এই প্রথম ফেদেরার-নাদাল!

ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডের খেলায় গত রাতে জয় পেয়েছেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। ফ্রান্সের আদ্রিয়ান মানারিনোকে ৬-৩, ৬-০, ৬-২ গেমে হারিয়েছেন সুইস তারকা ফেদেরার। সহজ জয় পেয়েছেন নাদালও। ক্রোয়েশিয়ার ইভান ডডিগকে ৬-৪, ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন স্প্যানিশ তারকা। সামনে চতুর্থ রাউন্ডের খেলা। তবে এর আগেই শুরু হয়ে গেছে কোয়ার্টার ফাইনাল নিয়ে আলোচনা। চতুর্থ রাউন্ডে জিতলেই যে কোয়ার্টার ফাইনালে একে অন্যের মুখোমুখি হবেন টেনিসের সাবেক দুই ‘নাম্বার ওয়ান’।
ক্যারিয়ারে বহুবারই একে অন্যের মুখোমুখি হয়েছেন ফেদেরার ও নাদাল। সেদিক থেকে তাঁদের কোয়ার্টার ফাইনাল নিয়ে এত বেশি কথা হওয়ার কিছু নেই। কিন্তু সম্ভাব্য ম্যাচটার গুরুত্ব আলাদা। এর আগে যে কখনোই বছরের শেষ গ্র্যান্ড স্লাম লড়াইয়ে একে অন্যের মুখোমুখি হননি তাঁরা!
ইউএস ওপেনের পাঁচবারের চ্যাম্পিয়ন ফেদেরার। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা পাঁচটি আসরের শিরোপাই জেতেন এই সুইস তারকা। ক্যারিয়ারে একবারই কেবল এখানে শিরোপার দেখা পেয়েছেন স্প্যানিশ তারকা নাদাল, সেটা ২০১০ সালে।
প্রতিবছরই ইউএস ওপেনের আসর বসে, প্রতিবারই উঠে আসে একটি প্রশ্ন—এবার কি দেখা হবে ফেদেরার-নাদালের? নিউইয়র্কে দুজনের লড়াই দেখার সৌভাগ্যটা এখন পর্যন্ত হয়নি টেনিসপ্রেমীদের। সেই প্রতীক্ষার অবসান ঘটতে পারে আগামী সপ্তাহেই। সেটা হতে গেলে চতুর্থ রাউন্ডের খেলায় জয় পেতে হবে দুজনকেই।
ভক্তদের কাছে ব্যাপারটা অবশ্যই বিশেষ কিছু। কিন্তু যাঁদের নিয়ে এত আলোচনা, তাঁরা ম্যাচটি নিয়ে কী ভাবছেন? এখন পর্যন্ত ১২টি গ্র্যান্ড স্লামজয়ী নাদালের মনোভাব জানা যায়নি। ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার এটাকে অন্যসব ম্যাচের মতো করেই দেখছেন, ‘আমাদের ম্যাচ নিয়ে ক্যারিয়ারজুড়েই কথাবার্তা শুনে এসেছি আমি। কখনো প্রতিযোগিতা চলার সময়, এমনকি প্রতিযোগিতা শুরুর আগেও আমাদের নিয়ে কথা হয়েছে। এ ব্যাপারটায় আমরা অভ্যস্ত। আমরা জানি, কীভাবে এটাকে সামলাতে হয়। স্পষ্টতই আমার ধারণা, নিউইয়র্কে এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছি আমরা। দুজনেও এমন কিছুই আশা করছি।’ সূত্র: রয়টার্স।