
পুরো দলকে অভিনন্দন জানাতে চাই। সবাই খুব ভালো ব্যাটিং করেছে। আমাদের দলের চরিত্রের একটি পরীক্ষা ছিল আজকের দিনটা। সেই পরীক্ষায় আমরা খুব ভালোভাবে উতরে গেছি।
বরাবরই আমি মুমিনুলের ব্যাটিংয়ের বড় ভক্ত। আজও দারুণ ব্যাট করেছে। এমন প্রবল চাপের মধ্যে তরুণ এক ব্যাটসম্যানের এমন একটা ইনিংসই বলছে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে। আর সাকিব তো এমন ব্যাটিংই করে। ওদের দুজনের জুটিই ড্র নিশ্চিত করেছে। তবে তামিম ও শুভর কথাও আমি আলাদা করে বলব। হয়তো প্রথম সেশনের পুরোটা ওরা কাটিয়ে দিতে পারেনি। তবে প্রথম ঘণ্টা অন্তত কাটিয়েছে, সেটাও কম গুরুত্বপূর্ণ ছিল না। সবচেয়ে বড় কথা, দুজনেই নিজেদের সহজাত খেলাটাকে দূরে রেখে উইকেট পড়ে থাকতে চেষ্টা করেছে। এই চেষ্টাটা আসলে সবার মধ্যেই ছিল। সবার ব্যাটিংয়েই লড়াই করা, ম্যাচ বাঁচানোর তাগিদটা ছিল। শেষ পর্যন্ত খুব ভালোভাবেই আমরা ড্র করতে পেরেছি।
আমাদের সামনে এগোনোর পথচলায় এই ড্র একটি মাইলফলক হতে পারে। শ্রীলঙ্কার মতো একটা দলের বিপক্ষে শেষ দিনে এমন খেলে ম্যাচ বাঁচানো সবাইকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। প্রথম ইনিংসে এতটা পিছিয়ে থাকার পর ম্যাচ বাঁচানো সোজা কথা নয়। তা ছাড়া এই টেস্টেও আগের সময়টুকুর কথা ভাবুন। প্রথম টেস্টে শ্রীলঙ্কা আমাদের যেভাবে বিধ্বস্ত করেছে তাতে যেকোনো দলের মনোবল তলানিতে চলে যেতে পারত। কিন্তু আমরা দারুণভাবে ফিরেছি। গত টেস্টের পরই আমি বলেছিলাম, এটা স্রেফ একটি বিচ্ছিন্ন বাজে টেস্ট। অনেক ভালো দলেরও এমন বাজে ম্যাচ যায়। এই টেস্টে ছেলেরা প্রমাণ করেছে, ধারাবাহিক এগিয়ে যাওয়ার পথে মিরপুর টেস্ট ছিল একটু পেছন ফিরে তাকানো।
গত বছর আমাদের শ্রীলঙ্কা সফরেও টেস্ট সিরিজের ফল ছিল ১-০। শ্রীলঙ্কার মাটিতে গিয়ে কমবেশি ভুগতে হয় প্রায় সব দলকেই। সেই ফলাফলও খারাপ ছিল না। তবে এবারের ১-০-কে আমি এগিয়ে রাখব। শ্রীলঙ্কায় আমরা প্রথম টেস্ট ড্র করার পর দ্বিতীয় টেস্টে হেরেছিলাম। এখানে হয়েছে উল্টো। আর অমন বাজে টেস্টের পর এমন ঘুরে দাঁড়ানো কিন্তু আমাদের নিজেদের জন্য দারুণ একটি শিক্ষা হলো।
সিরিজ ড্র বা একটা ম্যাচ ড্র করতে পেরে তৃপ্তির ঢেকুর তোলার দিন আমাদের এখনো আছে কি না, সেই প্রশ্ন উঠতে পারে। কিন্তু বাস্তবতা মনে রাখতে হবে। আমরা এখনো টেস্টে ধারাবাহিকভাবে ২০ উইকেট নিতে পারছি না। গত কিছুদিনে মূলত ব্যাটিংটাই বেশি ধারাবাহিক। সে জন্যই এখন অনেক ড্র করতে পারছি। বোলিংটা আরও ধারালো হলে নিয়মিত জিততে শুরু করব।