এই তো সেই হান্টেলার-স্নাইডার!

চার বছর আগের ও পরের মধ্যে কী দুস্তর ব্যবধান! দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে হল্যান্ড যার ঘাড়ে সওয়ার হয়েছিল, এবার যেন তাঁকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। রবিন ফন পার্সি ও আরিয়েন রোবেনের ছায়ায় ঢাকা পড়ে ছিলেন প্রথম তিন ম্যাচ। কিন্তু নিয়তিই ঠিক করে রেখেছিল ওয়েসলি স্নাইডার আবার ফিরবেন পাদপ্রদীপে। আর সেই ফেরাটা কী রাজকীয়ই না হলো!
নায়ক থাকলে তাঁর সঙ্গে পার্শ্বনায়ক থাকতেই পারেন। ক্লাস-ইয়ান হান্টেলার পার্শ্বনায়ক কি না, সেটা নিয়ে অবশ্য তর্ক হতে পারে। এখন প্রথম একাদশে একরকম ব্রাত্যই, বদলি হিসেবেও সুযোগ মেলে কালেভদ্রে। পরশু ফন পার্সিকে উঠিয়ে যখন হান্টেলারকে নামানো হলো, অনেকেই সামান্য ভ্রু কুঁচকেছিলেন। ফন পার্সির বদলে টুর্নামেন্টে খুব একটা খেলার সুযোগ না পাওয়া হান্টেলার! অন্তিম সময়ে দলকে জয় এনে দেওয়া গোল করে এখন তাঁকে নিয়েই মাতামাতি। হ্যাঁ, গোলটা পেনাল্টি থেকেই করা, কিন্তু শেষ মুহূর্তে স্নায়ু ঠিক রেখে গোল করার কৃতিত্ব তাতে এতটুকু কমে যায় না।
অথচ পেনাল্টি মারার কথা ছিল কিন্তু রোবেনের। পরে হান্টেলার নিজেই জানিয়েছেন, ‘ওটা রোবেনেরই নেওয়ার কথা ছিল। কিন্তু সে আমার কাছে জানতে চেয়েছিল আমি ওটা নেব কি না। আমার আত্মবিশ্বাস ছিল, তাই হ্যাঁ বলে দিয়েছিলাম। এবং গোলও করেছি।’ দলকে এমন একটা জয় এনে দেওয়া তো স্বপ্নপূরণের মতোই, ‘আপনি এ রকম মুহূর্তগুলোর কথা শুধু স্বপ্নেই দেখবেন। ফিরে আসাটা খুবই কঠিন ছিল। সেটা আমরা পেয়েছি। বিশেষ করে নকআউট পর্বের মতো কঠিন এক ম্যাচে।’

তবে ডাচদের আসলে তো বাঁচিয়ে দিয়েছে স্নাইডারের গোলটাই। ফোর্তালেজার তীব্র গরমে যখন খেলোয়াড়দের নাভিশ্বাস চরমে, একটা গোলের জন্য ডাচরা হাপিত্যেশ করে মরছিল। মেক্সিকো গোল করার পর মরিয়া হয়েও সেটা শোধ করতে পারছিল না হল্যান্ড। শেষ পর্যন্ত দারুণ এক শটে স্নাইডার গোল করলেন। আর মেক্সিকোকে স্তম্ভিত করে দিয়েছেন হান্টেলার।
ম্যাচশেষে দুজনের কাছ থেকেই একটা ধন্যবাদ পাওনা লুইস ফন গালের। এই মৌসুমে নিজেকে হারিয়ে খোঁজা স্নাইডার কতটুকু কী করতে পারবেন, সেটা নিয়ে সংশয় ছিলই। ফন গাল বিশ্বকাপের আগেই বলেছিলেন, স্নাইডারকে স্বরূপে দেখা যাবে। বদলি খেলোয়াড় হিসেবে সুযোগ দেওয়ার জন্য হান্টেলার তো তাঁকে একটা ধন্যবাদ দেবেনই। ফিফা ডট কম।
টু কি টা কি
বিশ্বকাপে সর্বশেষ ৫ নকআউট ম্যাচে ৫টি গোল করলেন ওয়েসলি স্নাইডার।
৬ জন ডাচ ফুটবলার গোল করেছেন এবার, এখনো পর্যন্ত এই বিশ্বকাপে এক দলের সর্বোচ্চ
এই নিয়ে টানা ছয়বার দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ল মেক্সিকো
৯৪ মিনিটে গোল করেছেন ক্লাস-ইয়ান হান্টেলার, বিশ্বকাপে মূল সময়ে এর চেয়ে দেরিতে গোল আছে কেবল ফ্রান্সিসকো টট্টির (২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে)