এই পেশাদার লিগ কেউ চায়নি!
একটা স্বপ্ন ছিল। ছিল অনেক আশা। পেশাদার ফুটবল লিগ দেশের ফুটবলে পরিবর্তন আনবে। কিন্তু সেই আশায় গুড়ে বালি। এই লিগ ক্রমেই আকর্ষণ হারিয়ে ধুঁকতে শুরু করেছে। লিগটা দেশের ফুটবল মহলে সাড়াই ফেলতে পারল না।দর্শকদের কাছে তো নয়-ই। আর সব ম্যাচের কথা বাদই দেওয়া গেল, দিনকয়েক আগে আবাহনী-মোহামেডান ম্যাচে দর্শক ছিল মেরেকেটে ৫-৬ হাজার। দুই প্রধানের খেলায় সাম্প্রতিক সময়ে এত কম দর্শক আর হয়নি। মাঠের খেলায়ও ছিল না প্রতিদ্বন্দ্বিতা। নিম্নমানের ওই ম্যাচের পর পেশাদার লিগ নিয়ে এখন চূড়ান্ত হতাশা ফুটবল অঙ্গনে।পেশাদারি কী জিনিস, এই লিগ এখনো তা দেখেনি। মুখেই পেশাদারি, কিন্তু কোথাও এর কোনো চর্চা নেই। প্রথম দুবার যেনতেনভাবে লিগ শেষ করার পর আশা ছিল, তৃতীয় লিগে কিছুটা হলেও পরিবর্তন আসবে। আসেনি। বরং গত পরশু শেষ হওয়া লিগের প্রথম পর্ব শেষে অনেকেই বলে দিচ্ছেন, ‘আগের চেয়েও খারাপ হয়েছে লিগ!’বারবার বিরতি দিয়ে পাঁচ মাসে মাত্র প্রথম পর্ব শেষ হয়েছে। এই বিরতিই লিগের সর্বনাশ করেছে বলে মনে করেন আবাহনীর কোচ অমলেশ সেন, ‘বারবার বিরতি ছিল লিগে। এ কারণে ছন্দ হারিয়েছে। প্রথম পর্বটা যেভাবেই হোক হয়েছে, তবে এটার কোনো আকর্ষণ ছিল না। বিরতিতে খেলোয়াড়দের অসুবিধা হয়। এ অবস্থায় আপনি ভালো খেলা কীভাবে আশা করেন?’‘এটা নামেই পেশাদার লিগ। খেলতে হচ্ছে...খেলছি। পেশাদার লিগে যে ধরনের মানসিকতা থাকা দরকার, এখানে সেটা নেই। প্রথম দিকে কিছুটা উদ্দীপনা ছিল, কিন্তু বারবার বিরতি পড়ায় খেলোয়াড়েরা বাধ্য হয়ে খেলার জন্য খেলছেন’—এর পরই আসল কথাটা বলে দিলেন অমলেশ, ‘লিগে কোনো উন্নতিই হয়নি। ঢাকার বাইরের ভেন্যুগুলোর কোনো মান নেই। খেলা চলছে ঠেলে ঠুলে...। এই লিগ আমরা চাইনি।’মাঠ একটা বড় সমস্যা। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম ভালোই আছে, কমলাপুরেও খেলা হতে পারে। কিন্তু ঢাকার বাইরের মাঠগুলোর অবস্থা যাচ্ছেতাই। এত দিনেও মাঠের ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।মাঠের দুরবস্থাই লিগের সবচেয়ে ‘ক্ষতিকর’ দিক বলে মনে করেন জাতীয় দলের অধিনায়ক মোহামেডান গোলরক্ষক আমিনুল, ‘চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জের মাঠ ভালো না। ঘাস নেই, ন্যাড়া—ওখানে পাইওনিয়ার লিগও হতে পারে না। ভালো ফুটবলের জন্য ভালো মাঠ দরকার, কিন্তু ঢাকার বাইরে যেসব মাঠে খেলা হচ্ছে, তাতে এই ফুটবল খেলে আসলে কোনো লাভ নেই।’‘লাভ-লোকসানের হিসাব মেলাতে গিয়ে পেশাদার লিগে ভালো কিছু চোখে পড়ছে না মোহামেডান কোচ মারুফুল হকের, ‘এটা পেশাদার লিগও না, অ্যামেচার লিগও না। মাঝামাঝি। মাঝামাঝি কিছু ভালো না। আগের ঢাকা লিগই ভালো ছিল।’‘ভেন্যুগুলো দেখার কেউ নেই। টিমগুলোর ওপর ছেড়ে দেওয়া হয়েছে। কেউ মনিটর করে না। ফেডারেশনের কোনো প্রোগ্রাম নেই। ৭ দিন আগেও জানে না কবে খেলা। ৯০ শতাংশ ক্লাবের পেমেন্ট সিস্টেম ভালো না। স্বল্প ও দীর্ঘ মেয়াদে পরিকল্পনা নেই। দ্বিতীয় দল নেই ক্লাবগুলোর। এগুলো ফেডারেশনের দেখার দায়িত্ব, তারা তো দেখছে না’—আরও বলেছেন মারুফুল। দলগুলোর ধারাবাহিকতার অভাব একটা বড় সমস্যা। এক ম্যাচে ভালো, আরেক ম্যাচে খারাপ। পেশাদার লিগ নিয়মিত দেখা কোচ সাইফুল বারী বলছেন, ‘উপভোগ্য ম্যাচ হচ্ছে না। খেলায় সৌন্দর্যও নেই। এটা একটা বিরাট সমস্যা।’তারকা ফুটবলার নেই। যাঁরা আছেন, তাঁরাও ধারাবাহিকভাবে ভালো খেলতে পারেন না। আবাহনী-মোহামেডান ম্যাচ দেখে সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলামকে তাই দুঃখ করে বলতে হয়, কার খেলা দেখতে লোক মাঠে আসবে?’ ইমতিয়াজ সুলতান কাল এই কথাটাই বললেন বারবার, কোয়ালিটি খেলোয়াড়ের অনেক অভাব। যে কারণে আজকের এই অবস্থা।’পেশাদার লিগের ম্যানেজার আবু নাঈম ফাইলপত্র নিয়ে পড়ে থাকেন সারা দিন। নিয়মনীতির কঠোর প্রয়োগই করে যাচ্ছেন। কিন্তু সবই কাগজে-কলমে। লিগ নিয়ে বাফুফে আসলে উদাসীন। নাঈম যদিও বলছেন, ‘আমরা তো আমাদের চেষ্টা করে যাচ্ছি! ক্লাবেরই তো দায়িত্ব বেশি।’