এই জার্মানি অন্য রকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষে করমর্দনের পর জোয়াকিম লোর কানে কানে কী যেন বলছিলেন অস্ট্রেলিয়ার কোচ পিম ভারবিক। ‘তোমার কথাকে ছেলেরা এভাবে সত্যি প্রমাণ করে ছাড়ল!’—এটাই কি?ম্যাচের আগের দিন জার্মান কোচ বলেছিলেন, ‘দক্ষতা দিয়ে অস্ট্রেলিয়াকে আমরা বিব্রত করে ফেলতে চাই, ওদের নিয়ে ছেলেখেলা করতে চাই।’ পরশু ডারবান স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে নিয়ে জার্মানি যা করল, সেটা তো ছেলেখেলাই! ৪-০ স্কোরলাইনটা ম্যাচের পুরো চিত্র ফুটিয়ে তুলতে পারছে না, খুব সহজেই এটি হতে পারত ১০-০! এক মিরোস্লাভ ক্লোসাই মিস করেছেন তিনটি সুযোগ, মেসুট ওজিলের একটি চিপ গোলে ঢোকার মুহূর্তে বাঁচিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক লুকাস নিল, দুটি করে মিস করেছেন সামি খেদিরা ও টমাস মুলার—প্রায় নিশ্চিত সুযোগগুলো ধরলেই তো ডজনখানেক গোল হয়ে যায়, ‘হাফ চান্স’গুলোর কথা বাদই থাকল।ফুটবল মূলত গোলের খেলা বলেই গোল নিয়ে এত কথা। না হলে জোয়াকিম লোর দলের দুরন্ত গতি ও নিখুঁত পাসিংয়ের খেলায় পরশু মন ভরে যাওয়ার কথা জার্মানির ফুটবল নিয়ে এত দিন নাক সিটকানো লোকটিরও। দলের গড় বয়স ২৫-এর সামান্য বেশি, ১৯৩৪ বিশ্বকাপের পর এটাই সবচেয়ে তরুণ জার্মান দল, দলের অধিনায়ক বিশ্বকাপ ইতিহাসেই তাদের কনিষ্ঠতম। তার পরও ফিলিপ লাম কেন বলেছিলেন, ‘আমার খেলা সেরা জার্মান দল’, তার কিছু নমুনাও দেখা গেছে পরশু। তবে জার্মানির প্রতিপক্ষরা আতঙ্কিত হতে পারে লোর ম্যাচ শেষের প্রতিক্রিয়ায়, ‘আমি সন্তুষ্ট, খুশি ও আত্মবিশ্বাসী। তবে মনোযোগটা ধরে রাখতে হবে। উন্নতির জায়গা এখনো আছে।’ জার্মান কোচকে সবচেয়ে সন্তুষ্টি দিতে পারে ক্লোসার গোল পাওয়া, তাঁকে দলে রাখায় সমালোচনা কম তো হয়নি!অথচ প্রথমে গোল পেতে পারত অস্ট্রেলিয়াই। ৩ মিনিটেই কর্নার থেকে টিম কাহিলের জোরালো হেড ফিরিয়ে দেন গোলকিপার ম্যানুয়েল নয়ার, ফিরতি বলে গার্সিয়ার শটে কোনো রকমে পা লাগান লাম। তবে নিয়ন্ত্রণ নিতে সময় নেয়নি জার্মানি। শোয়েনস্টাইগারকে ডিফেন্সিভ মিডফিল্ডে রেখে লো আক্রমণ সাজিয়েছিলেন। সবার সামনে ক্লোসা এবং তাঁর পেছনে তিন অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস পোডলস্কি, ওজিল ও মুলারকে রেখে। বাঁ উইংয়ে পোডলস্কি আর ডান উইংয়ে মুলার যখনই বল পেয়েছেন, ভয়ংকর হয়ে উঠেছেন। দুজনের মাঝখানে ওজিলই খেলেছেন দুর্দান্ত। প্রথম গোলটিও এই তিনজনের সমন্বয়ে। ওজিলের এগিয়ে দেওয়া বলে মুলারের দারুণ বুদ্ধিদীপ্ত এক পাসে জোরালো শটে গোল করেন পোডলস্কি, ঠিক পজিশনে থেকেও গোলকিপার শোয়ার্জার তা আটকাতে পারেননি গতির কারণে।ক্লোসার গোলটি এসেছে হেডে, ২৪ ও ২৬ মিনিটে পা দিয়ে গোল করার দুটি সহজ সুযোগ হাতছাড়া করার পর। ২৭ মিনিটে লামের নিখুঁত এক লবে মাথা ছুঁইয়ে শোয়ার্জারকে ফাঁকি দেন গত বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী। দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা করেছিল অস্ট্রেলিয়া, কিন্তু সব গুবলেট পাকিয়ে যায় কাহিলের লাল কার্ডে। ৫৬ মিনিটে শোয়েনস্টাইগারকে ফাউল করে সরাসরি লাল কার্ড পেয়ে কাহিল মাঠ ছাড়ার পর আবার নিয়ন্ত্রণ নেয় জার্মানি। ৬৮ মিনিটে বক্সের ভেতর থেকে গোল করেন মুলার। মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা এই ২০ বছর বয়সী কাল বুঝিয়ে দিয়েছেন তিনি জার্মান ফুটবলের ভবিষ্যর‌্যা। ৬৯ মিনিটে ক্লোসার বদলে নেমে এক মিনিট পরই ওজিলের পাস থেকে গোল করেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত কাকাউ।লোকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে এই গোলগুলোই, ‘আমরা অসাধারণ খেলেছি, দারুণ সব গোল করেছি। সত্যিই খুব ভালো লাগে দল যখন পরিকল্পনার প্রায় সবটাই মাঠে বাস্তবায়িত করতে পারে।’ তবে আনন্দে একেবারে ভেসে যাচ্ছেন না জার্মান কোচ, ‘আমরা জানি এটা কেবল প্রথম ম্যাচ, অস্ট্রেলিয়া ম্যাচই চূড়ান্ত পরীক্ষা নয়, আরও অনেক শক্তিশালী প্রতিপক্ষ আসবে।’সে না হয় আসবে, অন্তত প্রথম ম্যাচে জার্মানি বুঝিয়ে দিয়েছে, এই জার্মানি অন্য রকম। ফিলিপ লাম তো তাহলে সত্যিই বলেছিলেন, ‘এই দল টিপিক্যাল জার্মান দল নয়।’ এএফপি, ওয়েবসাইট।