সাও পাওলোর আবহাওয়া নিয়ে রসিকতা করাটা বিরাট একটা ভুলই হয়েছে দেখছি! প্রথম দিনের অভিজ্ঞতায় মনে হচ্ছিল, শীতবস্ত্রগুলো অকারণে বয়ে এনেছি। এখানে টি-শার্ট পরেই তো দিব্যি চালিয়ে দেওয়া যাবে। পরশু সকালে লেখাটেখা পাঠানোর পর হোটেল থেকে বেরিয়েই ধাক্কা খেলাম। তাপমাত্রা দেখাচ্ছে ২২ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু মেঘলা আকাশের নিচে কনকনে বাতাসে যেন ঢাকার মাঘ মাসের না হলেও পৌষের শীত! তাড়াতাড়ি রুমে ফিরে সোয়েটার নিয়ে বেরোলাম।
ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মিলও খুঁজে পেলাম কিছুক্ষণের মধ্যেই। মেঘের আড়াল থেকে সূর্য বেরিয়ে আসতেই সোয়েটারে গরম-গরম লাগে। সেটি খুলে ফেলার পরক্ষণেই হয়তো সূর্য বনাম মেঘের লড়াইয়ে মেঘের জয়, আবার শীত!
বাংলাদেশের সঙ্গে নয় ঘণ্টা সময় পার্থক্যের কারণে লেখালেখির কাজটা এখানে সকালেই সেরে ফেলতে হয়। ওয়েস্ট ইন্ডিজে চারবার ক্রিকেট কাভার করতে গেছি বলে এটা আমার কাছে নতুন কিছু নয়। নতুন হলো তিন দিন চলে যাওয়ার পরও শরীর-ঘড়ি বাংলাদেশের নিয়মেই চলাটা। রাত দেড়টা-দুইটার দিকে ঘুম ভেঙে যায়। বিছানায় কিছুক্ষণ এপাশ-ওপাশ করে উঠে পড়ি। করার তো আর কিছু নাই। লিখতে বসে যাই। ঘুম থেকে ওঠার পর শরীর-মন সচল হতে একটু সময় লাগে। পৃথিবীর অন্য গোলার্ধে কাজ নিয়ে এলে সেই সময়টা আর মেলে না।
শরীরও তার পাওনা বুঝে নিতে চায়। সাও পাওলোতে দিনের আলো ফুটতে শুরু করে আর দুই চোখ ঘুমে জড়িয়ে আসে। কিন্তু তখন তো আর ঘুমানোর উপায় নেই। হাতের ঘড়ি সকাল ছয়টা বলে। কিন্তু ল্যাপটপে বাংলাদেশ সময় চোখ রাঙায়, আসলে কিন্তু বেলা তিনটা!
এর চেয়েও বড় সমস্যা হলো, এক দিনের পুরোনো খবর লেখা। কোন দিনের ঘটনা, কোন দিন লিখছি আর পাঠকেরা কোন দিন পড়বেন—মাঝেমধ্যেই এই হিসাব গুলিয়ে যায়। সাও পাওলোতে বিপদের এখানেই শেষ নয়। এখানে আসার আগে থেকেই রাস্তাঘাটে একা একা চলাফেরা না করার সতর্কবাণী শুনে আসছি। পরশু দুপুরে হোটেলের লোকজন ‘এই এলাকায় কোনো সমস্যা নেই’ বলে অভয় দেওয়ার পর স্টেডিয়ামের আঙিনাটা ছাড়া প্রথম রাস্তায় পা ফেললাম। হোটেলের সামনেই বিশাল একটা পার্ক। ঘাসের গালিচা আর গাছপালা চিরে পিচঢালা পথ। এক পাশে তিন-চারটি টেনিস কোর্ট। সবগুলোই লাল মাটির, যা দেখে গুস্তাফো কুয়ের্তেনের কথা মনে পড়ে গেল। শুধু ক্লে কোর্টে মাস্তানি করেই র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে গিয়েছিলেন এই ব্রাজিলিয়ান।
পার্কের এক পাশে দুটি ফুটবল মাঠ। একটি শূন্য পড়ে আছে, অন্যটিতে তিন কিশোর তিনটি বল নিয়ে নানা কারিকুরি করছে আর একটু পর পর ৩০-৩৫ গজ দূর থেকে শূন্য পোস্টে পাঠিয়ে দিচ্ছে সেটিকে। কখনো সোজা, কখনো বা রংধনু কিকে। এদের কারও মধ্যেই হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের নেইমার। শুধু ব্রাজিল বলেই কথাটা মনে হলো না, এমন মনে হওয়ার আসল কারণ বল নিয়ে যা ইচ্ছা তা-ই করার অদ্ভুত ক্ষমতা। গোলে শট নেওয়ার আগে কেউ হয়তো সেটিকে পা দিয়ে ফ্লিক করে মাথায় তুলছে, মাথা থেকে সেই বল একান্ত বাধ্যগতের মতো নেমে আসছে শরীর বেয়ে।
বিশ্বকাপের দেশে বল নিয়ে খেলছে তিন কিশোর, সাংবাদিক মাত্রেরই কথা বলতে ইচ্ছা করবে। কিন্তু এখানে আসার পর থেকে পদে পদে হোঁচট খেয়ে যাচ্ছি বলে কথা বলার চেষ্টাটার ফল একটুও অবাক করল না। তিন কিশোরের কেউই ইংরেজি জানে না। ইশারায়-ইঙ্গিতে তার পরও চেষ্টা চালালাম কিছুক্ষণ। দুই পক্ষ থেকে একটা শব্দই শুধু কমন উচ্চারিত হলো—‘নেইমার’। আমার মুখে ‘নেইমার’টা ওরা বুঝল, ওদের মুখেরটাও আমি। ওটুকুই!
এর কিছুক্ষণ আগে এক রেস্টুরেন্টে খেতে গিয়েও একই রকম গলদঘর্ম অবস্থা হয়েছে। ব্রাজিলে আসার পর থেকে এত বেশি ইশারা-ইঙ্গিতে কথা বলতে হচ্ছে যে নিজেকে মাঝেমধ্যে মনে হচ্ছে পার্থপ্রতিম মজুমদার!