এই কি সেই ক্যাসিয়াস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন ব্যর্থতা! ক্যাসিয়াস নিজেও মুখ ঢাকলেন লজ্জায় l এএফপি
এমন ব্যর্থতা! ক্যাসিয়াস নিজেও মুখ ঢাকলেন লজ্জায় l এএফপি

২০০২ বিশ্বকাপের স্পেন-আয়ারল্যান্ড দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। পেনাল্টি শু৵টআউটে আয়ারল্যান্ডের সামনে চীনের প্রাচীর তুলে দিয়েছিলেন পাকেচক্রে সুযোগ পাওয়া ২১ বছরের এক তরুণ তুর্কি। নির্ধারিত সময়ের একটির সঙ্গে পরে আরও দুটি পেনাল্টি ঠেকিয়ে হয়ে গিয়েছিলেন নায়ক। তাঁর নামটাই হয়ে গিয়েছিল ‘সন্তু ইকার’।
সেই ইকার ক্যাসিয়াস এরপর নিজেকে নিয়ে গেছেন অনতিক্রম্য উচ্চতায়। রিয়াল মাদ্রিদ ও স্পেনের হয়ে জিতেছেন সম্ভাব্য সবকিছুই। তবে গত বছর থেকেই ক্যারিয়ারটা চলতে শুরু করল উল্টো স্রোতে। ফর্মের সঙ্গে যুঝতে হচ্ছিল, পরে ক্লাবে জায়গা হারিয়ে ফেললেন। এই মৌসুমে শুধু চ্যাম্পিয়নস লিগেই খেলার সুযোগ পেয়েছিলেন। অ্যাটলেটিকোর সঙ্গে ফাইনালে তাঁর ভুলেই তো গোল খেয়ে বসেছিল রিয়াল। দল জেতায় সেটা অবশ্য বড় হয়ে দাঁড়ায়নি। তবে জাতীয় দলে ভিসেন্তে দেল বস্ক বরাবরই আস্থা রেখেছেন পুরোনো ছাত্রের ওপর। এখন কি আস্থার দেয়ালে একটু হলেও ফাটল ধরল?
পরশু হল্যান্ডের সঙ্গে যা হলো, এরপর ক্যাসিয়াসের জায়গা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। কোথায় সেই দুর্দান্ত পজিশনজ্ঞান? কোথায় সেই অতুলনীয় রিফ্লেক্স? আগের তিনটি বিশ্বকাপ মিলিয়ে যিনি ১১ বার জালে বল ঢুকতে দিয়েছিলেন, পরশু এক ম্যাচেই তাঁকে পাঁচটি গোল হজম করতে হলো! আর তার অন্তত দুটির জন্য ক্যাসিয়াসকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে।
এমন একটা ম্যাচের পর স্বাভাবিকভাবেই শুরু হয়ে যাচ্ছে কাটাছেঁড়া। আর তাতে অনেকের চোখে ক্যাসিয়াসই বলির পাঁঠা। ৩৩ বছর বয়সী গোলরক্ষক সব দায় নিজের কাঁধেই নিলেন, ‘আমি নিজের মান অনুযায়ী খেলতে পারিনি। আমাকে সব সমালোচনা মেনে নিতে হবে। বিশ্বকাপ শুরুর সময় আমার যা করার দরকার ছিল সেটা আমি করতে পারিনি। এটা আমার সেরা দিনগুলোর একটি ছিল না।’
দেল বস্ক এই দুঃসময়ে দাঁড়ালেন ছাত্রের পাশেই, ‘যখন একটা দল হারে তখন সেটা বিশেষ কারও পারফরম্যান্সের জন্য নয়। সেটা পুরো দলের দুর্বলতার জন্য। আমরা ক্যাসিয়াসকে দূরে থাক, কাউকেই আলাদাভাবে দোষ দিতে পারি না।’ সূত্র: এএফপি, রয়টার্স৷