এই ছুটি তো তাঁর প্রাপ্যই ছিল

চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক, লিগে ভিলারিয়ালের বিপক্ষে মুগ্ধতা-জাগানিয়া গোল—লিওনেল মেসির শূন্যতা ভালোভাবে ঢেকে দিচ্ছিলেন নেইমার। কিন্তু তাতে কী, শেষ ম্যাচটায় ইচ্ছাকৃত সময় নষ্ট করে হলুদ কার্ড খেয়ে বসলেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। চলতি মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখায় গেটাফের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না বার্সা তারকার।
গেটাফের বিপক্ষে ম্যাচ শেষে সবাই চলে যাবে বড়দিনের ছুটিতে। সে হিসেবে একটু আগেভাগেই ফুরসত মিলল এই ব্রাজিলীয় সেনসেশনের। হ্যামস্ট্রিং ইনজুরিতে মেসি ছিটকে পড়ার পর গত এক মাস খুব খাটুনি গেছে নেইমারের। ছুটি তো একটা প্রাপ্যই ছিল। ছুটি পেয়ে বাক্স-প্যাটরা গুছিয়ে নেইমারের গন্তব্য জন্মভূমি ব্রাজিল। বছরের এই সময়টাই তো পরিবারের সঙ্গে কাটানোর সবচেয়ে কাঙ্ক্ষিত সময়।
নেইমারের আগাম ছুটিকে ইতিবাচকভাবেই দেখছেন বার্সা কোচ মার্টিনো, ‘নেইমার বৃহস্পতিবার ব্রাজিলে যাবে। সেখানে ১০ দিন ছুটি কাটাবে। গত একটা মাস ও কোনো বিশ্রাম পায়নি। ক্লাবের সঙ্গে সে দারুণ মানিয়ে নিয়েছে। সে এখন জানে, তাঁকে কীভাবে খেলতে হবে। সবাই ওকে ভালোবাসে, সেও সবাইকে ভালোবাসে। বড়দিনের ছুটি কাটিয়ে নতুন বছরের শুরুতে এলচের বিপক্ষে মাঠে নামবেন নেইমার।’