এই কি ক্রুইফের শেষ যাওয়া!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় কাজ নেই। কদিন আগে এক মাসের বেতন দেওয়ার পরও প্রায় তিন মাস বাকি। লোডভিক ডি ক্রুইফ ও তাঁর সহকারী রেনে কোস্টারের এতে খুশি হওয়ার কারণ নেই। এমন পরিস্থিতিতে সম্প্রতি ছুটি কাটিয়ে আসা দুই কোচ পারস্পরিক আলোচনার ভিত্তিতে আজ আবার দেশে যাচ্ছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে।
বাফুফে বলছে জাতীয় দলের শিগগিরই কোনো খেলা না থাকায় তিন সপ্তাহের ছুটি নিয়েছেন দুই কোচ। চাইলে তাঁদের আরও লম্বা ছুটি দিতেও বাফুফের আপত্তি নেই। তবে ডি ক্রুইফের ঘনিষ্ঠ সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে, বাংলাদেশে আর না-ও ফিরতে পারেন তাঁরা। বাফুফে বাকি বেতন শোধ করে ফিরিয়ে আনতে চাইলে ফিরবেন, নইলে বেতন আদায়ে ফিফার দ্বারস্থ হতে পারেন। এরই মধ্যে সেই প্রক্রিয়াও নাকি শুরু করেছেন ক্রুইফ!