বহুদিন পর আবারও সেই পুরোনো চেহারায় ফার্নান্দো তোরেস। আবারও স্প্যানিশদের পায়ে ছন্দময় জাদুকরি ফুটবল। দুইয়ের যুগলবন্দীতে আয়ারল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপ শীর্ষে উঠে গেল স্পেন। টানা দ্বিতীয় হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল আইরিশরা। টিকে থাকতে আইরিশদের প্রয়োজন ছিল অন্তত একটা পয়েন্ট। কিন্তু তোরেস যে জ্বলে ওঠার জন্য বেছে নিলেন এ ম্যাচটিকেই। প্রথম ম্যাচের পর বলেছিলেন, ‘আস্থা রাখুন, গোল আসছে।’ একটি নয়, উপহার দিলেন এক জোড়া গোল। প্রথম ম্যাচে কিছুটা অগোছালো ফুটবলের জন্য স্পেনের ফুটবল নিয়ে কতই না কথা চারদিকে। পরশু আবার জাভি-ইনিয়েস্তা-সিলভাদের সেই নান্দনিক বোঝাপড়া। অসহায় আইরিশদের কী-ই বা করার ছিল! ম্যাচ শেষে আইরিশ মিডফিল্ডার কিথ অ্যান্ড্রুজের কণ্ঠে অসহায়ত্ব, ‘সংশয়াতীতভাবে বলতে পারি, আমার ক্যারিয়ারে মুখোমুখি হওয়া সেরা দল স্পেন। বেশির ভাগ সময় আমরা শুধু ওদের ছায়ার পেছনে ছুটোছুটি করলাম, এমনকি ছায়ার কাছাকাছিও যেতে পারলাম না।’তোরেসের দুটি গোলেই ছিল সেরা ফর্মের তোরেসের ছোঁয়া—সেই ক্ষিপ্রগতি আর নিখুঁত ফিনিশিং। প্রথম ম্যাচের ‘ভুল’ দ্রুতই শুধরে নিয়েছিলেন ভিসেন্তে দেল বস্ক। স্ট্রাইকার ছাড়া একাদশ সাজানোয় কম কথা শুনতে হয়নি স্পেন কোচকে। পরশু একাদশে রাখলেন তোরেসকে, ইতালির বিপক্ষে গোল করা সেস ফ্যাব্রিগাসকে বসিয়ে। প্রতিদান দিতে তোরেসের লাগল মাত্র ৪ মিনিট। ইনিয়েস্তার পাস বক্সের মাথায় খুঁজে পেয়েছিল ডেভিড সিলভাকে। আইরিশ ডিফেন্ডার রিচার্ড ডান সিলভার কাছ থেকে বল কেড়ে নিলেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। পেছন থেকে চিতার ক্ষিপ্রতায় ছুটে এসে তোরেস গুলির বেগে বল পাঠিয়ে দিলেন আইরিশ গোলকিপার শে গিভেনের মাথার ওপর দিয়ে!প্রথমার্ধে অবশ্য স্কোরলাইনে ম্যাচের প্রতিফলন পুরোপুরি ছিল না। আক্রমণের স্রোত বইয়ে দিয়েও আর গোল পায়নি স্পেন। লা রোজারা সেই আক্ষেপটুকু মুছে দিয়েছে দ্বিতীয়ার্ধে। এ অর্ধেও গোল সেই ৪ মিনিটেই। বক্সের মাথা থেকে নেওয়া ইনিয়েস্তার গোলা গিভেন ফিরিয়ে দিলে বল পেয়ে যান সিলভা। লাইন করে দাঁড়ানো তিন আইরিশ ডিফেন্ডার গোলমুখ আড়াল করলেও ঠান্ডা মাথায় বাঁ পায়ের আলতো টোকায় বল জালে জড়ান ম্যান সিটি প্লে-মেকার তোরেসের দ্বিতীয় গোল আসে ৭০ মিনিটে। সিলভার পাস পেয়ে তীব্র গতিতে রিচার্ড ডানকে ছিটকে আগুয়ান গিভেনের ডান পাশ দিয়ে জড়িয়ে দেন জালে। ৩০ গোল নিয়ে ‘এল নিনো’ এখন দেশের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা, পেছনে ফেললেন সাবেক অধিনায়ক ফার্নান্দো হিয়েরোকে। হ্যাটট্রিকের সুযোগ পাননি তোরেস, তবে তাঁর বদলি নেমে স্পেনের ষোলকলা পূর্ণ করেছেন ফ্যাব্রিগাস। ৭৫ মিনিটে বক্সের ভেতর দুরূহ কোণ থেকে গোল করেছেন তীব্র গতির শটে।শতকরা ৬৬ ভাগ বল দখলে রাখা, গোলে ২৬টি শট, সাড়ে সাত শর বেশি পাস—ম্যাচে স্পেনের আধিপত্য বোঝাতে এসব পরিসংখ্যানও যথেষ্ট নয়। গোল হতে পারত এমনকি আরও ৪-৫টি। অ্যান্ড্রুস যেমন বলেছেন, আক্ষরিক অর্থেই ছায়ার পেছনে ছুটতে হয়েছে আইরিশদের। নিজেদের ব্যর্থতায় হতাশ আইরিশ কোচ জিওভান্নি ত্রাপাত্তোনি সান্ত্বনা খুঁজছেন স্প্যানিশ সৌন্দর্যে, ‘স্পেন এক অর্কেস্ট্রার মতো খেলে, শক্তির ব্যবহার খুব বেশি করে না...এমনকি চোখ বন্ধ করেও খেলতে পারে ওরা।’চাইলে উপেক্ষার জবাব মুখেও দিতে পারতেন। তবে তোরেসের কণ্ঠে দলের জয়গান, ‘জানি, বিশ্বের সেরা দলে খেলছি। এমন একটা দলের বেঞ্চে বসে থাকায় হতাশার কিছু নেই। প্রথম ম্যাচে ড্রয়ের পর জয়টা আমাদের প্রয়োজন ছিল, আজ (পরশু) গোটা দলই অসাধারণ খেলেছে।’ এএফপি, রয়টার্স।