
ডাগআউটে বসে ছিলেন নিষ্কম্প৷ মুখে বিষাদের গাঢ় রেখা, চোখে রাজ্যের দুশ্চিন্তা৷ কখনো দুই হাত দিয়ে মুখ ঢাকছেন, কখনো মাথা নিচু করে তাকিয়ে মাটির দিকে৷ যেন অনুচ্চারে জানিয়ে দিচ্ছিলেন, দলের কাছে তিনি নিঃশর্ত ক্ষমাপ্রার্থী৷ মাঠে নামতে না পারার জন্য শুধু ভাগ্যকেই দুষতে পারেন লুইস সুয়ারেজ৷ কিন্তু দলকে অমন লজ্জায় ডুবতে দেখে খানিকটা অনুশোচনা কি তাঁকে গ্রাস করেনি?
পরশু যা হয়েছে, সেটা ভয়াবহ একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছু নয়৷ কী ধারে, কী ভারে, কোনো দিক দিয়েই উরুগুয়ের সঙ্গে কোস্টারিকার কোনো তুলনা হয় না৷ একপেশে একটা খেলার পূর্বানুমানও করে ফেলেছিলেন অনেকে৷ ৩-১ গোলের ফলটা কিছুটা একপেশেই বটে, কিন্তু শিকারি নয়, শিকারের নাম উরুগুয়ে৷ বিশ্বকাপের শুরুতেই অঘটনের জন্মও দিল মধ্য আমেরিকার দেশটি৷
চোটের কারণে বিশ্বকাপ খেলা নিয়েই সংশয় ছিল সুয়ারেজের৷ সেটা অনেকটা কাটলেও পরশুর ম্যাচে তুরুপের তাসকে প্রথম একাদশে রাখেননি অস্কার তাবারেজ৷ কিন্তু মাঠে তাঁর অভাবটা কী ভীষণভাবেই না টের পেলেন উরুগুয়ে কোচ! এডিনসন কাভানি হয়ে ছিলেন বিচ্ছিন্ন দ্বীপের মতো, ডিয়েগো ফোরলানকে পুরো ম্যাচে আতিশ কাচ দিয়ে খুঁজতে হয়েছে৷ মধ্যমাঠ ও আক্রমণের মধ্যে সেতুবন্ধটা কখনোই সেভাবে গড়ে ওঠেনি৷ কাজটা সুয়ারেজের চেয়ে ভালো আর কে পারেন? উরুগুয়েকে দেখে প্রশ্ন ওঠাই স্বাভাবিক, ‘এটাই কি চার বছর আগের সেই উরুগুয়ে!’
অথচ প্রথমে কিন্তু এগিয়ে গিয়েছিল উরুগুয়েই৷ ডিয়েগো লুগানোকে বক্সে পেছন থেকে ধরে রেখেছিলেন কোস্টারিকার জুনিয়র ডায়াজ৷ সঙ্গে সঙ্গেই রেফারির বাঁশি৷ ২৪ মিনিটে কাভানি পেনাল্টি থেকে যখন গোল করলেন, মনে হচ্ছিল দক্ষিণ আমেরিকান দলগুলোর জয়যাত্রা বজায়ই থাকবে৷

কিন্তু দ্বিতীয়ার্ধেই যেন জাদুমন্ত্রবলে পালটে যায় কোস্টারিকা৷ ৫৪ মিনিটে আর্সেনালের জোয়েল ক্যাম্পবেলের দারুণ এক গোল ফেরায় সমতা৷ মিনিট তিনেকের মধ্যে উরুগুয়েকে হতভম্ব করে ডাইভিং হেডে গোল করে বসেন অস্কার ডুয়ার্তে৷ ফোর্তালেজার কোস্টারিকা ভক্তদের জটলা তখন রূপ নিয়েছে লালের বর্ণিল উৎসবে৷ এরপর দূরপাল্লার শটে ক্যাম্পবেল কয়েকবারই কাঁপন ধরিয়ে দিয়েছিলেন৷ ৮৪ মিনিটে এসেছে শেষ গোলটা৷ ক্যাম্পবেলের থ্রু ধরেই দুরূহ কোণ থেকে গোল করেন মার্কো উরেনা৷
উরুগুয়ের পরের পর্বে ওঠার স্বপ্নটা এখন অনেকটাই ফিকে৷ এমন হোঁচটের পরও তাবারেজ আশাবাদী, ‘আগের চেয়ে আমাদের কাজটা এখন অনেক কঠিন৷ কিন্তু গত কয়েক বছরে আমরা যে সম্মান অর্জন করেছি, সেটা আমাদের রক্ষা করতে হবে৷ ফুটবলে কখনো কখনো আপনাকে হারতেই হবে৷ সাহস হারালে চলবে না, আপনাকে উন্নতি করতেই হবে৷’
আর কোস্টারিকা কোচ হোর্হে লুইস পিন্টোর গতিকেই মানছেন ব্যবধান, ‘গতিই ছিল চাবিকাঠি৷ বিশ্বমানের প্রিতপক্ষের সঙ্গে আমরা নিজেদের খেলার ধরন এতটুকু বদলাইনি৷ আগেই বলেছিলাম, আমরা যে কাউকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারব৷ আজ আমরা সেটা দেখিয়েছি৷’ এএফপি৷