এ শুধু খেলা দেখার দিন
স্পেন আর হল্যান্ড। লাল আর কমলা। পুরো স্পেনই যেন ছেয়ে গেছে লালে, হল্যান্ড কমলায়। ইতিহাস হাতছানি দিয়ে ডাকছে স্প্যানিয়ার্ড আর ডাচদের। ইতিহাসের বোধনে সাড়া দিতে জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে স্পেন আর হল্যান্ড। আর দুই দেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে ইতিহাসের সাক্ষী হতে।স্প্যানিয়ার্ডরা তাদের দেশকে রাঙিয়েছে জাতীয় পতাকার লাল রঙে। হল্যান্ডে ডাচরাও করেছে তা-ই। জাতীয় পতাকার কমলা রঙে সাজিয়ে নিয়েছে শহর থেকে শহর, পুরো দেশটিকেই। আজ তারা নাচবে-গাইবে। মনেপ্রাণে সমর্থন করবে নিজ দেশকে। নিয়ে রেখেছে ম্যাচ শেষে উৎসবের প্রস্তুতিও।হল্যান্ডে আজ পুলিশ থেকে পাইলট, সুস্থ-সামর্থ্য মানুষ থেকে রোগী, থুরথুরে বুড়ো থেকে উদ্যমী তরুণ, বাড়ির বউ-ঝি থেকে শুরু করে রাস্তার দেহপসারিণী—কেউ কাজ রেখে, কেউ অসুস্থতার কথা ভুলে বসে যাবে টিভি সেটের সামনে। ধনী-গরিবের ব্যবধান ভুলে টিভি সেটের সামনে বসবেন কারখানার মালিক আর শ্রমিক। সবাই তাকিয়ে থাকবে ইতিহাসের সাক্ষী হওয়ার দিকে। চোখে একটাই স্বপ্ন—তৃতীয়বারের মতো ফাইনালে ওঠা হল্যান্ড জিতবে প্রথম বিশ্বকাপ।ডাচ বিমান কেএলএমের মুখপাত্র ইনগ্রিড ক্লেইন জানিয়েছেন, আকাশে থাকা অবস্থায়ও তাঁদের পাইলটদের খেলার সর্বশেষ খবর জানানো হবে, ‘আমাদের পাইলটরা খেলার সর্বশেষ অবশ্যই জানতে পারবে। এখন এটা তাদের ব্যাপার যে যাত্রীদের সঙ্গে তারা খবরটা ভাগাভাগি করবে কি না।’ হল্যান্ড পুলিশের মুখপাত্রও দিয়েছেন একই রকম খবর, ‘যারা ওই সময়ে দায়িত্বে থাকবে না তারা তো খেলা দেখবেই, আর যারা ওই সময়ে কাজে থাকবে তাদের জানানো হবে সর্বশেষ সংবাদ।’ আমস্টারডামের এক বারবণিতা বললেন, ‘সব কাজ রেখে খেলা দেখব।’কেউ বাড়িতে, কেউ হাসপাতালে, কেউ শহরের বিভিন্ন জায়গায় দৈত্যাকার পর্দায় খেলা দেখবে। তবে যে যেখানেই খেলা দেখুক, হাতে জাতীয় পতাকাটা থাকবেই। হল্যান্ডের এক ব্যবসায়ী ধারণা করছেন, আজ হল্যান্ডে জাতীয় পতাকাসহ সব ধরনের কমলা রঙের জিনিসের বিক্রি পুরোনো সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। একই অবস্থা স্পেনে। চারদিকে শুধু লালের সমারোহ। নিজেকে জাতীয় পতাকায় মুড়িয়ে রাস্তায় নেমে গেছে অনেকে। রাজধানী মাদ্রিদে হবে সবচেয়ে বড় আয়োজন। স্পেনের যেকোনো উৎসবের কেন্দ্রবিন্দু মাদ্রিদের পাসেও ডি কাস্তেল্লানা এভিনিউ। স্পেনের খেলা দেখার জন্য সবচেয়ে বড় আয়োজনটা হচ্ছে সেখানেই। ধারণা করা হচ্ছে, এখানে বড় পর্দায় খেলা দেখবে প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ। এদিক দিয়ে হল্যান্ডকে ফাইনালের আগেই হারিয়ে দিল স্পেন। কারণ হল্যান্ডের সবচেয়ে বড় আয়োজন হবে যেখানে, সেই আমস্টারডামে একসঙ্গে খেলা দেখবে নাকি ৫০ হাজার মানুষ। স্পেনের মানুষের বিশ্বাস আজ মাঠের লড়াইয়েও স্পেন হারিয়ে দেবে হল্যান্ডকে। সব কাজ বাদ দিয়ে খেলা দেখার জন্য জড়ো হতে চলা স্প্যানিয়ার্ডরা স্পেনের লাল রঙের সঙ্গে জয়ের রঙে মন রাঙিয়ে ফিরতে চায় বাড়ি। ঘরে তুলতে চায় প্রথম বিশ্বকাপ ট্রফি। ডাচদেরও একই প্রত্যাশা। কমলার সঙ্গে মিশে একাকার হবে বিশ্বকাপ ট্রফির সোনালি রং!দু দেশের মানুষের কণ্ঠেই যেন আজ একই স্লোগান—এ শুধু খেলা দেখার দিন...!