এই জানুয়ারিতেই পাকিস্তান সফর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহলে বাংলাদেশই হতে যাচ্ছে চার বছরের মধ্যে পাকিস্তান সফর করা প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেট দল! বিসিবি সূত্রে জানা গেছে, আগামী জানুয়ারি মাসের শুরুর দিকে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ দলের পাকিস্তান যাওয়া একরকম নিশ্চিত।বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে বিসিবি ও পিসিবির মধ্যে নিয়মিতই চিঠি চালাচালি চলছিল। তারই ধারাবাহিকতায় বিসিবি থেকে পিসিবিকে বলা হয় সিরিজের সম্ভাব্য সূচি জানাতে। সেটি হাতে না পেলেও বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান এনায়েত হোসেন কাল জানিয়েছেন, ‘সব ঠিক থাকলে ৯ বা ১০ জানুয়ারি আমাদের দল পাকিস্তানে যাবে। সেখানে তিন দিনের সফরে পাকিস্তানের সঙ্গে তারা একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে।’সম্ভাব্য সূচি নিয়ে আলোচনা হলেও সফরটিকে এখনই পুরোপুরি নিশ্চিত বলতে পারছেন না এনায়েত হোসেন, ‘আমরা পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছি এবং সম্ভাব্য দিন-তারিখ নিয়েও আলোচনা চলছে। তবে সবই নির্ভর করছে নিরাপত্তা পরিস্থিতি আর আইসিসির ওপর। আইসিসিকে আমরা এই সিরিজের জন্য ম্যাচ অফিশিয়াল দেওয়ার অনুরোধ করব।’২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর বন্দুকধারীদের হামলার পর থেকে বিদেশি দলগুলো পাকিস্তান সফর করছে না। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী ২০১০ সালের আগস্টে দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশ দলেরও পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে সেটা হয়নি, হয়েছে কেবল সফর নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনাই।