এই উরুগুয়েও ভয়ংকর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একবার প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড়ে দিয়ে নিন্দিত লুইস সুয়ারেজ চার মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন । কিন্তু স্বদেশে এখনো তিনি নায়কই। ব্রাজিল থেকে গত পরশুই দেশে ফিরে গেছেন উরুগুইয়ান স্ট্রাইকার। সংহতি জানাতে মন্টেভিডিওর কারাসকো বিমানবন্দরের বাইরে তাঁর ছবি নিয়ে অপেক্ষায় হাজারো মানুষ l ফক্সস্পোর্টস
আরও একবার প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড়ে দিয়ে নিন্দিত লুইস সুয়ারেজ চার মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন । কিন্তু স্বদেশে এখনো তিনি নায়কই। ব্রাজিল থেকে গত পরশুই দেশে ফিরে গেছেন উরুগুইয়ান স্ট্রাইকার। সংহতি জানাতে মন্টেভিডিওর কারাসকো বিমানবন্দরের বাইরে তাঁর ছবি নিয়ে অপেক্ষায় হাজারো মানুষ l ফক্সস্পোর্টস

তবে কি নিয়তিই দুটি দলকে একই সমান্তরালে নিয়ে এল?
হয়তো তা-ই। চোটের কারণে ছিটকে যাওয়া রাদামেল ফ্যালকাওকে ছাড়া বিশ্বকাপ খেলছে কলম্বিয়া। এবার কামড়-কাণ্ডে লুইস সুয়ারেজকে হারাল উরুগুয়ে। দুই দলের দুই সেরা খেলোয়াড় নেই! আজ শেষ ষোলোতে মুখোমুখি হওয়ার আগে বোধ হয় দুই দলকে
নিয়ে এটাই পরিকল্পনা ছিল ফুটবল-বিধাতার।
ফ্যালকাওকে হারানোর ধাক্কা অবশ্য এরই মধ্যে দারুণভাবে সামাল দিয়েছে কলম্বিয়া। হাঁটুর চোটের কারণে বিশ্বকাপ দলেই জায়গা হয়নি মোনাকো স্ট্রাইকারের। তবে তাঁকে ছাড়াই গ্রুপের তিনটি ম্যাচে দুর্দান্ত জয় নিয়ে চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠে এসেছে হোসে পেকারম্যানের দল। অন্যদিকে চোটের কারণে কোস্টারিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে পারেননি সুয়ারেজ। হেরেছে তাঁর দলও। পরের ম্যাচে ফিরে সুয়ারেজ একাই হারিয়ে দিয়েছেন ইংল্যান্ডকে। আর ইতালির বিপক্ষে শেষ ম্যাচেই সেই কামড়-কাণ্ড। হঠাৎ করে তাঁকে এভাবে হারানোর ধাক্কাটা আসলে সামাল দিতে পারবে কি না উরুগুয়ে, এটা নিয়ে সন্দেহ আছে যথেষ্ট। বিশেষ করে গ্রুপের তিনটি ম্যাচের পর একটা ব্যাপার স্পষ্ট হয়ে গেছে—সুয়ারেজ না খেললে উরুগুয়ে হারে, খেললে জেতে। এই সত্যটা জানার পরও যেন মনোবল শক্ত রাখতে চাইছেন উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ, ‘আমরা আগেও তো সুয়ারেজকে ছাড়া অনেক ম্যাচ খেলেছি। কিছু জিতেছি, কিছু হেরেছি।’
সমস্যা হচ্ছে অন্য সময়ের হার আর বিশ্বকাপের নকআউট পর্বে হারের পার্থক্য বিস্তর। এখানে হার মানেই বিদায়। সুয়ারেজের অভাব পূরণ করে দেওয়ার প্রত্যাশাটা যাঁর কাছে সবচেয়ে বেশি সেই এডিনসন কাভানি বিশ্বকাপে এখন পর্যন্ত নিষ্প্রভ। কোস্টারিকার বিপক্ষে একটা মাত্র গোল পেয়েছেন, সেটাও পেনাল্টি থেকে। ডিয়েগো ফোরলান এখনো নিজেকে ওইভাবে মেলে ধরার সুযোগ পাননি। এ দুজনের কাঁধে চড়ে কি আজ কলম্বিয়া-বাধা টপকাতে পারবে উরুগুয়ে? তাবারেজ কিন্তু আশাবাদী, ‘কোস্টারিকার বিরুদ্ধে হারের পর আমরা দুর্দান্তভাবে বিশ্বকাপে ফিরে এসেছি৷ ইংল্যান্ড, ইতালির মতো দলকে হারিয়েছি৷ তাই আশা করি কলম্বিয়ার বাধাও টপকে যাব আমরা৷ তবে প্রতিপক্ষ দল নিয়ে বেশ সতর্ক রয়েছি।’
কাভানি যেটা এখনো পারেননি সেটা এরই মধ্যে করে দেখিয়েছেন জেমস রদ্রিগেজ। ফ্যালকাওয়ের অনুপস্থিতি ভুলিয়ে দিয়ে গ্রুপের তিন ম্যাচেই ৩ গোল কলম্বিয়ান উইঙ্গারের। তার দলও এই বিশ্বকাপে খেলছে দারুণ। গ্রুপে গ্রিসের জালে তিন গোল দিয়েছে কলম্বিয়া, জাপানের জালে ৪ গোল। তবে এমন দুর্দান্ত ফর্মে থাকার পরও নিজেদের এই ম্যাচে এগিয়ে রাখতে রাজি নন কোচ হোসে পেকারম্যান, ‘উরুগুয়ে কঠিন প্রতিপক্ষ। সুয়ারেজ না থাকলেও ওদের দলে আরও কয়েকজন দারুণ খেলোয়াড় আছে।’ প্রায় একই সুর অধিনায়ক মারিও ইয়েপেসের কণ্ঠে, ‘ওরা বাছাইপর্বে খুব একটা ধারাবাহিক ছিল না। কিন্তু প্রতিপক্ষ হিসেবে খুবই ভয়ংকর। গ্রুপে বাকি প্রতিপক্ষদের আমরা যেভাবে সমীহ করেছি, এই ম্যাচে উরুগুয়েকেও সেভাবেই সমীহ করব।’
সমীহ আর সতর্কতা যা-ই থাকুক, ফুটবলপ্রেমীদের জন্য আজকের ম্যাচে খোরাকের কমতি হবে বলে মনে হয় না। দক্ষিণ আমেরিকান দুই প্রতিপক্ষের সর্বশেষ ৯ ম্যাচে ৩২ গোল হয়েছে, ম্যাচপ্রতি তিন গোলেরও বেশি।
মারাকানায় আজ তাই একটা গোল-উৎসব হতেই পারে!
উরুগুয়ে-কলম্বিয়া
ম্যাচ উরুগুয়ে কলম্বিয়া ড্র
মোট ৩৮ ১৮ ১১ ৯
বিশ্বকাপে ১ ১ ০ ০
n বিশ্বকাপে একবারই মুখোমুখি হয়েছে উরুগুয়ে-কলম্বিয়া। ১৯৬২ বিশ্বকাপের গ্রুপপর্বের সেই ম্যাচে উরুগুয়ে জিতেছিল ২-১ গোলে।
n দুদলের সর্বশেষ ৮ সাক্ষাতে ৬ বারই জিতেছে উরুগুয়ে। হেরেছে একটি ম্যাচ, ড্র হয়েছে অন্য ম্যাচটি।
n দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে খেলছে কলম্বিয়া। এর আগে ১৯৯০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে তারা ক্যামেরুনের কাছে হেরেছিল ২-১ গোলে।
n বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ৯ ম্যাচেই গোল করেছে উরুগুয়ে।
n বিশ্বকাপে এই প্রথমবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠল কলম্বিয়া।