এই উইকেট তো রাজপথ: ম্যাথুস
বাংলাদেশের পারফরম্যান্সে বিস্মিত নন, অ্যাঞ্জেলো ম্যাথুসের সব বিস্ময় উইকেট ঘিরে। টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক, প্রতিপক্ষ বাংলাদেশ এবং খেলা গলে—ম্যাথুসের জন্য জয় দিয়ে শুরুর মঞ্চটা তৈরি বলেই মনে হচ্ছিল। কিন্তু এখানে ‘মঞ্চ’টাই অচেনা মনে হলো শ্রীলঙ্কার নতুন অধিনায়কের কাছে।বাংলাদেশের পারফরম্যান্সে যদি চমকে গিয়েও থাকেন, মুখে সেটির প্রকাশ নেই, ‘আমি সিরিজ শুরুর আগেই বলেছি, বাংলাদেশ ভালো দল। ওরা অনেক খেলেছে, ভালোও করেছে।’ তবে উইকেট যে তাঁকে চমকে দিয়েছে, সেটি বললেন চোখেমুখে বিস্ময় ফুটিয়ে, ‘আমি মহাবিস্মিত। আমি গলে এমন উইকেট কখনো দেখিনি। অন্তত তৃতীয় দিনে হলেও এখানে বল ঘোরে। এবার এটি পুরো অন্যরকম। দু-একটা যা-ও একটু টার্ন করেছে, সেটি আমাদের চাওয়ামতো হয়নি। এখানে চাইলে আমরা আট শ-নয় শ রান করতে পারতাম। কিন্তু তাতে লাভ কী?’তিনি নিজেও বোলার। দলের অন্য বোলারদের প্রতি সমবেদনাও ঝরল ম্যাথুসের কণ্ঠে, ‘এই উইকেট তো রাজপথের মতো। এখানে আগামী দুই দিনও ব্যাটসম্যানরা মহানন্দে ব্যাটিং করবে। বল স্পিনই তো করল না। বোলাররা যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু এই উইকেটে আসলে তাদের করার কিছুই ছিল না।’