এই গাপটিলকে চিনলই না আইপিএল!

আইপিএলে দুবার নিলামে উঠেও অবিক্রীত থেকে গিয়েছিলেন। কোনো দলই ‘প্রয়োজন’ মনে করেনি মার্টিন গাপটিলকে। একটু কী অহমে আঘাত লেগেছিল নিউজিল্যান্ড ওপেনারের?
কে জানে! তবে ভারতে বিশ্বকাপ খেলতে এসে ঠিকই ভারতীয়দের নিজের ব্যাটিংয়ে মোহিত করে যাচ্ছেন ২৯ বছর বয়সী কিউই ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে অবশ্য খুব বেশি কিছু করতে পারেননি। অস্ট্রেলিয়ার সঙ্গে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩৯ রানের ঝোড়ো এক ইনিংস খেলে কিছুটা নামের মান রেখেছিলেন। আজ পাকিস্তানের বিপক্ষে সুপার টেনে নিজেদের তৃতীয় ম্যাচে পুরো আপন আলোয় উদ্ভাসিত মার্টিন গাপটিল। তাঁর ৪৮ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংসে ভর করেই পাকিস্তানকে ১৮১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে নিউজিল্যান্ড।
জিতলেই প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে, এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন কেন উইলিয়ামসন। গাপটিলের সঙ্গে মিলে আরও একবার সিদ্ধান্তটাকে সঠিক প্রমাণ করে যাচ্ছিলেন কিউই অধিনায়ক। দুজন মিলে ওপেন করেছেন, এ নিয়ে এমন সর্বশেষ ১০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টির ৮টিতেই পঞ্চাশ পেরোনো জুটি গড়লেন উইলিয়ামসন-গাপটিল। ৭.২ ওভারে উইলিয়ামসন যখন আউট হয়ে যাচ্ছিলেন, দলের রান হয়ে গেছে ৬২।
অবশ্য উইলিয়ামসনের ইনিংসটি মোটেও অধিনায়ক-সুলভ ছিল না। ১৭ রান করতে খেলেছেন ২১ বল। তবে সেটি মোটেও বুঝতে দেননি গাপটিল। উইকেটের চারিদিকে যেন বাউন্ডারির ফোয়ারা ছুটিয়েছিলেন। তাঁর ১০ চার ও ৩ ছক্কার ইনিংসটি নিউজিল্যান্ডকে একটা সময় দুই শ ছোঁয়ার আশাও দেখাচ্ছিল। তবে সেটি হয়নি আর কেউ সঙ্গে দিতে না পারায়। ১৫তম ওভারে যখন আউট হয়ে গেলেন, নিউজিল্যান্ডের রান ১২৭। কিন্তু টেলর-রনকি-অ্যান্ডারসনরা ওভাবে তাল মেলাতে না পারায় শেষ পর্যন্ত থামতে হলো ১৮০ রান করেই। পাকিস্তানের হয়ে অধিনায়ক অধিনায়ক শহীদ আফ্রিদি ও মোহাম্মদ শামি নিয়েছেন দুটি করে উইকেট।
উইকেটে স্পিন ধরবে ভেবে আজও দুই মূল পেসার টিম সাউদি ও ট্রেন্ট বোল্টকে বসিয়ে রেখেছে তিন স্পিনার নিয়ে নেমেছে নিউজিল্যান্ড। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কৌশল বেশ কাজে লেগেছিল। এর জন্য বেশ প্রশংসাও পেয়েছিলেন উইলিয়ামসন। আজ মোহালির হালকা ঘাসযুক্ত শক্ত পিচেও কী লেটার মার্কস পাবেন কিউই অধিনায়ক?