জর্জ হেডলি, এভার্টন উইকস, ক্লাইড ওয়ালকট, গ্যারি সোবার্স, রোহান কানহাই, লরেন্স রো, গর্ডন গ্রিনিজ, ব্রায়ান লারা...নামগুলো প্লিজ আবার পড়ুন। পড়ে বলুন, এখানে আর কার নাম যোগ হতে পারে? এঁরা সবাই ওয়েস্ট ইন্ডিজের ‘ব্যাটিং গ্রেট’। বাইরে কে আছেন, কে আছেন? আরে, ভিভ রিচার্ডসই তো নেই!ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের যুগওয়ারী গ্রেট ব্যাটসম্যানদের তালিকা করতে বসলে চারটি নাম আসে। জর্জ হেডলি, এভার্টন উইকস, ভিভ রিচার্ডস ও ব্রায়ান লারা। শুরুতেই যে নামগুলো লিখলাম, সেখানে এই চারজনের তিনজন আছেন। শুধু ভিভ রিচার্ডসই নেই এবং নামটা ভুলক্রমে বাদ পড়েনি। ওই তালিকায় ভিভ রিচার্ডসের যে প্রবেশাধিকার নেই!বিস্ময়ই বলতে হবে, ভিভ রিচার্ডসের যে কীর্তি নেই, সেটিই করে ফেললেন কাইরান পাওয়েল। টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরির কীর্তি। বিস্ময় বলায় কোনো অতিশয়োক্তি নেই। কারণ, কাইরান পাওয়েল নিজেই মহাবিস্মিত!সংবাদ সম্মেলন শেষে ফিরে যাওয়ার পথে একে একে নামগুলো বললাম তাঁকে। প্রথমে বুঝতে পারছিলেন না, ঘটনা কী। শেষে যখন বলা হলো, এঁদের সঙ্গে এখন তোমার নাম, ২২ বছর বয়সী তরুণের চোখ কপালে ওঠার জোগাড়, ‘বলেন কী, আমি এঁদের দলে! এঁরা তো সব গ্রেট!’জোড়া সেঞ্চুরির আনন্দে ভাসছিলেন। এই কীর্তি কী সব রথী-মহারথীর পাশে তাঁর নাম লিখে দিয়েছে জানার পর সেই আনন্দ এমনই বাঁধনছাড়া যে, আমাকেই ধন্যবাদ দিতে শুরু করলেন! ‘থ্যাংক ইউ! থ্যাংক ইউ!’দ্বিতীয়বার ‘থ্যাংক ইউ’ বলার পর দুষ্টুমি করে বললাম, আমাকে ‘থ্যাংক ইউ’ বলছ কেন, আমার তো এখানে কোনো ভূমিকা নেই। পাওয়েল হাসলেন, ‘আপনাকে ধন্যবাদ দিচ্ছি এটা জানানোর জন্য। আমি তো জানতামই না।’পাওয়েলের আগে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের মধ্যে সর্বশেষ এই কীর্তি ছিল ব্রায়ান লারার। লারার সময়েই বেড়ে উঠেছেন, লারার মতোই বাঁহাতি ব্যাটসম্যান। ব্রায়ান লারাই যে পাওয়েলের ‘আইডল’ হবেন, তা তো অনুমান করাই যায়। অনুমানটা একদমই ঠিক নয়। পাওয়েলের আদর্শ ওয়েস্ট ইন্ডিজের এই দলেই আছেন—ক্রিস গেইল। বললেন, ‘আই লুক আপ টু ক্রিস গেইল অ্যা লট।’কিন্তু ক্রিস গেইল তো বেশি দিনের ব্যাপার নয়। শৈশবে অন্য কোনো ‘হিরো’ ছিল না? ছিল। ওয়েস্ট ইন্ডিজের এই দলের ম্যানেজার রিচি রিচার্ডসন। এর আগে ডেসমন্ড হেইন্স। যে তালিকায় তাঁর নাম উঠে গেল, একদিন ওঁদের মতো হওয়ার স্বপ্ন দেখেন না? দেখেন এবং তা সত্যি করতে কী করতে হবে মৃদুভাষী তরুণ সেটিও জানেন, ‘সে জন্য আমাকে আরও ১০-১২ বছর খুব ভালো খেলতে হবে।’একটা জায়গায় অবশ্য এখনই অনন্য কাইরান পাওয়েল। তাঁর আগে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জোড়া সেঞ্চুরিয়ানদের সবাই ক্যারিবিয়ানের বড় বড় দেশের ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজে ‘বিগ আইল্যান্ড’ আর ‘স্মল আইল্যান্ড’ কথাটা খুব শোনা যায়। বারবাডোজ, ত্রিনিদাদ ও জ্যামাইকা হলো ‘বিগ আইল্যান্ড’। ক্যারিবিয়ানরা বলে ‘বিগ থ্রি’। দ্বীপদেশ না হয়েও বড় দেশ বলে এদের সঙ্গে গায়ানাও যোগ হয়। ঘরোয়া ক্রিকেটে এই চারটি দেশই শুধু নিজেদের নামে খেলে। ছোট ছোট বাকি দ্বীপদেশগুলো খেলে দুই ভাগে ভাগ হয়ে, উইন্ডওয়ার্ড আইল্যান্ডস ও লিওয়ার্ড আইল্যান্ডস নামে। জোড়া সেঞ্চুরির কীর্তিতে পাওয়েলের পূর্বসূরি আটজনের চারজনই বারবাডোজের। জ্যামাইকার দুজন, বাকি দুজন গায়ানা ও ত্রিনিদাদের। এঁদের সঙ্গে নাকি যোগ হয়ে গেলেন পুঁচকে নেভিসের এক ব্যাটসম্যান!ক্রিকেটের এক পতাকাতলে এসে দাঁড়ালেও ক্যারিবিয়ান দেশগুলোর মধ্যে রেষারেষি খুব তীব্র। ‘বড়’ আর ‘ছোট’র সম্পর্ক যেমন হয়, ছোট দ্বীপগুলোতে গেলেই আপনি অবধারিত শুনতে পাবেন বঞ্চনার অনুযোগ। শুধু ছোট দ্বীপ বলেই তাদের যেসব ক্রিকেটার টেস্ট খেলার সুযোগ পাননি বলে দাবি, সেই সংখ্যাটা দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেটারের সংখ্যার চেয়েও বেশি! কাইরান পাওয়েলের জোড়া সেঞ্চুরির তাই আলাদা একটা মাহাত্ম্য আছেই।২০০৭ বিশ্বকাপে এক ওভারে ছয় ছক্কা মারার পর হার্শেল গিবসকে সেন্ট কিটস ও নেভিসের নাগরিকত্ব দিয়ে দেওয়া হয়েছিল। কারণ কী, কীর্তিটা সেন্ট কিটসের মাঠে করেছেন বলে গিবসের কল্যাণে দেশটির নাম প্রচারিত হয়েছে বিশ্বে। দেশে ফেরার পর কাইরান পাওয়েল সেন্ট কিটসের সর্বোচ্চ সম্মানসূচক খেতাব পেয়ে গেলে একটুও বিস্মিত হব না।