনালদো-মার্সেলো-ডি মারিয়ারা। উৎসবের কেন্দ্রে ভালদেসের ভুলের চরম মাশুল তুলে এল ক্লাসিকোর ইতিহাসে দ্রুততম গোল করা করিম বেনজেমা।কাহিনিতে যত ক্লাইম্যাক্স-অ্যান্টিক্লাইম্যাক্স থাকবে, ততই তা জমবে। পরশু এভাবে পর্দা উঠেছে যে নাটকের; কাহিনির ঘাত-প্রতিঘাতে এগিয়ে গিয়ে সেটির সমাপ্তি কিন্তু একেবারেই অন্যভাবে। সান্তিয়াগো বার্নাব্যুর ভরা গ্যালারিতে ‘হোসে মরিনহোকে ছাঁটাই করো’ স্লোগান তুলে দিয়ে বার্সেলোনাই মাতল জয়ের উৎসবে। রিয়ালকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়ে শীর্ষস্থান ফিরে পেল বার্সা। ১৫ ম্যাচ শেষে থামল রিয়ালের জয়রথ। মৌসুমে এই প্রথম নিজেদের মাঠেও পেল পরাজয়ের স্বাদ।বেনজেমার ওই গোলের পর আরও কয়েক মিনিট রিয়াল বার্সার রক্ষণে স্নায়ুর পরীক্ষা নিয়েছে। তবে সপ্তম মিনিটে মেসি-ম্যাজিকে আরেকটু হলে সমতা ফিরিয়েই দিয়েছিল বার্সা। দারুণভাবে রুখেছেন ইকার ক্যাসিয়াস। তখন হয়নি। কিন্তু মেসি-ম্যাজিকেই বার্সা সমতা ফিরিয়েছে ৩০ মিনিটে। নিজেদের সীমানা থেকে চারজন ডিফেন্ডারকে কাটিয়ে দারুণভাবে রিয়ালের প্রান্তে ঢুকেছিলেন মেসি। তাঁর নিখুঁত থ্রু বল খুঁজে নিয়েছিল ওত পেতে থাকা অ্যালেক্সিস সানচেজকে। এই ২২ বছর বয়সী চিলিয়ানের দুর্দান্ত ফিনিশিংয়ে স্কোরলাইন ১-১।দ্রুতই মরিহোর শিখিয়ে দেওয়া বিদ্যা ভুলে যায় তাঁর শিষ্যরা। ম্যাচের লাগাম মুঠোয় পুরে নেয় বার্সা। রিয়ালকে নির্ভর করতে হয় পাল্টা-আক্রমণে। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটের মাথায় ৬০০তম ম্যাচ খেলতে নামা জাভির শট মার্সেলোর গায়ে লেগে দিক পাল্টে ঢুকে যায় জালে। ২-১! প্রথমে এটিকে আত্মঘাতী গোল দেওয়া হলেও পরে বিশ্লেষণ করে দেওয়া হয় জাভির নামেই। রিয়ালের আশার কফিনে পেরেক ঠুকে দেন প্রথম এল ক্লাসিকো খেলতে নামা সেস ফ্যাব্রিগাস। ডান প্রান্ত থেকে দানি আলভেজের ক্রসে হেড করে স্কোরলাইনটাকে বানিয়ে দেন ৩-১! লিগে যা ফ্যাব্রিগাসের দশম গোল।শেষ পর্যন্ত ওই ব্যবধানে হেরেই মাথা নিচু করে মাঠ ছাড়ে রিয়াল। অবশ্য ভাগ্যক্রমে প্রথম গোলটি পেলেও ভাগ্য পরে আর পক্ষে ছিল না তাদের। গোলের সহজ দুটি সুযোগ নষ্ট করেছেন ম্যাচে নিজের ছায়া হয়ে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো। তিনটি ফ্রি-কিকও নিয়েছেন একদমই বাজে। অন্যদিকে মেসিও যে নিজের পুরো ছন্দে ছিলেন তা নয়। পুরো ম্যাচে দুবার জাদু দেখিয়েছেন। কিন্তু তাতেই আসল কাজটা হয়ে গেছে।এই জয় বার্সার জন্য ছিল খুবই জরুরি। লিগের লড়াইটা আবার জমে উঠল দারুণ। অবশ্য দুই দলেরই পয়েন্ট সমান হলেও রিয়াল ম্যাচ একটা কম খেলেছে। তবে গার্দিওলা তৃপ্তি পেতে পারেন, ক্রিসমাসের আগের এল ক্লাসিকো যে জেতে, শেষ পর্যন্ত শিরোপা সেই দলের হাতেই ওঠে। গত সাত মৌসুমেই এটা হয়েছে। এবারও কি হবে? এএফপি, রয়টার্স।