এই ইংল্যান্ড রুনির দেখা সেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু রাজপুত্রই তো নন, তিনি ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিও। গত শুক্রবার পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচ জয়ের পর রুনি-স্টারিজদের অভিনন্দন জানাতে তাই যুবরাজ উইলিয়াম সরাসরি চলে গেলেন ইংল্যান্ড ড্রেসিংরুমে l রয়টার্স
শুধু রাজপুত্রই তো নন, তিনি ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিও। গত শুক্রবার পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচ জয়ের পর রুনি-স্টারিজদের অভিনন্দন জানাতে তাই যুবরাজ উইলিয়াম সরাসরি চলে গেলেন ইংল্যান্ড ড্রেসিংরুমে l রয়টার্স

২০০৬ বিশ্বকাপ তখনো শুরু হয়নি। সভেন-গোরান এরিকসনের ইংল্যান্ডকে নিয়ে সে কী হইচই! ল্যাম্পার্ড, জেরার্ড তখন ক্যারিয়ারের সেরা ফর্মে, রক্ষণে ক্লাবের হয়ে সে সময় দুর্দান্ত টেরি-ফার্ডিনান্ড। কিন্তু শুরুর আগে যত হাঁকডাক, বিশ্বকাপ শুরুর পর সেটা হয়ে পড়ল একদমই স্তিমিত। খুঁড়িয়ে খুঁড়িয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়ে শেষ ইংল্যান্ডের দৌড়।
২০১০ বিশ্বকাপেও আবার আশায় বুক বাঁধতে শুরু করল ইংল্যান্ড। ল্যাম্পার্ড, জেরার্ড, রুনিরা তখনো আলো ছড়াচ্ছেন ক্লাবের হয়ে। কিন্তু সেবারও জার্মানির কাছে হেরে লজ্জা নিয়েই বিদায় নিতে হলো দ্বিতীয় রাউন্ড থেকে।
সে তুলনায় এবার ইংলিশ মিডিয়া অনেকটাই নীরব। ‘বিশ্বকাপ আমাদের’—হুংকারটাও শোনা যাচ্ছে না খুব একটা। তার ওপর গ্রুপ পর্বেই ইতালি, উরুগুয়ের মতো দুই কঠিন প্রতিপক্ষ। ইংল্যান্ডের আশার ফানুস একেবারেই চুপসে আছে। কিন্তু ওয়েইন রুনির ধারণা অন্য রকম। ভালো তো বটেই, রুনির মতে এটা তাঁর দেখা ইংল্যান্ডের সেরা দল!
‘আমি ইংল্যান্ডের যতগুলো দলের সঙ্গে খেলেছি, তার মধ্যে এটা সেরা’—ডেইলি মিররকে বলেছেন রুনি। দলের তরুণেরাই আশা দেখাচ্ছেন ইংলিশ স্ট্রাইকারকে, ‘আমি শুধু বলতে পারি এই দলের যে সম্ভাবনা ও মান সেটা আসলেই রোমাঞ্চকর। ড্যানিয়েল স্টারিজ, লুক শ, অ্যাডাম লালানাদের মতো তরুণদের দেখুন। এদের নিয়ে আমি আশাবাদী না হয়ে পারছি না। এটা অসাধারণ, কারণ আমাদের এত সব দারুণ তরুণ খেলোয়াড় আছে! ইউরো ২০০৪-এর দিকে যখন ফিরে তাকাই, আমি ছিলাম দলের কনিষ্ঠতম খেলোয়াড়। কিন্তু দলের অভিজ্ঞরা আমাকে পথ দেখিয়েছিলেন। এবার স্টিভেন জেরার্ড, ফ্রাঙ্ক ল্যাম্পার্ডসহ আমাকেও সেই ভূমিকাটা পালন করতে হবে।’
রুনি যেটাকে শক্তি মানছেন, সেটা বুমেরাং হয়েও আসতে পারে। অভিজ্ঞতার অভাব এই ইংল্যান্ড দলে স্পষ্টই। স্টারিজ, লালানা, শ, বার্কলিরা জাতীয় দলে এসেছেন খুব বেশি দিন হয়নি। রুনি ও জেরার্ড ছাড়া প্রথম একাদশে সেই অর্থে তেমন পোড়-খাওয়া খেলোয়াড়ও নেই। রুনি সেটা মানলেন, ‘আমাদের শুধু একটাই দুর্বলতা—বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা খুব একটা নেই’।
বিশ্বকাপে ইংল্যান্ডকে ফেবারিট দাবি করেননি রুনি। তবে নিজেদের প্রত্যাশাটা ঠিকই জানিয়ে দিলেন, ‘আমার মনে হয় না ব্রাজিলে কী হবে সেই ভবিষ্যদ্বাণী কেউ করতে পারবে। টুর্নামেন্টে আমরা বড় একটা ভূমিকা রাখতে পারি, ফাইনালে গিয়ে সবাইকে চমকেও দিতে পারি৷’
ইংলিশ মিডিয়া অবশ্য এর মধ্যেই রুনিকে দিয়ে একধরনের মাতম শুরু করে দিয়েছে। পেরুর সঙ্গে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড জিতলেও রুনি ছিলেন অনুজ্জ্বল। বিশ্বকাপে এখনো কোনো গোল নেই, এবার কি সেই গেরোটা খুলবে? রুনি আশাবাদী, ‘বিশ্বকাপে এখনো গোল পাইনি। এবার আমি এই পর্বটা শেষ করতে চাই। এবার আমি আরও ভালো করতে চাই।’ তবে দলের অতি-রুনিনির্ভরতা হয়তো বিচলিত করে থাকবে ইংল্যান্ড কোচ রয় হজসনকে, ‘রুনিকে নিয়ে আমরা বুঁদ হয়ে থাকছি না। ওয়েলবেক, স্টারিজ, স্টার্লিং, বার্কলি ও লালানারাও আছে। গোল ওরাও করবে৷’ ওয়েবসাইট।
হজসন যতই বলুন, ইংল্যান্ডকে মনে রাখার মতো কিছু করতে হলে রুনিকে জ্বলে উঠতেই হবে।