এঁরা সবাই 'বাপকা বেটা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারিবারিক ব্যবসা বা ‘ফ্যামিলি বিজনেস’-এর কথা শোনা গেছে। কেকে রসবার্গের কাছ থেকে ‘ফ্যামিলি স্পোর্ট’ কথাটাও জানা গেল। অবশ্য তিনি এ দাবি করতেই পারেন। ফর্মুলা ওয়ান যে আসলেই রসবার্গ পরিবারের ‘পারিবারিক খেলা’। কেকের পর তাঁর ছেলেও জিতলেন ফর্মুলা ওয়ান। বিভিন্ন খেলার বিশ্ব আসরে এমন পারিবারিক কীর্তির গল্প শুনুন—

ফর্মুলা ওয়ান 

কেকে ও নিকো রসবার্গ ফর্মুলা ওয়ানে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া প্রথম বাবা-ছেলে নন। এই কীর্তি প্রথম গড়েছিলেন গ্রাহাম ও ড্যামন হিল। হিল সিনিয়র ১৯৬২ ও ১৯৬৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ন, ড্যামন একমাত্র শিরোপাটি জেতেন ১৯৯৬ সালে।

রোয়িং
ইতালিতে অ্যাবানিয়েল পরিবার রীতিমতো প্রতিযোগিতা করে ট্রফি জিতেছে। জিওসেপ্পে, কারমিন ও আগস্তিনো ভাইয়েরা ১৯৮০ ও ১৯৯০ দশকে ট্রফির পর ট্রফি জিতেছেন। ২০১৩ সালে জিওসেপ্পের ছেলে ভিনসেনজোও বিশ্ব শিরোপা জেতেন।

হুলিও সিজার শাভেজ সিনিয়র ও জুনিয়র
হুলিও সিজার শাভেজ সিনিয়র ও জুনিয়র

বক্সিং
মেক্সিকো বেশ কিছু সফল বক্সিং পরিবার উপহার দিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হুলিও সিজার শাভেজ সিনিয়র ও জুনিয়র। বাবা শাভেজ ১১৫টি লড়াইয়ের ১০৭টি জিতেছেন। ১৯৮৪ থেকে ১৯৮৭ পর্যন্ত ছিলেন ডব্লুবিসি সুপার ফেদারওয়েট চ্যাম্পিয়ন। নয়বার ডব্লুবিএ ও ডব্লুবিসি লাইটওয়েট শিরোপা ধরে রেখেছেন, এরপর সাফল্য পেয়েছেন ডব্লুবিসি ও আইবিএফ সুপার লাইটওয়েটেও। ছেলে হুলিও সিজার জুনিয়র ২০১১-২০১২-তে জেতেন ডব্লুবিসি মিডলওয়েট শিরোপা।

মিচেল ও জিওফ মার্শ—বাবা ছেলে আলাদা ফরম্যাটে জিতেছেন ক্রিকেট বিশ্বকাপ
মিচেল ও জিওফ মার্শ—বাবা ছেলে আলাদা ফরম্যাটে জিতেছেন ক্রিকেট বিশ্বকাপ

ক্রিকেট
অস্ট্রেলিয়ার জিওফ মার্শ খেলোয়াড় হিসেবে ১৯৮৭ সালে বিশ্বকাপ জিতেছিলেন, ১৯৯৯ সালে কোচ হিসেবে। ছেলে মিচেল মার্শ ২০১৫ বিশ্বকাপ জিতেছেন, যদিও ফাইনালে খেলেননি।

সাইক্লিং
১৯৯৬ সালে সাইক্লো-ক্রসে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন হল্যান্ডের আদ্রি ফন ডার পোয়েল। ১৯ বছর পর ২০১৫ সালে মাত্র ২০ বছর বয়সেই বাবার অর্জনের পুনরাবৃত্তি করেন ছেলে ম্যাথু।

আলদো মন্তানোর বাবা ও দাদাও ছিলেন ফেন্সিং চ্যাম্পিয়ন
আলদো মন্তানোর বাবা ও দাদাও ছিলেন ফেন্সিং চ্যাম্পিয়ন

ফেন্সিং
ফেন্সিংয়ে ইতালির মন্তানো পরিবারের অর্জন রীতিমতো বিস্ময়কর। ১৯৩৮ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ব্যক্তিগত বিভাগে একচেটিয়া সাফল্য পেয়েছেন আলদো। তাঁর ছেলে মারিওর রাজত্ব ছিল ১৯৭৩-৭৪ সালে। মারিওর ছেলে ছোট আলদো শিরোপা জেতেন ২০১১ সালে।

হ্যান্ডবল
খুঁজলে স্পেন ও ফ্রান্সে অনেক হ্যান্ডবল পরিবার খুঁজে পাওয়া যাবে। তবে এদের মধ্যে ফ্রান্সের মাহে ও রিভেরা পরিবার অনন্য। পাসকাল মাহে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতেন ১৯৯৫ সালে, ২০ বছর পর বিশ্বকাপ জেতেন ছেলে কেঁতি। ২০১৩ সালের চ্যাম্পিয়ন স্পেনের কোচ ছিলেন বাবা ভালেরো রিভেরা ও ছেলে ভালেরো জুনিয়র আবার খেলেছেন ওই দলে।

কেনি রবার্টস সিনিয়র ও জুনিয়র
কেনি রবার্টস সিনিয়র ও জুনিয়র

মোটর স্পোর্টস
১৯৭৮, ১৯৭৯ ও ১৯৮০ সালে টানা তিনবার মোটরসাইক্লিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন কেনি রবার্টস। ছেলে কেনি রবার্টস জুনিয়র আবার বিশ্ব শিরোপা ঘরে আনেন ২০০০ সালে।