এই খারাপ লাগার কোনো শেষ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল (পরশু) দলের সবাই যখন অনুশীলনে, আমি তখন বাসার পথে। ইচ্ছে করেই ওই সময়টা বেছে নিয়েছিলাম। সবার সামনে হোটেল ছাড়লে সহ্য করতে পারতাম না। তার পরও খুব খারাপ লেগেছে। মনটা বিষাদে ভরে ছিল। হোটেল ছাড়ার সময় ভাবছিলাম, আমার সঙ্গেই কেন বারবার এমন হয়!
এবারের ইনজুরি একদম আততায়ী হয়ে এসেছে। সব ইনজুরি আচমকাই আসে। সেটি ঠিক, আমার ক্ষেত্রে আরও বেশি ঠিক। বলের ওপর পা পড়ে হড়কে যাওয়া থেকে শুরু করে উইকেটে পিছলে পড়ে, কতভাবেই ইনজুরিতে পড়েছি। কিন্তু সত্যি বলতে, এবারের ইনজুরিটা একেবারেই অভাবনীয়। সাইড স্ট্রেইন ব্যাপারটির কথাই তো ভুলে গিয়েছিলাম!
সেই ২০০১ সালে নিউজিল্যান্ডে আমার সাইড স্ট্রেইন হয়েছিল, আর কখনো নয়। সব সময় আমার হাঁটু বা পায়ের চোট নিয়েই বেশি শঙ্কায় থাকি। ভারতের বিপক্ষে শেষ ওভারের চতুর্থ বলে হঠাৎ করেই একপাশে টান অনুভব করলাম। পরের দুটি বল করলাম কষ্ট করে। পরে বুঝলাম সাইড স্ট্রেইন। ১৩ বছর পর কোত্থেকে হুট করে হাজির হলো সাইড স্ট্রেইন!
চোট-টোটে এতবার পড়েছি, লোকে ভাবতে পারে, এখন বুঝি সয়ে গেছে। আসলে এটা সব সময়ই মেনে নেওয়া কষ্টকর। প্রতিবারই বাইরে ছিটকে গেলে অসম্ভব খারাপ লাগে, অদ্ভুত এক শূন্যতা ঘিরে ধরে। এবার সবচেয়ে খারাপ লাগছে এই সময়টায় হলো বলে। দেশের মাটিতে এশিয়া কাপ, সামনে কত খেলা। লোকের কত প্রত্যাশা। দলের সময়টাও একটু খারাপ যাচ্ছে। কোথায় সিনিয়র ক্রিকেটার হিসেবে দায়িত্ব নিয়ে একটু সামলাব, উল্টো বাইরে যেতে হলো। এক ধরনের অন্যায়বোধ ঘিরে ধরছে। খারাপ লাগছে, খুব খারাপ। এই খারাপ লাগার আসলে শেষ নেই।
ভাগ্যের ওপর কারও হাত নেই। কিন্তু আমি মেনে নিতে পারছি না। গত দুই বছরে কী যে কষ্ট করেছি! রিহ্যাব ব্যাপারটি এমনিতেই ভীষণ কষ্টের। চুল থেকে নখ পর্যন্ত সব নিয়ম মেনে চলেছি। জাতীয় দলের ফিজিও বিভব সিং, একাডেমির স্টুয়ার্ট কার্পিনেন, ওরা দেখেছে কত কষ্ট করেছি। ওদের বানিয়ে দেওয়া রুটিন পুঙ্খানুপুঙ্খ মেনে চলেছি তো বটেই, কখনো কখনো আরও বেশি পরিশ্রম করেছি। ভেবেছি, বয়স ৩০ হয়ে গেছে। যত দিন খেলব, টানা খেলব। নিজেকে উজাড় করে দেব। এ জন্যই সব ধরনের ফিজিক্যাল ট্রেনিং বেশি বেশি করেছি। এই যে সাইড স্ট্রেইন এত দিন ধরে হয় না, তবু আমি ঠিকই রুটিন মেনে কাজ করে গেছি। মাঝেমধ্যে নিজের কাছেই অবিশ্বাস্য লাগত, এতটা আমি পারছি কীভাবে! দেশের হয়ে খেলার তাড়না তবু আমাকে অনুপ্রাণিত করত আরেকটু বেশি কষ্ট করতে। দাঁতে দাঁত চেপে কষ্ট করে গেছি। অথচ আমার ভাগ্যটা দেখুন!
পরিশ্রমের সঙ্গে ছিল ত্যাগ। ক্যারিয়ারের বাকি সময় দেশের হয়ে নিজের সর্বোচ্চটা দিতে চেয়েছি, এ জন্য গত দুই বছরে আমার জীবনের সবচেয়ে প্রিয় বিষয়গুলোর সঙ্গে আপস করেছি। সবাই জানে আমি কতটা বন্ধুপ্রিয়, আড্ডাপ্রিয়। একটু ডিসিপ্লিন থাকার জন্য বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা একরকম বাদই দিয়েছি। রুটিন মেনে চলি। ভাত খেতে খুব ভালোবাসি, ওজন কমানোর জন্য দুই বছর ধরে ভাত প্রায় খাই-ই না। কই মাছ ভুনা আমার প্রিয়, আসলে সব ধরনের ভুনা খাবারই প্রিয়। এসব ছুঁয়েও দেখি না এখন। ব্যক্তিজীবনে আরও কত কত ত্যাগ! তবু এসবকে আমি কোনো ব্যাপারই মনে করিনি। ফিট থাকার জন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলাম। ইনজুরি তবু আমাকে ছাড়ল না।
এটা অবশ্য খুব বড় কোনো চোট নয়। আজ থেকে একাডেমির কার্পিনেনের সঙ্গে কাজ করব, এশিয়া কাপ শেষে বিভবের সঙ্গে। কত দিন বাইরে থাকতে হবে বুঝতে পারছি না। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করব, এমন কিছু ভাবছিই না। দেশের মাটিতে ২০১১ বিশ্বকাপ খেলতে পারিনি চোটের কারণে, এবার আর মিস করা নয়। আরও একবার নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব। আপনারা শুধু একটু দোয়া করবেন আমার জন্য।