আবাহনী-মোহামেডান ভালো খেললে দর্শক মাঠে আসবে। ঘরোয়া ফুটবলে এটাই চিরসত্য। এবারের পেশাদার লিগে আজই প্রথম মাঠে নামছে মোহামেডান। আবাহনী দুটি ম্যাচ খেলে দুটিতেই পেয়েছে সহজ জয়। কাল আরামবাগের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আবাহনী ছিল মাঠে দর্শক আনারও বিজ্ঞাপন। ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমির আবাহনী ধীরে ধীরে আক্রমণটা তৈরি করে। এই ধারাটা কমবেশি সব দলের খেলাতেই আছে। কিন্তু আবাহনীর বিশেষত্ব হলো, প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়েই দ্রুত আক্রমণ। গোটা দলই উঠে যায় ওপরে। এভাবে খেলেই রহমতগঞ্জকে ৩-০ গোলে উড়িয়ে প্রথম জয়। আরামবাগের বিপক্ষে কাল ৪-১ গোলের দেখা মিলল ৩-৪-৩ ছকের আক্রমণাত্মক আবাহনীর।তরুণ সোহেল এদিন সুযোগ পেয়ে পোস্টের নিচে যথেষ্টই সাহসী ছিলেন। সামাদ, সুজন, মামুনদের গড়া রক্ষণ ভালোই করছে। ওয়ালী, নাসির উইংব্যাক। তবে এ দুজনকে প্রাণতোষ, আরমান আজিজের সঙ্গে মাঝমাঠেই বেশি ব্যবহার করছেন কোচ। আবাহনীর মাঝমাঠ গতবার বেশ ভুগেছে। কিন্তু এবারের মাঝমাঠ আক্রমণে বল জোগান যেমন দিচ্ছে, প্রয়োজনে নিচেও নামছে সময়মতো।আরমান আজিজ গতবার মুক্তিযোদ্ধায় নিষ্প্রভ থাকলেও এবার যথেষ্ট কার্যকর। কোচ আলী আকবরের প্রশংসা পাওয়ার মতোই খেলছেন, ‘এই ম্যাচে আরমানই মাঠের সেরা খেলোয়াড়। দলের প্রয়োজনে সবই করছে সে।’এদিন স্ট্রাইকিং লাইনআপে শুরুতে এমেকা পল (পরে বদলি হিসেবে এসেছেন ফ্রাঙ্ক), ইব্রাহিম ও উইঙ্গার জাহিদ। প্রতিপক্ষের জন্য ধাঁধাটা হলো, দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে ইব্রাহিম কোন জায়গায় থাকবেন প্রতিপক্ষ বুঝতেই পারে না। একটু নিচে থাকেন ইব্রাহিম। আর দ্রুতগতির জাহিদ তো খেলছেন দারুণ। নিষেধাজ্ঞা কাটিয়ে নিজেকে চেনানোর পণ করেই যেন তাঁর মাঠে নামা। বল ছাড়ছেন, ড্রিবলিং করছেন, জায়গা পাল্টাচ্ছেন, পাচ্ছেন টানা গোল—কালকের চটপটে জাহিদ আলাদা করেই নজর কাড়লেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে।তাই শুরু থেকেই মনে হচ্ছিল আরামবাগের গোলমুখ খোলা আবাহনীর জন্য সময়ের ব্যাপার। ১৯ মিনিটে জটলা থেকে ইব্রাহিমের টোকায় ১-০। তবে ১০ মিনিট না যেতেই ১-১ হওয়া আবাহনীর জন্য সতর্কসংকেতও ছিল। আগের ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে দুই গোল করে আরামবাগকে জেতানো নাইজেরিয়ার স্ট্রাইকার জোয়েল করলেন সমতা আনা গোলটি। আবাহনী প্রতিক্রিয়া দেখিয়েছে খুব দ্রুতই। জাহিদের নিচু ক্রসে পা ছুঁইয়ে পলের লক্ষ্যভেদ (২-১)। আরামবাগের অধিনায়ক দ্বীন মোহাম্মদ হাস্যকর এক ভুলে বল ক্লিয়ার করতে পারলেন না বক্সে, সেই সুযোগে জাহিদের শটে ৩-১। প্রথমার্ধে ম্যাচ বলতে গেলে শেষ। ৭৫ মিনিটে ফ্রাঙ্ক ব্যবধানটা আরও বাড়িয়ে নিলেন।পেশাদার লিগের আগের চার আসরের ৮ ম্যাচেই আরামবাগকে হারিয়েছিল আবাহনী। এবারও তারা ধরাছোঁয়ার বাইরে। শেখ জামাল কোচ সাইফুল বারী, বিজেএমসির কোচ জাকারিয়া বাবু বলে গেলেন, ‘আবাহনী বেশ ভালো ফুটবল খেলেছে।’আলী আকবরের চোখেমুখে তাই ছিল তৃপ্তির আভা, ‘স্থানীয়দের পারফরম্যান্সে আমি খুশি।’আবাহনী: সোহেল, সুজন, সামাদ ইউসুফ, ওয়ালি ফয়সাল, নাসির, প্রাণতোষ (লিঙ্কন), আরমান আজিজ, জাহিদ (ফ্রাঙ্ক), মামুন, ইব্রাহিম, লাকি পল (তৌহিদুুল)।আরামবাগ: বিপ্লব, দ্বীন মোহাম্মদ, ফয়সাল, ডালিম, কিংসলে, গুডউইন, রাসেল (জাকির), সোহাগ (টিটু), পারভেজ, বিপ্লব, জোয়েল।