প্রথম বলটা স্টাম্পের বাইরে ফুল লেংথের। আলতো পুশ করলেন। শিল্পীর তুলির একটা সাদামাটা টান যেন। কভার দিয়ে দৌড়ে বেরিয়ে গেল বল। দ্বিতীয় বলটায় শিল্পীর আঁচড়ে খানিকটা রং লাগল। এবার পয়েন্ট আর কাভার-পয়েন্টের মাঝখানে একটা রেখা তুলে সীমানার বাইরে। পর পর দুই আঁচড় দেওয়ার পর শিল্পী যেন কিছুক্ষণ গালে হাত দিয়ে ভাবলেন। তৃতীয় বলটা তাই ডট। চতুর্থ বলে গ্লান্স, ফাইন লেগ দিয়ে আরও একটি চার।ষষ্ঠ ওভারের তৃতীয় বলে যখন নামলেন শচীন টেন্ডুলকার, জেমস প্যাটিনসন নামের ২২ বছর বয়সী পেসার রীতিমতো ত্রাস ছড়াচ্ছেন। টানা ২ ওভারে ভারতের দুই ওপেনারকে তুলে নিলেন ১২ রানের মধ্যেই! এমন বাজে শুরু কাঁধে নিয়ে নামা টেন্ডুলকার প্রথম চার বলেই মারলেন ৩টি চার। পাড়ার উঠতি ছোকরাদের যেমন বড় ভাইয়েরা শাসন করে কান মলে দেয়, প্যাটিনসনকে যেন তেমনিই মৃদু ধমকে দিলেন। সকালের এই সূর্যটা সারা দিনে আর কখনোই মেঘের আড়ালে যায়নি। অনেক দিন পর টেন্ডুলকারকে টেন্ডুলকারের মতো লাগল। দিন শেষ করে ফিরেছেন ৭১ রানে অপরাজিত থেকে। সেঞ্চুরির জন্য দুই বছরের অপেক্ষার অবসান তাঁর প্রিয়তম মাঠগুলোর একটিতে হবে কি না তা আজই দেখা যাবে। তবে প্যাটিনসনের দাপটের পরও চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনটা অস্ট্রেলিয়ার হতে দিলেন না টেন্ডুলকার। ভালো সঙ্গ দিলেন তাঁকে চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। ৮৪ বলে ৫০ করা কোহলি এখনো টেন্ডুলকারের সঙ্গে আছেন বলেই অস্ট্রেলিয়ার ১৯৮ রানে এগিয়ে থাকাটাও নাগালের বাইরে মনে করছে না ভারত।৭ উইকেটে ৩১৬ রান নিয়ে প্রথম দিন শেষ করা অস্ট্রেলিয়া শেষ ৩ উইকেটে কাল আরও ৬৪ রান যোগ করেছে। পিটার সিডলকে নিয়ে অষ্টম উইকেটে ৫৪ রানের জুটি গড়ে ধোনির দুশ্চিন্তা বাড়িয়েছেন মাইকেল ক্লার্ক। কালও একবার ক্যাচ দিয়ে বেঁচেও ক্লার্ক বেশিক্ষণ টেকেননি। শেষ পর্যন্ত জাদেজার বলেই ফিরেছেন ক্লার্ক। সিডলকে ফিরিয়ে অবশেষে একটা উইকেটের মুখ দেখেছেন হরভজন। আর লায়নকে ফিরিয়ে শুধু অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সমাপ্তিই টানেননি, নিজের ক্যারিয়ার-সেরা বোলিংয়ের রেকর্ডটা নতুন করে লিখিয়েছেন অশ্বিন। ১০৩ রানে ৭ উইকেট, তার পরও দিনের সবটুকু আলো টেন্ডুলকারের ওপর।৩টি চার মেরে শুরু করা মানেই কিন্তু ভয়ানক বিস্ফোরক ছিলেন, এমন নয়। টেন্ডুলকার বরং পরিস্থিতির দাবি মেনে গত ১৪ ইনিংসে করেছেন তাঁর দ্বিতীয় ফিফটি। ভেঙেচুরে যাওয়া উইকেটের ‘দাবি’ও মেনেছেন। ৮০ বলে পঞ্চাশ পূর্ণ করার সময়ও যেমন তাঁর নামের পাশে চারটি চার। সারা দিনে আর চার মেরেছেন দুটি। বাজেভাবে শুরু করা দলকে উদ্ধার করেছেন পূজারার সঙ্গে ৯৩ রানের জুটি গড়ে। পূজারা প্যাটিনসনের তৃতীয় শিকার হওয়ার পর কোহলির সঙ্গে গড়া তাঁর জুটিটা ৭৭ রানে অবিচ্ছিন্ন। ওয়েবসাইট, স্টার স্পোর্টস।