এ সপ্তাহেই মরিনহোর বিদায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃস্বপ্নের একটা মৌসুম কাটল রিয়াল মাদ্রিদের। হোসে মরিনহো বলেছেন, এটা ছিল তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বাজে মৌসুম। বলবেন নাই-বা কেন? বড় কোনো বড় ট্রফি ছাড়াই যে মৌসুমটা শেষ হলো রিয়ালের। মরিনহো এই মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন—এমন গুঞ্জন অনেক দিন ধরেই ভেসে বেড়াচ্ছে বাতাসে। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোর কাছে কোপা ডেল রের ফাইনালে হারের পর গুঞ্জনের পালে লেগেছে জোর হাওয়া।

স্প্যানিশ গণমাধ্যম জানাচ্ছে, এই সপ্তাহেই বার্নাব্যু থেকে বিদায় নিতে পারেন ‘স্পেশাল ওয়ান’। পুরোনো ক্লাব চেলসিতেই ফিরে যাচ্ছেন বলে খবর। মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কাতো কাল শিরোনামই করে দিয়েছে, ‘তিনি চেলসিতেই যাচ্ছেন।’ রিয়াল এই সপ্তাহেই মরিনহোর সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলতে পারে, এমন আভাসও দিয়েছে মার্কা।

তবে আরেক পত্রিকা এল মুন্ডোর দেওয়া খবর সত্যি হলে সেটা হবে চমক। মরিনহোকে নাকি মৌসুম শেষের আগেই বিদায় বলে দেবে রিয়াল। রিয়ালের ম্যাচ বাকি আর দুটি, মুন্ডোর তথ্যমতে রিয়াল সোসিয়েদাদ ও ওসাসুনার সঙ্গে সেই ম্যাচ দুটিতে আর ডাগ-আউটে থাকছেন না মরিনহো, ‘মাদ্রিদ এখনই মরিনহোকে পদচ্যুত করতে চায়। বোর্ড ও প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ কোপা ডেল রের পরাজয়ের পর বলেছেন, আর নয়। ড্রেসিংরুমের অস্থিতিশীল পরিবেশ তো আছেই, রিয়াল এখন পর্তুগিজ-যুগের শেষ দেখতে চায়’—পত্রিকাটির দাবি।

তবে অন্যসব পত্রিকা এমনটি ভাবছে না। আরেক স্প্যানিশ দৈনিক এএস দাবি করছে, খুব তাড়াতাড়ি এমন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা নেই রিয়ালের, ‘তাঁর বিদায়টা মৌসুম শেষের আগেই হবে এমনটা ক্লাবের কেউ ভাবছে না। চিত্রনাট্যটা এখনো অন্তত সে রকম নয়, যদিও মরিনহোকে নিয়ে আগাম কিছু বলা কঠিন।’

তবে একটা ব্যাপারে পত্রিকাগুলোর সুর অভিন্ন, আজ হোক কাল হোক, মরিনহোকে বিদায় নিতেই হচ্ছে। এবং সেটা এই মৌসুম শেষেই। কিন্তু কে হচ্ছেন মরিনহোর উত্তরসূরি? পিএসজির শিরোপাজয়ী কোচ কার্লো আনচেলত্তির নামটাই শোনা যাচ্ছে বেশি। পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো কাল জানিয়েছেন, আনচেলত্তি রিয়ালে যাওয়ার জন্য তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন। তবে তাঁকে ছাড়তে চাইছে না ফরাসি ক্লাবটি। এএফপি।