
‘আপনাদের কাছে একটা সাহায্য চাই আমি। দয়া করে ক্লোসাকে ছোটখাটো কোনো বাণে বাঁধতে পারবেন?’ না, ভাববেন না এ অনুরোধ ঘানা, আমেরিকা কিংবা পর্তুগালের কোনো সাধারণ সমর্থকের, দ্বিতীয় পর্বের টিকিটের জন্য গ্রুপ ‘জি’তে যাদের লড়তে হবে ক্লোসার দল জার্মানির সঙ্গে।
ফোর্তালেজায় বিশ্বকাপের টিকিট কিনতে আসা ফুটবলপ্রেমীদের মজা করে এই ‘অনুরোধ’ করেছিলেন বিশ্বকাপজয়ী সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদো। আর এক গোল করলেই যাঁর বিশ্বকাপের সর্বোচ্চ ১৫ গোলের রেকর্ডে ভাগ বসাবেন ক্লোসা, দুই গোল করলে ছিটকে ফেলবেন সিংহাসন থেকে।
ক্লাব ক্যারিয়ার চকচকে না হলেও যে ফুটবল ইতিহাসে নাম সোনার অক্ষরে খোদাই করা যায় সেটির অন্যতম প্রমাণ মিরোস্লাভ ক্লোসা। পোল্যান্ডে জন্ম নেওয়া এই স্ট্রাইকারের ক্লাবের হয়ে শিরোপাজয় বলতে শুধু বায়ার্ন মিউনিখের হয়ে দুটি বুন্দেসলিগা এবং লাৎসিওর হয়ে ইতালিয়ান কাপ। কিন্তু বিশ্বকাপে এলেই তাঁর অন্যরূপ। সেই ২০০২ বিশ্বকাপে শুরু, সৌদি আরবের সঙ্গে হ্যাটট্রিকসহ পুরো টুর্নামেন্টে ক্লোসা করেন ৫ গোল, যার প্রতিটি এসেছিল তাঁর মাথা ছুঁয়ে। চার বছর পর নিজের দেশে আবার করলেন ৫ গোল, এবার জিতলেন গোল্ডেন বুট। ২০১০-এর দক্ষিণ আফ্রিকাও দেখল তাঁর চিরচেনা রূপ, এবার দিলেন ৪ গোল।
সম্প্রতি এক প্রীতি ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে ১ গোল ক্লোসাকে নিয়ে গেছে নতুন এক উচ্চতায়। জার্ড মুলারকে ছাড়িয়ে জার্মানির হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড এখন তাঁর অধিকারে। বিশ্বকাপ দলে হয়তো জায়গাই হতো না ক্লোসার, কেবল মারিও গোমেজের চোটই দলে ফেরার দরজা খুলে দেয় তাঁর জন্য।
স্ট্রাইকার হিসেবে অনন্য ক্লোসা মানুষ হিসেবেও অসাধারণ। ২০০৫ সালে ভেরডার ব্রেমেনের হয়ে এক খেলায় রেফারি পেনাল্টির বাঁশি বাজানোর পরও তিনি তাঁকে বলেন সেটা আসলে ফাউল ছিল না। তেমনি ২০১২ সালে লাৎসিওর হয়ে নাপোলির বিপক্ষে এক গোল করার পর রেফারিকে বলেন, তিনি গোলটা হাত দিয়ে করেছিলেন। রেফারি কার্ড না দেখিয়ে উল্টো হাত মেলালেন ক্লোসার সঙ্গে!
কোনো বাণই তো এমন একজন মানুষের অভীষ্ট লক্ষ্যের পথ আটকাতে পারবে না!