এই ওজিলকে কীভাবে ছাড়ল রিয়াল!
সান্তিয়াগো বার্নাব্যুতে সেদিন উৎসবের সাজ। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে বরণ করে নিতে বিশ হাজার দর্শকে মুখর গ্যালারি। রিয়াল মাদ্রিদে বেল-বরণের মাহেন্দ্রক্ষণ।
সেই দিনটা শুধুই বেলের হওয়ার কথা ছিল। ওয়েলস উইঙ্গারও হয়তো তাই ভেবেছিলেন। বার্নাব্যুর গ্যালারি থেকে তাঁর নামে জয়ধ্বনি হবে, গলা ফাটানো চিৎকার শুনবেন, তাঁর মহিমাকীর্তন হবে চারদিকে।
একেবারে যে হয়নি, তা নয়। তবে সেই উচ্ছ্বাস, জয়ধ্বনি ছাপিয়ে বেশি শোনা গেল যেন কাকুতি-মিনতি, ‘দয়া করে ওজিলকে বিক্রি করে দিয়ো না।’ তথ্যসূত্র: ওয়েবসাইট।
মেসুত ওজিলকে বিক্রি করে দেবে রিয়াল মাদ্রিদ, এটা তখনো শুধুই আশঙ্কা ছিল। আনুষ্ঠানিক ঘোষণাটা এল তারও ঘণ্টা খানেক পর। জার্মান প্লে-মেকারকে আর্সেনালের কাছে ৫০ মিলিয়ন ইউরোতে সত্যিই বিক্রি করে দিয়েছে রিয়াল! কাকুতি-মিনতি ততক্ষণে হাহাকার আর ক্ষোভ হয়ে ছড়িয়ে গেছে মাদ্রিদে।
স্বয়ং ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন তিনি ওজিলের বিদায়ে ‘ক্রুদ্ধ’। রিয়াল ডিফেন্ডার সার্জিও রামোস টুইটারে ওজিলের রিয়াল জার্সিটা হাতে ছবি দিয়ে লিখেছেন, ‘কিং অব দ্য অ্যাসিস্ট’-এর বিদায়। স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস-এর জরিপে দেখা গেল, শতকরা ৬৬ ভাগ রিয়াল সমর্থক এই দলবদলের বিপক্ষে!
যেতে নাহি দেব, তবু যেতে দিতে হয়। এত কিছুর পরেও তাই ওজিলকে বিদায় দিতে হলো রিয়াল সমর্থকদের। কিন্তু কেন? সাদা চোখে ব্যাখ্যা একটাই। গ্যারেথ বেলকে কিনতে প্রায় ১০১ মিলিয়ন ইউরোর চেক লিখতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। এই বিশাল অঙ্ক কিছুটা পুষিয়ে নিতেই বিদায় করে দিতে হলো ওজিলকে।
আর্থিক দিকটি না হয় কিছুটা পুষিয়ে নেওয়া গেল। কিন্তু রিয়ালের মাঝমাঠের প্রাণভোমরা হয়ে ওঠা ওজিলের শূন্যস্থান কীভাবে পোষাবে রিয়াল? শুধু রিয়াল মাদ্রিদের তিন মৌসুম নয়, গত পাঁচ মৌসুমে এই জার্মান প্লে-মেকারের চেয়ে বেশি অ্যাসিস্ট কিংবা গোলের সুযোগ তৈরি করে দিতে পারেননি ইউরোপের সেরা পাঁচ লিগের অন্য কোনো ফুটবলার! প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাসও তাই বলেন, ‘আমি খুবই বিস্মিত ওজিলের বিদায়ে। আমার কাছে রিয়ালে রোনালদোর পরে সে-ই সেরা ফুটবলার।’ বিস্ময় তো আছেই, সেই সঙ্গে রিয়ালের এই অদ্ভুত সিদ্ধান্ত দুর্বোধ্য ঠেকছে জার্মান জাতীয় দলের কোচ জোয়াকিম লোর কাছেও, ‘আমার পক্ষে বিশ্বাস করাটা কঠিন যে, রিয়াল এমন অসাধারণ একজন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে। গত কয়েক মৌসুমে ও ওদেরকে অনেক গোল তৈরি করে দিয়েছে। কিন্তু এটাই ব্যবসা।’
হয়তো ব্যবসা। কিন্তু স্প্যানিশ দৈনিক এল পাইসের ফুটবল কলামিস্ট জন কারলিনের বিশ্বাস এর পেছনে আছে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের দর্শনও, ‘পেরেজ খুবই খামখেয়ালি। তার স্বভাব সেই লোভী চিত্রকলা সংগ্রাহকের মতো, যে পাবলো পিকাসো আর সালভাদর দালির চিত্রকলা থাকার পরেও হুয়ান মিরোরটা কিনতে চায়।’
ওজিল-রোনালদোরা থাকার পরেও তাই পেরেজের অহমিকা কিনে নিয়ে আসে ইসকো আর বেলকে। কারলিন বলছেন, ‘তিনি (পেরেজ) ইসকোকে কেনার পর রিয়াল কোচ কার্লো আনচেলত্তির দায়িত্ব হয়ে যায় তাঁকে খেলানোটা নিশ্চিত করা, যদিও ওজিল ওর চেয়ে অনেক তৈরি। বেল-মডরিচ দুজনের সমন্বয়ও একটা সমস্যা। সুতরাং কাউকে ছেড়ে দিতেই হতো।’
সেই ‘কেউ’টা হলেন ওজিল। ক্লাব ইতিহাসের সবচেয়ে বেশি দাম দিয়ে যাঁকে কিনে নিতে একটুও দ্বিধা করেনি আর্সেনাল। উচ্ছ্বাসে ভেসে গিয়ে টুইটারে আগাম স্বাগত জানিয়ে রেখেছেন লুকাস পোডলস্কি, সান্তি কাজরলা, জ্যাক উইলশেয়ার আর অ্যারন রামসেরা। আর্সেনালের অনলাইন শপে জার্সি বিক্রি বেড়েছে যেকোনো সময়ের চেয়ে ১২ গুণ বেশি!
রিয়াল কি জানে কী হারাল!