এই তাহলে সিমিওনে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাটলেটিকো মাদ্রিদের ডাগআউটে ডিয়েগো সিমিওনে । এএফপি
অ্যাটলেটিকো মাদ্রিদের ডাগআউটে ডিয়েগো সিমিওনে । এএফপি

‘পরিশ্রম ও বিনয়’—সংক্ষেপে অ্যাটলেটিকো মাদ্রিদের সাফল্যের নিগূঢ় মন্ত্র। আসলে বলা উচিত ডিয়েগো সিমিওনের। অ্যাটলেটিকো কোচ যখন মৃদু হেসে কথাটা বলেন তখন বিশ্বাস করতে যেন খানিকটা কষ্ট হয়। ‘ম্যান ইন ব্ল্যাক’ সিমিওনে কালো স্যুট-টাইয়ে কেতাদুরস্ত। ফুটবল কোচ না হয়ে চলচ্চিত্রে ইতালিয়ান মাফিয়ার চরিত্রেই বরং ভালো করতেন। পোড়-খাওয়া চেহারার লোকের সঙ্গে বিনয় কথাটা যেন ঠিক যায় না! অথচ এ লোকটা দেখিয়ে দিচ্ছেন, কথা বেশি না বলে কাজটা ঠিকমতো করলে সাফল্য আসবেই।
তবে ‘পরিশ্রম’ কথাটা নিয়ে কেউ আপত্তি তুলবেন না। ২০১১ সালের ডিসেম্বরে সিমিওনে যখন কোচ হয়ে এলেন, অবনমনের দরজা থেকে মাত্র ৪ পয়েন্ট ওপরে অ্যাটলেটিকো। সেই দলটাকে যেভাবে তুললেন, সেটির উদাহরণ পাবেন হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের রূপকথায়। ধুঁকতে থাকা অ্যাটলেটিকো সেবার লিগ শেষ করল পাঁচে, জিতল ইউরোপা লিগও। পরের মৌসুমে বার্সা-রিয়ালের সঙ্গে অনেক দূর টক্কর দিয়ে অ্যাটলেটিকো হলো তৃতীয়। তার পরও দুই ঘোড়ার রেস এবার তিন ঘোড়ার হবে, সেটি অনেকেই বিশ্বাস করতে চাননি। সিমিওনে সেটি করতে বাধ্য করেছেন। লা লিগায় অ্যাটলেটিকোই শীর্ষে, পরশু বার্সেলোনাকে হারিয়ে দিগন্তসীমায় টেনে এনেছেন চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বপ্ন। ‘ডার্ক হর্স’ কথাটাকে সিমিওনে অপমান হিসেবে নিতে পারেন!
মজার ব্যাপার, সিমিওনের হাত ধরেই কিন্তু অ্যাটলেটিকোর সর্বশেষ লিগ সুখস্মৃতি। ১৯৯৬ সালে খেলোয়াড় হিসেবে জিতিয়েছিলেন লিগ ও কাপ ডাবল। এবার তো আরও বড় ডাবলেরই স্বপ্ন দেখাচ্ছেন অ্যাটলেটিকোকে।
কিন্তু সীমিত বাজেট, তেমন তারকা খেলোয়াড় ছাড়া কী করে এমন চমক দেখিয়ে চলেছেন সিমিওনে? উত্তরটা লুকিয়ে আছে খেলোয়াড়ি জীবন থেকে পাওয়া শিক্ষাতেই। নিজে ছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার, আর্জেন্টিনার হয়ে খেলেছেন ১০৬টি ম্যাচ। শৃঙ্খলা ছিল তাঁর মূলমন্ত্র, সেটিই জপে দিচ্ছেন ছাত্রদের কানে। ‘বল নয়, জায়গা দখল করো’—সিমিওনের কোচিং দর্শন সরল। ‘আঁটসাঁট রক্ষণ, দুর্দান্ত প্রেসিং, প্রতি-আক্রমণে ভয়ংকর’—এই হলো সিমিওনের অ্যাটলেটিকো।
শুনতে যত সহজ শোনায়, কাজটা মোটেই তত সহজ নয়। কিন্তু সিমিওনে জানেন কীভাবে পা মাটিতে রাখতে হয়। সে কারণেই বার্সাকে হারানোর পর আবেগে না ভেসে বলতে পারলেন, ‘আমরা কিছুই জিতিনি। নিজেদের কাজটা করে যেতে হবে। এখনো অনেক পথ বাকি।’
তেল ব্যবসায়ী, আমেরিকান ধনকুবের, আরব শেখদের ‘দৌরাত্ম্যে’ ফুটবল যখন টাকার জালে বন্দী, সিমিওনের অ্যাটলেটিকো তখন একঝলক মুক্ত বাতাস হয়েই আসে! ওয়েবসাইট, এএফপি।