বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের প্রথম অভিজ্ঞতাটা ভালো হলো না বাংলাদেশের। ইতালির তুরিনে চলমান প্রতিযোগিতায় কম্পাউন্ড বোয়ের কোয়ালিফিকেশন রাউন্ডেই বাদ পড়েছে বাংলাদেশ পুরুষ দল। ৭২০ পয়েন্টের মধ্যে শেখ মোহাম্মদ হাসান করেছেন ৬২৫, সাজ্জাদ হোসেন ৬৬২ ও আবুল কাশেম ৬৫৮। অংশ নেওয়া ৩৮টি দলের মধ্যে শেষ স্থানটি বাংলাদেশের। কম্পাউন্ডের দলগত ফলাফলের মতো ব্যক্তিগত ইভেন্টেও বাজে ফল করেছেন বাংলাদেশের ছেলেরা। ৪৮ জন আর্চারের এলিমিনেশন রাউন্ডেই জায়গা পাননি বাংলাদেশের কেউ। কম্পাউন্ডে বাদ পড়লেও রিকার্ভ বোয়ের এলিমিনেশন রাউন্ডে সুযোগ পাওয়া ৯৬ জনের মধ্যে টিকে গেছেন ইমদাদুল হক ও রামকৃষ্ণ সাহা। তবে মেয়েদের একই ইভেন্টের এলিমিনেশন রাউন্ডের প্রথম জোড়ের বাধাই পেরোতে পারেননি বাংলাদেশের বিউটি রায় ও মাথুই প্রু মারমা। পোল্যান্ডের ২৩তম বাছাই মসপিনেক জাস্টিনার কাছে ২-৬ সেটে হেরেছেন ৯০তম বাছাই বিউটি। ৮৬তম বাছাই মাথুই ০-৩ সেটে হেরেছেন চীনের ২৭তম বাছাই জু শানশানের কাছে। রিকার্ভ পুরুষে ১৯৮ জনের মধ্যে সুযোগ পেয়েছেন ১০৪ জন। ৭৫তম হয়েছেন রামকৃষ্ণ সাহা, ৯৩তম ইমদাদুল হক মিলন। ১১৯তম হয়ে বাদ পড়েছেন সজীব শেখ। রিকার্ভে ৫৫টি দেশের মধ্যে সেরা ১৬টি দল সুযোগ পেয়েছে। পুরুষ-মহিলা দুই বিভাগেই বাংলাদেশ হয়েছে ২৮তম।