এই কান্না বড় সংক্রামক

এএফপি, রয়টার্স, নানা ওয়েবসাইট ঘেঁটেও ওই ছবিটি পাওয়া গেল না। সেই যে ব্রাজিলের জালে জার্মানির ৫ গোল হওয়ার পর ছোট্ট ছেলেটি হাউমাউ করে কাঁদছে। আলোকচিত্রীর স্থিরচিত্রে ওই ফ্রেমটি হয়তো থাকল না। কিন্তু চিরকাল থেকে যাবে টিভি ক্যামেরায়। ভবিষ্যতে যতবার জার্মানির কাছে ব্রাজিলের ৭ গোলে ধ্বস্ত হওয়া এই ম্যাচটির পুনঃপ্রচার হবে, ততবার ওই কান্নায় আপনি সংক্রমিত হবেন। যে কান্না হৃদয় ভেঙে ঝরে, সে বড় সংক্রামক।
এই কান্নার দায় কার? প্রথমত জার্মানি ফুটবল দলের। ওরা বড় নিষ্ঠুর। ওরা উৎসব বোঝে না। আবেগ বোঝে না। বোঝে শুধু ছকে বাঁধা ফুটবল, লক্ষ্যে অবিচল থেকে নিজেদের কাজটা করে যাওয়া। এতেই তো বেলো হরিজন্তের এস্তাদিও মিনেইরাওতে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা, যাকে ওরা বলে হেক্সা, সেই হেক্সা-স্বপ্নের কবর হলো।
এই দায় ওই ব্রাজিলীয় জনতার আবেগেরও। বোধহীন অবাস্তব জগতে বসে যেখানে তারা শুধু স্বপ্নই দেখে গেছে। চিরায়ত সাম্বার আনন্দ ভুলে স্টেডিয়ামে স্টেডিয়ামে দুহাতে ফুটিয়ে তুলেছে ‘ছয় অঙ্ক’, দেশের মাটিতে বসেও বাংলাদেশের অবুঝ সমর্থকদের মতো এই ব্রাজিল দলটির সামর্থ্য বুঝতে পারেনি।
এই দায় অস্কার-লুইজদের, আয়নায় নিজেদের চেহারাই যাঁরা চিনতে পারেননি, কিন্তু আত্মম্ভরী আশার বেলুনটা ফুলিয়েই গেছেন। এঁদের সামনে বিশ্বকাপের জার্মানি সেই ২০০২-এর ফাইনালে পরাজিত দলের উত্তরসূরি। যারা ব্রাজিলের কাছে শুধু হারতেই জানে, জিততে জানে না। দায় ব্রাজিলীয় ফুটবল-গরিমার। যেখানে ব্রাজিলই শুধু জয়ী।
কিন্তু দিনশেষে ফুটবল-বিশ্বের হৃদয় এফোঁড়-ওফোঁড় করা এই হারের দায় লুইস ফেলিপে স্কলারির। কোনোভাবেই ব্রাজিল কোচ মাথা থেকে সেটি নামাতে পারবেন না। ভুলটা কোথায় করলেন ‘বিগ ফিল’? ভুল দিয়েই তো শুরু করেছিলেন মালা গাঁথা। রোনালদিনহো, কাকা, রবিনহোর মতো কাউকেই দলে রাখেননি। অভিজ্ঞতার মূল্য দেননি কানাকড়িও। ক্ষয়ে যাওয়া স্পেনকে হারিয়ে কনফেডারেশনস কাপ জয় তাঁর বুক ফুলিয়ে দিয়েছিল।
তিনি বাস করছিলেন আগের দশকে। যেখানে জার্মানিকে হারিয়ে পেন্টা জয়ের গৌরব তাঁকে করে তুলেছিল অতি-আত্মবিশ্বাসী। তাই আগেই হুংকার দিলেন, এবার আরেকটি মারাকানাজো হতে দেবেন না। প্রতিটি কথায় ছড়িয়ে দিলেন শিরোপা জয়ের প্রতিশ্রুতি।
বিশ্বকাপে নেইমারনির্ভর ব্রাজিল সহজ গ্রুপের গণ্ডিটা সহজে পেরোতে পারল না। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়া হেরেও দিয়ে গেল অশনিসংকেত। মেক্সিকো রুখে দিল পরের ম্যাচে। বোদ্ধারা এই ব্রাজিলের খেলায় আশ্বস্ত হতে পারলেন না। বিপৎসংকেত দেখলেন। কিন্তু স্কলারি রইলেন নিজের মধ্যেই। এই বেলো হরিজন্তেতে চিলিই বিদায়ঘণ্টাটা বাজিয়ে দিতে পারত। তবে ভাগ্য সহায় ছিল বলেই ওঠা গেল শেষ আটে। সেখানে কলম্বিয়াও একটা শিক্ষা দিল। বড় শিক্ষাটা বোধ হয় স্কলারির ওষুধেই ব্রাজিল-শিকার। দলকে শরীরনির্ভর ফুটবলের দিকে ঠেলে দিলেন স্কলারি। তাই প্রতিপক্ষ ডিফেন্ডারের নির্মম ট্যাকলে জাতীয় শোক হয়ে ছিটকে পড়লেন দলের প্রাণভোমরা নেইমার। সঙ্গে দ্বিতীয় হলুদ কার্ডের খাঁড়ায় অধিনায়ক ও রক্ষণের নেতা থিয়াগো সিলভা।
হ্যাঁ, জার্মান বুলডোজারে পিষ্ট হওয়ার পেছনে এটিকে কারণ দেখাতেই পারেন স্কলারি। কিন্তু হাতের বাকি অস্ত্রগুলোকেই তো ঠিকঠাক ব্যবহার করতে পারেননি তিনি। নেইমারের পরিবর্তে উইলিয়ানকে কেন শুরু থেকেই নামালেন না সেটি বড় প্রশ্ন। যে ফার্নান্দিনহো ও গুস্তাভোকে ব্যবহার করা হলো ডিফেন্সিভ ব্লকার হিসেবে, তাঁরা হলেন ব্যর্থ।
আর এই কি একটা চ্যাম্পিয়ন দলের রক্ষণ সংগঠনের নমুনা? ম্যান ছেড়ে শুধু বলের দিকে দৌড়াল লুইজ-দান্তেদের রক্ষণ। সেই রক্ষণ ভেঙেচুরে জার্মানরা নিল ২০০২ ফাইনালের প্রতিশোধ। বড় নির্মম আর নিষ্ঠুর সেই প্রতিশোধ। ৬ মিনিটে চার গোল, ১৮ মিনিটে পাঁচ। মাত্র ২৯ মিনিটেই সেমিফাইনাল শেষ। শেষ পর্যন্ত স্কোর লাইন ৭-১! বিস্ময়কর এবং রক্তাক্ত সত্য!
ব্রাজিল বিশ্বকাপের সূচিটা দেখে খালি চোখে অনেকেই হয়তো ঠাহর করেননি। ব্রাজিলের ফুটবল-আত্মা রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলের কোনো ম্যাচ দেওয়া হয়নি। কারণটা পরিষ্কার। ফাইনালের আগে মারাকানাকে এড়িয়ে চলা! যাতে ‘মারাকানাজো’ অর্থাৎ ১৯৫০ বিশ্বকাপে মারাকানায় উরুগুয়ের হাতে শিরোপা-স্বপ্ন খুনের নির্মমতা মুছে হেক্সা হাতে নেওয়া যায় সেখানেই। এবারও যে শেষতক মারাকানাজো মূর্তিমান আততায়ী হয়ে দাঁড়াত না কে বলবে? কিন্তু স্কলারির ব্রাজিল সেমিফাইনালে ঘটিয়ে ফেলল ‘মিনেইরাওজো’। ৬৪ বছর পরও মারাকানার আঘাতটা জীবন্ত, মিনেইরাওয়ের আঘাত ভুলতে লাগবে কত ৬৪ বছর? দুঃস্বপ্নের দুটি প্রহর পেরিয়ে ব্রাজিল কি আর বিশ্বকাপের আয়োজক হতে চাইবে?
এক নজরে ফল
৮ জুলাই, ২০১৪
জার্মানি ৭ : ১ ব্রাজিল
মুলার ১১ মি. অস্কার ৯০ মি.
ক্লোসা ২৩ মি.
ক্রুস ২৪ ও ২৬ মি.
খেদিরা ২৯ মি.
শুরলে ৬৯ ও ৭৯ মি.