এই না হলে বিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাশয়/মহোদয়া,জেনে আনন্দিত হবেন, অনেক জল ঘোলা শেষে আমাদের কন্যা সানিয়ার সঙ্গে সীমান্তের ওপারের সুদর্শন কিন্তু বিতর্কের বেড়াজালে বন্দী শোয়েবের বিয়ের দিনক্ষণ নিশ্চিত হয়েছে। এই বিয়েতে কোনো রকম গোলমাল হবে না বলে আমরা আশাবাদী। তার পরও নিজ নিজ সুরক্ষার কথা সবাইকে বিবেচনা করতে হবে। বিয়ের কোনো উপহার আনতে ভুললেও আত্মরক্ষার ঢাল-তলোয়ার আনতে যেন ভুলবেন না!নিবেদকসানিয়া মির্জার বাবা ও মাবুঝতেই পারছেন এতক্ষণ সানিয়া মির্জা আর শোয়েব মালিকের বিয়ের নিমন্ত্রণপত্র পড়ছিলেন। এবং এটাও বুঝে নিতে কষ্ট হওয়ার কথা নয়, এই পত্র নেহাতই কল্পনাপ্রসূত!কারও বিয়ে নিয়ে ঠাট্টা-তামাশা করা সভ্য সমাজের কাজ না। বিয়ে নিতান্তই আবেগের ব্যাপার। স্বর্গীয় বন্ধনে জড়ানো দুটি হূদয় এবং একই সঙ্গে দুটি পরিবারেরও। এখানে জড়িয়ে যাওয়ার অপেক্ষায় বিবদমান দুটো রাষ্ট্রও। কিন্তু যে বিয়ে হতে পারত ভারত-পাকিস্তানের সম্পর্কের মোড় ঘুরিয়ে দেওয়া এক উপলক্ষ, সেটা নিয়েই কত উটকো ঝামেলা!এখন তো সেটি কারও কারও কাছে হাস্যরসের উপলক্ষও। হবে না কেন? বিয়ের দিনকয় আগে হবু বর-বধূকে থানা-হাজত আর সাংবাদিকের দঙ্গলের মাঝখানে ঘুরে বেড়াতে দেখেছেন?একটা বিয়ে নিয়ে যত রকম ঝামেলা হওয়া সম্ভব, তার সবই হয়েছে। হচ্ছে। এবং যা কল্পনাও করা দুষ্কর, সেসব ঘটনাও যোগ করছে নিত্যনতুন মাত্রা। এই যেমন এই ইস্যুতে জড়িয়ে পড়েছে বেসরকারি মানবাধিকার সংস্থাগুলো। নারীবাদী সংস্থাগুলো যেমন মালিককে দেখে নেওয়ার হুঙ্কার দিচ্ছে; তেমনি নির্যাতিত স্বামীদের নিয়ে কাজ করে এমন সংস্থা বলছে, অসহায় মালিকের পাশে তারা আছে। শুধু এনজিওগুলো? জড়িয়ে পড়েছেন জ্যোতিষীরাও! সুনিতা মেনন নামের এক জ্যোতিষী বলছেন, ‘আমি তো আগেই বলেছিলাম এই সম্পর্কটাকে অনেক ফাঁড়ার ভেতর দিয়ে যেতে হবে। সামনে আরও কঠিন পথ।’ সংখ্যা যোগটোগ করে ভাগ্য বাতলে দেন এমন একজন বলছেন, সানিয়ার নাম যোগ করলে হয় ২৬। আর এই ২৬-এর ওপর শনিগ্রহের প্রীতি নাকি অন্য রকম।এবার আপনিই তালিকা করতে বসুন, কী কী যোগ হলো সানিয়া-মালিকের বিয়ের সঙ্গে: রাজনীতি, রাষ্ট্রনীতি, এনজিও, জ্যোতিষবিদ্যা, চিকিৎসাবিদ্যা, থানা-পুলিশ, আইন, কোর্ট-কাচারি, পাসপোর্ট জব্দ...কেবল অর্থনীতিটাই বোধহয় বাকি। নাকি সে-ও যোগ হয়ে গেছে। কারণ বিশ্বজুড়ে মিডিয়ার নজরকাড়া এই বিয়েকে পুঁজি করে নিজেদের প্রচারণা চালাতে হবু বর-বধূকে নাকি বিনা মূল্যে মধুচন্দ্রিমার প্রস্তাবও দিচ্ছে পাঁচতারকা হোটেলগুলো!ঘটনার জট পাকিয়ে তোলা কেন্দ্রীয় চরিত্র এখনো কিন্তু আড়ালেই। সিনেমার শেষ দৃশ্যে আবির্ভূত হওয়ার ইচ্ছে বুঝি তাঁর। কারণ মালিকের ‘আয়েশা কোথায়? ও কেন সামনে আসে না’ প্রশ্নের জবাবে হায়দরাবাদেরই এই তরুণী জানিয়ে দিয়েছেন, তিনি যথাসময়ে হাজির হবেন।এদিকে সকালে খবর পাওয়া গেল, বিয়েটা পিছিয়ে দেওয়া হচ্ছে। দুপুরে আবার খবর আসে, বিয়ে ঠিক সময়েই হবে। আফ্রিদিরা সীমান্তের ওপার থেকে সতীর্থকে সাহস দিচ্ছেন, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। শোয়েব যেন কোনো ম্যাচের গুরুত্বপূর্ণ শেষ ওভারে ব্যাট করছেন। শেষ বলে দরকার ছক্কা! ওদিকে ভারতের একজন প্রভাবশালী মন্ত্রী আবার মন্তব্য করেছেন, ‘মিয়া-বিবি রাজি তো ক্যায়া করেগা কাজি?’ সব মিলে নাটুকেপনার চূড়ান্ত। এরই মধ্যে অপহরণ-টরন জাতীয় কিছু হয়নি সেটাই বাঁচোয়া! নাকি সামনে অপেক্ষা করছে সেই নাটক?রোজ রোজ খেলার পাতায় খেলা-বহির্ভূত খবরে পাতার বিশাল অংশ বরাদ্দ দেখে যদি বিরক্ত হন, মাফ করবেন, বলতেই হচ্ছে, আপনি মানুষটা বড্ড বেরসিক। যা হচ্ছে তার চেয়ে জমজমাট ‘খেলা’ তো ভাই আইপিএলও দিতে পারবে না!