
মঙ্গলবার ছিল তাঁর জন্মদিন। তার আগের রাতে ঘড়ির কাঁটা রাত ১২টা পেরোতেই সাইবার জগতে যুদ্ধ শুরু, কে কতবার অভিনন্দনের ফুলটা দেবে মেসিকে। এ যেন বিস্ফোরণ! হাজার হাজার অভিনন্দনের ফুল। সশরীরে শুভেচ্ছাটা জানালেন কোচ আলেসান্দ্রো সাবেলা। তারপর সব সতীর্থ।
জন্মদিনে অপ্রত্যাশিতভাবে শুভেচ্ছা এল প্রতিপক্ষ নাইজেরিয়া শিবির থেকেও। দিলেন স্বয়ং স্টিফেন কেশি, সুপার ইগলদের কোচ। শুভেচ্ছা বার্তার ভাষাটা এ রকম, ‘শুভ জন্মদিন মেসি। কী অসাধারণ দিন। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। কামনা করছি তোমার দীর্ঘ জীবন এবং পূরণ হোক তোমার হৃদয়ের সব আকাঙ্ক্ষা। তবে আমরা তোমার উদ্যাপন দেখতে চাই ম্যাচের পর।’ কিন্তু মেসি এই অগ্রজ কোচের কথাটা রাখলেন না।
জন্মদিনের উৎসবটা করলেন ম্যাচের মধ্যেই। ৬২ মিনিটে উঠে যাওয়ার আগে সোনায় মোড়ানো সেই বাঁ পায়ে দুটি গোল করে, আরেকবার নাইজেরিয়ার পরাজয় লিখে দিয়ে। বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে নিয়তির মতো লেপ্টে থাকা নাইজেরিয়া টানা চতুর্থবার হার মানল, এবার ৩-২ গোলে।
অনেকেই বলছেন, এবারের বিশ্বকাপটা হবে মেসির। তাঁর সাবেক অধিনায়ক হাভিয়ের জানেত্তিরই যেমন দৃঢ় বিশ্বাস, ফুটবল জাদুকরের জন্য এটা লিখে রেখেছে ফুটবল-বিধাতা। সেটি ঘটবে কি না, বলবে সময়।
তবে এই বিশ্বকাপে মেসি প্রতি ম্যাচেই একেকটি জাদুকরি গোল করে ছাড়িয়ে যাচ্ছেন আগেরটিকে। আপাতত গোলসংখ্যায়ও তিনি যৌথভাবে শীর্ষে, যেখানে চার গোল নিয়ে তাঁর সঙ্গী বার্সেলোনা সতীর্থ ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। প্রথম ম্যাচে বসনিয়ার ভাগ্য লিখে দিয়েছিলেন বাঁ পায়ে ২৫ গজি শটের এক দুর্দান্ত গোলে৷ পরের ম্যাচে ইরানের সঙ্গে ম্যাচটি জেতালেন আরও সুন্দর এক গোলে। কাল ডি মারিয়ার শটটা পোস্টে লেগে ফিরলে চোখের পলকে রিবাউন্ড থেকে গোল করলেন, ম্যাচের মাত্রই তৃতীয় মিনিটে। দুর্দান্ত প্রতি-আক্রমণে মিনিটের মধ্যেই আহমেদ মুসা নাইজেরিয়াকে সমতায় ফেরালে আবারও সেই মেসি। প্রথমার্ধের যোগ করা সময়ে এই গোলটা সেই ধনুক বাঁকা ফ্রি-কিকে। দুই মিনিট আগে এ রকমই এক ফ্রি-কিক ফিরিয়ে দিয়েছিলেন নাইজেরিয়ার গোলরক্ষক এনিয়েমা। মনে করিয়ে দিয়েছিলেন চার বছর আগের বিশ্বকাপে এলিস পার্কের সেই শীতার্ত সন্ধ্যাকে। যেখানে সত্যিই তিনি ইগলের ক্ষিপ্রতায় গোল-বঞ্চিত করেছিলেন মেসিকে।
কাল িক তাহলে সেই বঞ্চনারই শোধ নেওয়ার দিন ছিল আর্জেন্টাইন জাদুকরের? শোধ কিছুটা নিলেন, তবে পুরোপুরি নয়। সেদিন অন্তত চারবার মেসির সামনে দেয়াল তুলে দাঁড়িয়েছিলেন এনিয়েমা। শোধ নিতে হলে দরকার ছিল আরও দুই গোল। হলো না আলেসান্দ্রো সাবেলার সতর্কতায়। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা যখন নিশ্চিতই হয়ে গেছে, তখন দলের প্রাণভোমরাকে কেন ওই শক্তিমত্ত আফ্রিকানদের সামনে ছেড়ে দিয়ে চোটের ঝুঁকি নেবেন কোচ! তা ছাড়া এদিন নাইজেরিয়ানরা নিজেদের সীমানায় অনেক বেশি জায়গা ছাড়ায় মেসির পাশে ডি মারিয়া, হিগুয়েইন ও আগুয়েরোও হয়ে উঠলেন বর্শার ফলার মতো। যদিও চোট পেয়ে প্রথমার্ধেই মাঠ ছেড়ে যেতে হয়েছে আগুয়েরোকে।
কিন্তু নাইজেরিয়া িক শুধুই শক্তিমত্ত ছিল কাল? না, তারাও ছিল গতি ও নৈপুণ্যে ভাস্বর। গোলের জন্য সমান তালে ছুটেছে তারাও। সবচেয়ে উজ্জ্বল সেনানী আহমেদ মুসা। প্রথম গোলটি খাওয়ার এক মিনিটের মধ্যেই সেটি শোধ করে দিয়েছিলেন নিখুঁত ফিনিশিংয়ে। বিরতির পর দ্বিতীয় মিনিটেই আবারও গোল করে নাইজেরিয়াকে সমতায় ফেরান এই মিডফিল্ডার। দুই মিনিট পর কর্নার কিকে হেড করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লেফট ব্যাক মার্কোস রোহো।
পাঁচ গোলের ম্যাচটিই যেন গোলের নেশায় বুঁদ হয়ে ছিল। আক্রমণের ঢেউয়ে ঢেউয়ে যেন ছিল গোলের ভাষা। এমন ম্যাচ দেখার জন্যই রাত জেগে অপেক্ষায় থাকা যায়। এমন ম্যাচের জন্যই আর্জেন্টিনার সীমান্তবর্তী পোর্তো আলেগ্রেতে দলে দলে এসে শহরটিকে এক টুকরো আর্জেন্টিনা বানিয়ে ফেলেছে আর্জেন্টাইনরা।
এ ম্যাচ জিতে মেসির আর্জেন্টিনা ‘এফ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠল দ্বিতীয় রাউন্ডে, যেখানে তাদের অপেক্ষায় থাকবে ‘ই’ গ্রুপের রানার্সআপরা। হেরেও রানার্সআপ হিসেবে দ্বিতীয় রাউন্ডে নাইজেরিয়া। আর্জেন্টিনা তাদের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি খেলবে সাও পাওলোতে। সেখানে উৎসবের রং আবারও কি হবে আকাশি-সাদা?