এই বছরই ভারত-পাকিস্তান সিরিজ!
দীর্ঘদিন পর বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথটার পর আবারও নতুন সম্পর্কের সূচনা হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের ক্রিকেট অঙ্গনে। এই বছরই অন্তত তিন ম্যাচের একটা সিরিজ অনুষ্ঠানের ব্যাপারে কথাবার্তা বলছেন দুই দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। পাকিস্তানের দৈনিক ‘দ্য নিউজ’-এর বরাত দিয়ে আজ এই সংবাদ জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি মোহালিতে ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ সেমিফাইনালটি দেখতে গিয়েই এ-বিষয়ক কথাবার্তার সূত্রপাত ঘটান। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা আবার ভারতের সঙ্গে ক্রিকেট খেলতে চাই। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যেই আলাপ আলোচনা চলছে। তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।’তবে এ বছর দুই দেশের ক্রিকেটারদেরই খুব ব্যস্ত সময় কাটাতে হবে। এর মধ্যে হয়তো ১০-১২ দিনের একটা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনের কথাই ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির প্রধান অপারেটিং অফিসার সোবহান আহমেদ ‘দ্য নিউজ’ পত্রিকাকে বলেছেন, ‘আইসিসির নির্ধারিত সফর পরিকল্পনার ভেতরে আলাদা একটা সিরিজের সময় বের করা খুব কঠিন। যদিও আমরা এই বছরই ভারত-পাকিস্তানের একটা সিরিজ আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করব।’ তবে এখনো এই সিরিজটা কোথায় আয়োজিত হবে, সে ব্যাপারে কোনো ধারণা দিতে পারেননি সোবহান আহমেদ।