ইউরোপের শীর্ষ চারটি লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে ৪০ গোলের কৃতিত্ব এখন রোনালদোর!
এই তো রোনালদোর রিয়াল
মনে হচ্ছিল, তিনি যেন অর্জুন, যিনি লক্ষ্যভেদ করতে পারেন তিরের অব্যর্থ নিশানায়। পরশু ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো ‘অর্জুন’ হয়ে দেখা দিলেন দুবার। প্রথমবার ২৫ মিনিটে, ৩০ গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত ফ্রি-কিকে। এরপর ৬৮ মিনিটে ২৫ গজ দূর থেকে আরও একটি লক্ষ্যভেদী শটে গেঁথে ফেললেন চোখ রাঙাতে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদকে। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে শেষ করে দিলেন ম্যাচ, লিওনেল মেসিকে পেরিয়ে গিয়ে করে ফেললেন লিগের ৪০তম গোল। হয়ে গেল ইতিহাসও। ইউরোপের শীর্ষ চারটি লিগের ইতিহাসে এই প্রথম টানা দুই মৌসুমে ৪০ গোলের কৃতিত্ব লেখা হলো কারও নামের পাশে। মৌসুমে সপ্তম হ্যাটট্রিক করা রোনালদোর রাতটা আরও স্মরণীয় হয়ে থাকল ৮৭ মিনিটে, হোসে মারিয়া ক্যালেয়নকে দিয়ে গোল করিয়ে। নগরপ্রতিদ্বন্দ্বীদের ৪-১ গোল উড়িয়ে দিয়ে বার্সেলোনাকেও বার্তা পাঠাল রিয়াল। পয়েন্টের ব্যবধানটি নিয়ে গেল চারে। যেটি একে নেমে আটসাঁট ফাঁস হয়ে আটকে বসেছিল রিয়ালের গলায়। মনে হচ্ছিল, হয়তো সেই চাপের ফায়দা নেবে নিজেদের মাঠে খেলা অ্যাটলেটিকো। প্রথমার্ধে করা রোনালদোর একমাত্র গোলটি দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় শোধও করে দিয়েছিলেন রাদামেল ফ্যালকাও। লোভাতুর অ্যাটলেটিকো আরেকটি গোলের ধান্দা করতেই সর্বনাশ। রোনালদোর দ্বিতীয় গোলটি মানসিকভাবেই ধাক্কা দেয় অ্যাটলেটিকোকে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ডিয়েগো সিমিওনের দল।পারার কথাও নয়। রাতটা যে নিজের বানানোর পণ করে নেমেছিলেন অ্যাটলেটিকোর বিপক্ষে প্রথম ম্যাচেও হ্যাটট্রিক করা রোনালদো। পরশু ম্যাচ দিয়ে নিজেই নিজের রেকর্ডটা ভেঙে দেওয়ার দোরগোড়ায় নিয়ে গেলেন এই পর্তুগিজ উইঙ্গার। গতবার স্প্যানিশ লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৪০ গোল করেছিলেন। ম্যাচের আগে মেসির চেয়ে দুই গোলে পিছিয়ে থাকা রোনালদো এখন মেসির চেয়ে এক গোলে এগিয়ে। রিয়াল-বার্সার মতো দারুণ জমে এই দুজনের গোলের দ্বৈরথও। ২১ এপ্রিলের এল ক্লাসিকোর মহড়াই যেন করে নিচ্ছেন দুজন। বলে রাখা ভালো, আগের ম্যাচে বার্সাও প্রতিপক্ষের জালে জড়িয়েছিল এই এক হালি গোল।ম্যাচের নায়ক রোনালদো এদিন ম্যাচ শেষে নির্দ্বিধায় স্বীকার করেছেন, বার্সা আসলেই চাপে ফেলে দিয়েছিল তাঁদের, ‘আমরা একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম বার্সা জেতায়। কারণ আমরা জানতাম, এই ম্যাচে আমাদের জিততেই হবে। দল জেতায় আমি ভীষণ খুশি। আরও খুশি একটা গোল করাতে পেরে। আমাদের এভাবেই এগিয়ে যেতে হবে। লিগে আমাদের এখনো খানিকটা পথ পেরোতে হবে। অবশ্য এটা ঠিক, শিরোপার অনেক কাছাকাছি পৌঁছে গেছি আমরা।’ একসময়ের স্বার্থপর-আত্মকেন্দ্রিক, সতীর্থের গোল-উদ্যাপনেও অনীহ রোনালদো নিজের কথাই বললেন না। তার দরকারও নেই। সতীর্থরাই যে সেটা পুষিয়ে দিচ্ছেন। সার্জিও রামোস বলেছেন, ‘ও-ই বিশ্বের সেরা খেলোয়াড়। ওর সঙ্গে প্রতিদিন অনুশীলন করতে পারা, একই দলে খেলাটা সৌভাগ্যের ব্যাপার।’ ক্যালেয়নের বক্তব্য, ‘রোনালদোই আমার দৃষ্টিতে বিশ্বের সেরা। ও যা করতে পারে, তা আর কারও পক্ষে সম্ভব নয়।’ এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।